গুড়বেড়িয়া বললে, বোস সায়েব আমার জন্যে কিছুই করছেন না। অথচ অত রাত্রে এই ছাদের উপর সায়েবকে নিয়ে এসে তুললেন। প্রথমে, আমার তো ভয় হয়ে গিয়েছিল। উধারের তিনটে ঘরে ল্যাংটা মেমসায়েবরা তখন ঘুমোচ্ছেন। বোস সায়েব সঙ্গে না থাকলে, উ সায়েবকে আমি সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিতাম—মার্কাপালা সায়েবের স্ট্রিকট অর্ডার আছে।
গুড়বেড়িয়ার কাছে আমি অনেক নতুন কথা শিখেছি। মার্কোপোলো সায়েবকে ও মার্কাপালা সায়েব বলে। ক্যাবারে পার্টির বিদেশিনীদের কে যে ল্যাংটা মেমসায়েব নামকরণ করেছে, তা জানি না।
গুড়বেড়িয়ার নিজের নামটির উৎপত্তিও গভীর রহস্যে আবৃত। বোসদা বলেন, ওদের কোনো পিতৃপুরুষ নিশ্চয়ই উলুবেড়িয়াতে গিয়ে গুড় খেয়ে এই নামটি সৃষ্টি করেছিলেন। গুড়বেড়িয়ার সামনেই তিনি নিজের এই ঐতিহাসিক সন্দেহ প্রকাশ করেছিলেন। গুড়বেড়িয়া তীব্র আপত্তি জানিয়েছিল। প্রথমত, সে বা তার বাবা তেলেভাজা খেতে ভালোবাসে; তাদের কেউই গুড়ের ভক্ত নয়। দ্বিতীয়ত, তাদের বংশধর কেউ কখনও উলুবেড়িয়ার ধারে কাছে যায়নি। তাদের যা কিছু কাজকারবার সব এই কলকাতার সঙ্গে। বিশেষ করে কলকাতার পানীয় জল সরবরাহ সমস্যার সঙ্গে তারা বহুদিন জড়িত। জ্যাঠামশায় কর্পোরেশনের জলের পাইপ সারাতেন। বাবাও শাজাহান হোটেলের হোল-টাইম জল-মিস্ত্রি ছিলেন। কিন্তু টেকনিক্যাল হ্যান্ড হয়েও ওয়েটারদের থেকে কম রোজগার করবার জন্য তিনি সারাজীবন আফসোস করে গিয়েছেন। ওরা যা মাইনে পায়, তার ঢের বেশি পায় বকশিশ। দূরদর্শী গুড়বেড়িয়া-পিতা তাই ছেলেকে কলের কাজে না ঢুকিয়ে সোজা হোটেলের চাকরিতে ঢুকিয়েছিলেন।
কিন্তু কপাল। নইলে, হুজুর, আমার ছাদে ডিউটি পড়বে কেন? গুড়বেড়িয়া বলল।
আমি বললাম, ছাদেও তো গেস্ট আসতে আরম্ভ করেছে, তোমার কপাল তো খুলে গেল।
গুড়বেড়িয়ার মুখ আশার আলোকে প্রসন্ন হয়ে উঠল। বোস সায়েব তা হলে ওর মঙ্গলের জন্যই, ওই সায়েবকে তিনশো সত্তর নম্বর ঘরে নিয়ে এসে তুলেছেন।
গুড়বেড়িয়াকে জিজ্ঞাসা করলাম, বোস সায়েব কি ঘুমিয়ে পড়েছেন?
হ্যাঁ, হুজুর। তবে আজ আর বারোটা পর্যন্ত ঘুমোবেন না। কোথায় বোধহয় যাবেন। আমাকে একটু পরেই চা দিয়ে তুলে দিতে বলেছেন।
আমি বললাম, ঠিক আছে, ভালোই হলো। ওঁর সঙ্গে দেখা হয়ে যাবে।
গুড়বেড়িয়া এবার তার পাথর-চাপা ভাগ্যের কথা নিবেদন করতে শুরু করল। বোস সায়েব নিশ্চয় তেমন করে বলেননি। না হলে পরবাসীয়ার সাহস কি মেয়েটাকে কফি হাউসের কালিন্দীর হাতে দেবার কথা ভাবে?
আমি চুপচাপ শুয়ে শুয়ে চা খাচ্ছিলাম। কোনোরকম হা, না বলিনি। গুড়বেড়িয়া কিন্তু আমার নীরবতায় নিরুৎসাহ না হয়ে জিজ্ঞাসা করলে, হুজুর, শাজাহান হোটেলের থেকে ভালো হোটেল আর দুনিয়ায় আছে?
আমি বললাম, দুনিয়াটা যে মস্ত বড়।
গুড়বেড়িয়া আমার উত্তরে অসন্তুষ্ট হয়ে বললে, হুজুর, কোথায় কফি হাউস আর কোথায় শাজাহান হোটেল!
বললাম, তা বটে। কিন্তু শাজাহান কে জানিস?
গুড়বেড়িয়া বললে, পড়া লিখি করিনি বলে কি কিছুই জানি না। উনি মস্ত বড়ো লোকো ছিলেন, দুটো হোটেল বানিয়ে লাখো লাখ টাকা করেছেন। একটা বোম্বেতে আপন পরিবারের নামে—তাজমহল, আর এই কলকাতায় নিজের নামে শাজাহান।
হাসতে হাসতে আমার পেটে খিল ধরে যাবার অবস্থা। বললাম, যা আমাকে বললি বললি, আর কাউকে বলিস না। তাজ হোটেল যিনি তৈরি করেছিলেন, তার নাম জামসেদজি টাটাও তো সেদিনের ব্যাপার; আর আমরা হলাম বনেদি ঘর—আমাদের এই হোটেলের মালিক ছিলেন সিম্পসন সায়েব।
ও ব্যাপারে মোটেই আগ্রহ প্রকাশ না করে, গুড়বেড়িয়া জিজ্ঞেস করলে, তাজ হোটেলে বকশিশ হিজ-হিজ-হুজ-হুজ, না, যা ওঠে তা সবাই সমান ভাগ করে নেয়?
আমি বললম, বাবা, তা তো আমার জানা নেই।
গুড়বেড়িয়া কোথা থেকে খবর পেয়েছে, অনেক বড়ো বড়ো হোটেলে নাকি বকশিশ বিলের সঙ্গে ধরে নেওয়া হয়। তারপর প্রতি সপ্তাহে তা সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়। তেমন ব্যবস্থা যে একদিন শাজাহান হোটেলেও চালু হবে, সে সম্বন্ধে তার কোনো সন্দেহ নেই। তখন? গুড়বেড়িয়া প্রশ্ন করলে।
কফি হাউসের কালিন্দী আজ না-হয় চার পয়সা, ছপয়সা করে কুড়িয়ে কুড়িয়ে ওর থেকে বেশি রোজগার করছে। কিন্তু শাজাহান হোটেলে সবাই যখন বকশিশের সমান ভাগ পাবে, তখন পরবাসীয়াকে আঙুল কামড়াতে হবে। মেয়েটাকে সে যে আরও ভালো পাত্রের হাতে দিতে পারত, তখন বুঝতে পারবে।
গুড়বেড়িয়ার লেকচারের তোড়ে এই সকালেই ক্লান্ত হয়ে পড়েছিলাম। আরও কতক্ষণ ওর দুঃখের পাঁচালি শুনতে হবে বুঝতে পারছিলাম না। কিন্তু ঠিক সেই সময়েই পাশের ঘরের অ্যালার্ম ঘড়িটা বাজতে আরম্ভ করল। গুড়বেড়িয়া বললে, এখনই বোস সায়েবকে জাগিয়ে দিতে হবে।
আমার চায়ের কাপটা তুলে নিতে নিতে সে শেষবারের মতো আবেদন করলে—এখনও সময় আছে। আমরা এখনও যদি পরবাসীয়াকে বোঝাতে পারি, কত বড় ভুল সে করতে চলেছে।
বোসদার ঘরে ঢুকতে, কাল রাত্রের ব্যাপারটা জানতে পারলাম।
অদ্ভুত মানুষ এই ডাক্তার সাদারল্যান্ড, বোসদা বললেন।
কেন? আমি জিজ্ঞাসা করলাম।
আমাদের একটা ঘরও খালি ছিল না। এমনকি তিন তলাতে যে অন্ধকূপ দুটো আছে, তাও অয়েল অ্যাসোসিয়েশন ওদের বোম্বাই ডেলিগেটেদের জন্য নিয়ে নিয়েছে। ডাক্তার সাদারল্যান্ড আমাদের এয়ারমেলে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু রিগ্রেট করে আমরা টেলিগ্রাম করেছিলাম।
