জমাদাররা ততক্ষণে ঘরের মেঝে সাবধানে মুছতে আরম্ভ করেছে। স্টুয়ার্ড হেড কুককে ডেকে বললেন, আমি ঠিক লাঞ্চের পরই আসছি—সমস্ত কিছু আজ পরিষ্কার-পরিচ্ছন্ন দেখতে চাই। কেউ যেন আজ বাইরে না পালায়। প্রত্যেককে আমি এখানে হাজির দেখতে চাই।
পাইপটা হাতে নিয়ে আর একবার ঘুরতে গিয়ে, মার্কোপোলো আমাকে দেখতে পেলেন। যিনি এতক্ষণ ৪৪০ ভোল্টের মেজাজে ছিলেন, তিনিই এবার স্নিগ্ধ হাসিতে মুখ ভরিয়ে বললেন, হালো, গুড মর্নিং।
আমার এই অভাবনীয় সৌভাগ্য স্টুয়ার্ডের বোধহয় মনঃপূত হল না। বাঁকা চাহনি এবং মুখের ভাব দেখে তার মনের কথাটা আমার বুঝতে বাকি রইল না। কিন্তু ও-নিয়ে সময় খরচ করবার উপায় ছিল না। পিঠে একটা চাপড় দিয়ে মার্কোপোলো বললেন, এসো।
এবার তাকে আমি অন্যরূপে দেখতে আরম্ভ করলাম। তিনি আমার দণ্ডমুণ্ডের কর্তা শাজাহান হোটেলের ম্যানেজার নন। এঁকে কাল রাত্রে এলিয়ট রোডের এক অন্ধকার ঘরে আমি মাটি খুঁড়ে আবিষ্কার করেছি। আঘাতে আঘাতে শক্ত হয়ে যাওয়া ওই দেহটার মধ্যে খুঁজে পেয়েছি সেই শিশুকে, অনেকদিন আগে মধ্যপ্রাচ্যের ভূমিকম্পে যে সব হারিয়েছিল; এথেন্সের ফাদাররা যাকে আবার সব দিয়েছিল; আবার আমাদের এই কলকাতা যার সর্বস্ব হরণ করে নিয়েছিল।
শাজাহান হোটেলের ম্যানেজার আজ আমার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছেন। তার পরিপূর্ণ রূপটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আর তিনিও ম্যাজিসিয়ানের মতো মুহূর্তে নিজের রূপ পালটিয়ে ফেললেন। কে বলবে, এই লোকটাই দু মিনিট আগে ইঁদুর দেখে হোটেলের সব কর্মচারীকে একসঙ্গে রসাতলে পাঠাবার চেষ্টা করছিলেন।
আমার মুখের দিকে মার্কো অমনভাবে কেন তাকিয়ে রয়েছেন? হয়তো ভাবছেন, আমি সব জেনে ফেলেছি। আবার ঠিক নিঃসন্দেহও হতে পারছেন না। ডিটেকটিভ বায়রন এই অজানা ছোকরাকে কতখানি বলেছেন আর কতখানি বলেননি, কে জানে। আমারও কেমন অস্বস্তি হচ্ছে। সেই অস্বস্তি থেকে বাঁচবার জন্যই বললাম, স্যর, গতকাল মিস্টার বায়রনের কাছে আমি গিয়েছিলাম।
বাড়ি চিনতে তোমার কোনো কষ্ট হয়নি তো?
বললাম, না। অপরিচিত জায়গা বটে, কিন্তু নম্বর তো জানা ছিল।
আই হোপ, সমস্ত জীবনই কলকাতার ওই অঞ্চল তোমার কাছে অপরিচিত থাকবে। মাইডিয়ার ইয়ংম্যান, জীবনে সবরকম অন্যায়ের প্রলোভন থেকে দূরে থাকবার চেষ্টা কোরো। আমি তোমাকে উপদেশ দিতে চাই না; বাট বিলিভ মি, আমরা প্রায়ই নিজেদের দুঃখ নিজেরাই সৃষ্টি করি।
আমি চুপ করে রইলাম। আর তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। আমি কোনোরকমে টোক গিলে বললাম, গতকাল রাত্রে মিস্টার বায়রনের সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি বলেছেন, আপনি যেন ধৈর্য হারাবেন না।
ধৈর্য! পৃথিবী কোনোদিন এর থেকেও ধৈর্যশীল মানবশিশুকে লালন করেছে? মার্কোপোলো যে কাকে প্রশ্ন করলেন বুঝতে পারলাম না। কিন্তু এই প্রথম মনে হল, যাকে আমি পাথর বলে মনে করেছিলাম আসলে সে একটা বরফের চাঙড়। আমারই চোখের সামনে বরফের বিশাল টুকরোটা গলতে শুরু করেছে।
যাঁর সঙ্গে আমার প্রভু-ভৃত্য সম্পর্ক, তিনি মুহূর্তের জন্য ভুলে গেলেন আমি কে। আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার সঙ্গে বলতে গেলে আমার কোনো পরিচয়ই নেই। আই হার্ডলি নো ইউ। কিন্তু তোমার মুখ দেখে মনে হয় পৃথিবীকে তুমি চেনো না। তুমি জানো না, কোন পৃথিবী-হোটেলে বাস করবার জন্য ঈশ্বর আমাদের অ্যাকোমোডেশন বুক করেছেন। খুব সাবধান।
আমার কথা বলবার মতো সামর্থ্য ছিল না। শুধু নিজের ভাগ্যকে ধন্যবাদ দিয়েছি। সংসারের দুঃখময় যাত্রাপথে অকারণে কতবারই তো মানুষের অযাচিত ভালোবাসা পেয়েছি। না চাইতে পেয়ে পেয়ে আমার লোভ যেন অনেক বেড়ে গিয়েছে। আজও ভালোবাসার অভাব হল না।
আমাকে স্বীকার করতেই হবে, তুমি খুব খারাপ টাইপিস্ট নও। গলার, হারটা ডান হাতে নাড়তে নাড়তে মার্কোপোলো বললেন।
মাথা নিচু করে তার প্রশংসা গ্রহণ করলাম। এই সামান্য সময়ে যদি তাকে খুশি করে থাকতে পারি, তবে তার থেকে আনন্দের কী হতে পারে? বিনা-চাকরির জীবনটা যে কী রকমের, তার কিছু নমুনা আমি আস্বাদ করে দেখেছি। বিশেষ করে একবার চাকরি করে যে আবার পথে বেরিয়ে এসেছে। সত্যসুন্দরবাবু হাসতে হাসতে একবার বলেছিলেন, মেয়েদের স্বামী, আর ছেলেদের চাকরি। অরিজিন্যাল বেকার আর চাকরি খোয়ানো বেকার—যেন কুমারী মেয়ে আর বিধবা মেয়ে। দুজনেরই স্বামী নেই। কিন্তু তফাতটা যে কী, সে একমাত্র বিধবাই বেখে।
সত্যসুন্দরবাবুর ভাষায় স্বামী হারিয়ে আবার স্বামী পেয়েছি, সুতরাং চাকরি যে কী দ্রব্য বুঝতে বাকি নেই। কোনো চেষ্টা না-করতেই মুখ দিয়ে বেরিয়ে এল, নাইস অফ ইউ টু সে সো স্যর।
মার্কোপোলোর গোলগোল চোখ দুটো মধুর দুষ্টুমিতে ছটফট করতে লাগল। বললেন, এতদিন হাইকোর্টে চাকরি করেও তুমি মানুষ চেনোনি। নাইস আমি মোটেই নই।
আমার অস্বস্তিকর মুখের অবস্থা দেখে, মার্কোপোলো এবার আলোচনার মোড় ফেরালেন। বললেন, আই অ্যাম স্যরি। তোমাদের ও-পাড়াকে বেশ ভয় করি; কয়েকবার ওখানে গিয়েছি। সত্যি কথা বলতে কি, কোনো যাঁড় যদি আমাকে তাড়া করে, তবে লাইফ সেভ করবার জন্য আমি নদীতে ঝাঁপ দেব, তবু কিছুতেই ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের কোনো বাড়িতে উঠব না।
উত্তর না দিয়ে কেবল হাসলাম। মার্কোপোলো জিজ্ঞাসা করলেন, কোথায় থাক?
