লক্ষ্মণসেনের রাজত্বের শেষভাগে উৎকীর্ণ দুইখানি তাম্রশাসন ধার্যগ্রাম, ও তাঁহার দুই পুত্রের তাম্রশাসন ফল্পগ্রাম স্কন্ধাবার হইতে প্রদত্ত। ধাৰ্য্যগ্রাম ও ফরুগ্রামের অবস্থিতি সম্বন্ধে কিছুই জানা যায় না। লক্ষ্মণসেন ও তাঁহার পুত্রগণ বিক্রমপুর পরিত্যাগ করিয়া এই দুই স্থানে রাজধানী প্রতিষ্ঠিত করিয়াছিলেন কি না তাহাও নিশ্চিত বলা যায় না।
অনুমিত হয় যে পালরাজগণের ন্যায় সেনরাজগণেরও একাধিক রাজধানী ছিল। লক্ষ্মণসেনের সময় অথবা তাঁহার পূৰ্ব্বে সম্ভবত গৌড় ও নদীয়ায় সেনরাজগণের রাজধানী স্থাপিত হইয়াছিল। কারণ মুসলমান ইতিহাস গৌড় লক্ষ্মণাবতী নামে পরিচিত এবং সম্ভবত লক্ষ্মণসেনের নাম অনুসারেই গৌড়ের এই নাম পরিবর্ত্তন হইয়াছিল। মীনহাজুদ্দিনের বর্ণনা অনুসারে মহম্মদ বখতিয়ারের আক্রমণের সময় লক্ষ্মণসেন রাজধানী নদীয়ায় অবস্থিতি করিতেছিলেন। বাংলার কুলজী গ্রন্থ অনুসারে বল্লালসেন বৃদ্ধবয়সে রাজধানী নবদ্বীপে বাস করিতেন। বল্লালচরিতে উক্ত হইয়াছে যে বল্লালসেনের তিনটি রাজধানী ছিল বিক্রমপুর, গৌড় ও স্বর্ণগ্রাম। কবি ধোয় রচিত পবনদূত কাব্যে গঙ্গাতীরবর্ত্তী বিজয়পুর নগরী লক্ষ্মণসেনের রাজধানীরূপে বর্ণিত হইয়াছে। এই বিজয়পুরের অবস্থিতি সম্বন্ধে পণ্ডিতগণের মধ্যে মতভেদ আছে। কেহ কেহ বিজয়পুরকে নদীয়ার সহিত অভিন্ন বলিয়া গ্রহণ করিয়াছেন, আবার কাহারও মতে রাজসাহীর অন্তর্গত রামপুর বোয়ালিয়ার দশ মাইল পশ্চিমে অবস্থিত বিজয়নগর গ্রামই প্রাচীন বিজয়পুর; কিন্তু পবনদূতে ত্রিবেণী সঙ্গমের পরই বিজয়পুরের উল্লেখ করা হইয়াছে এবং গঙ্গা নদী পার হইবার কোনো প্রসঙ্গ নাই, সুতরাং বর্ত্তমান নদীয়াই প্রাচীন বিজয়পুর এই মতটিই সমীচীন বলিয়া মনে হয়। সম্ভবত বিজয়সেনের নাম অনুসারেই এই নামকরণ হইয়াছিল।
১৩. পাল ও সেনরাজগণের কাল-নির্ণয়
ত্রয়োদশ পরিচ্ছেদ –পাল ও সেনরাজগণের কাল-নির্ণয়
পাল ও সেনরাজগণের কাল-নির্ণয় লইয়া পণ্ডিতগণের মধ্যে মতভেদ আছে। এই বিষয়ে বিস্তৃত আলোচনা এ স্থলে সম্ভবপর নহে। তবে যে প্রণালীতে এই গ্রন্থে এই সমুদয় কাল-নির্ণয় করা হইয়াছে তাঁহার সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা প্রয়োজন।
পালরাজগণের মধ্যে কেবলমাত্র প্রথম মহীপালের সারনাথ লিপিতে একটি নির্দিষ্ট তারিখের উল্লেখ আছে-১০৮৩ সম্বৎ অর্থাৎ ১০২৬ খৃষ্টাব্দ। মহীপাল এই তারিখে রাজত্ব করিতেন ইহা ধরিয়া লইয়া, তাঁহার পূর্ব্ব ও পরবর্ত্তী রাজগণের মোট রাজত্বকাল যত দূর জানা আছে তাঁহার সাহায্যে মোটামুটিভাবে পালরাজগণের কাল নির্ণয় করা যায়। তারপর পালরাজগণের সমসাময়িক অন্যান্য যে সমুদয় ভারতীয় রাজগণের তারিখ সঠিক জানা আছে, তাঁহার সাহায্যে এই কাল নির্ণয় আরও একটু সংকীর্ণভাবে করা সম্ভবপর। ধর্ম্মপাল রাষ্ট্রকূটরাজ তৃতীয় গোবিন্দের, মহীপাল রাজেন্দ্ৰচোলের এবং নয়পাল কলচুরি কর্ণের সমসাময়িক ছিলেন ইহা পূর্ব্বেই বলা হইয়াছে, এবং সৌভাগ্যের বিষয় এই সমুদয় বিদেশী রাজগণের তারিখও সঠিকভাবে জানিবার উপায় আছে। এই সমুদয় আলোচনাপূর্ব্বক পালরাজগণের নিম্নলিখিত কাল নির্ণয় করা হইয়াছে।
রাজার নাম –মোট জানা রাজত্বকাল –রাজ্যলারে আনুমানিক অব্দ
১। গোপাল (১ম) –X –৭৫০
২। ধর্ম্মপাল –৩২ –৭৭০
৩। দেবপাল –৩৯ (অথবা ৩৫) –৮১০
৪। বিগ্রহপাল অথবা (১ম) শূরপাল – ৩ –৮১০
৫। নারায়ণপাল – ৫৪ –৮৫৪
৬। রাজ্যপাল – ৩২ –৯০৮
৭। গোপাল (২য়) –১৭ –৯৪০
৮। বিগ্রহপাল (২য়) –২৬ (?) –৯৬০
৯। মহীপাল (১ম) – ৪৮ –৯৮৮
১০। নয়পাল – ১৫ –১০৩৮
১১। বিগ্রহপাল (৩য়) – X –১০৫৫
১২। মহীপাল (২য়) – X -১০৭০
১৩। শূরপাল (২য়) — X –১০৭৫
১৪। রামপাল –৪২ –১০৭৭
১৫। কুমারপাল –X –১১২০
১৬। গোপাল (৩য়) –১৪ –১১২৫
১৭। মদনপাল –১৪ –১১৪০
১৮। গোবিন্দপাল –৪ –১১৫৫
সেনরাজগণের কাল নির্ণয় বিষয়ে দুইটি মূল্যবান উপাদান আছে, কিন্তু দুঃখের বিষয় ইহারা পরস্পরবিরোধী। প্রথমত লক্ষ্মণ সংবৎ (ল সং) নামে একটি অব্দ প্রাচীনকাল হইতে অদ্যাবধি মিথিলায় প্রচলিত আছে। ১১০৭ হইতে ১১১৯ অব্দের মধ্যে কোনো সময়ে ইহার প্রথম বৎসর গণনা আরম্ভ করা হয়। সাধারণত কোনো রাজার রাজ্যপ্রাপ্তির সময় হইতেই তাঁহার নামে অব্দ প্রচলিত হয়। সুতরাং লক্ষ্মণ সংবতের আরম্ভকালে অর্থাৎ ১১০৭ হইতে ১১১৯ অব্দের মধ্যে লক্ষ্মণসেন রাজ্য লাভ করেন অনেকে এই মত গ্রহণ করিয়াছেন।
অপরপক্ষে বল্লালসেন রচিত দানসাগর ও অদ্ভুতসাগরের বহুসংখ্যক পুঁথির উপসংহারে স্পষ্ট লিখিত আছে যে ১০৮১ (অথবা) ১০৮২ শাকে (১১৫৯-৬০ অব্দে) বল্লালসেনের রাজ্যারম্ভ, ১০৯১ শাকে (১১৬৯ অব্দ) দানসাগরের রচনাকাল এবং ১০৮৯ (অথবা ১০৯০) শাকে (১১৬৭-৬৮ অব্দ) অদ্ভুতসাগর গ্রন্থের রচনা আরম্ভ হয়। কোনো কোনো পুঁথিতে এই সময়জ্ঞাপক শ্লোকগুলি না থাকায় কেহ কেহ এইগুলির উপর আস্থা স্থাপন করেন না। কিন্তু এযাবৎ যত পুঁথি আবিষ্কৃত হইয়াছে তাঁহার প্রায় সকলগুলিতেই এই সমুদয় শ্লোক পাওয়া যায়, যে দুই একখানি পুঁথিতে এই সমুদয় শ্লোক নাই সে পুঁথিতেও গ্রন্থমধ্যে নানা স্থানে উহার কোনো কোনো তারিখের উল্লেখ আছে। রাজা টোডরমলু অদ্ভুতসাগরের পুঁথিতে এই তারিখের উল্লেখ করিয়া লিখিয়াছেন যে বল্লালসেন ১১৬০-৬১ অব্দে রাজত্ব করিতেন।
