জেয়াদ এতৎ সংবাদে মহা সন্তুষ্ট হইয়া মোস্লেম-সমীপে যাইয়া করজোড়ে বলিতে লাগিলেন, “বাদশাহ নামদার! এজিদের প্রধান সৈন্যাধ্য মহাবীর মারওয়ান এবং ওত্বে অলীদ কুফার অতি নিকটবর্তী হইয়াছে। বোধ হয় অদ্যই নগর আক্রমণ করিবে। প্রভু হোসেনের আশায় এত দিন রহিলাম, তিনিও আসিলেন না; শত্রুপক্ষ নগরের সীমার নিকটবর্তী, এক্ষণে কী আদেশ হয়?”
মোস্লেম বলিলেন, “আমরা এমন কাপুরুষ নহি যে, শত্রু-অস্ত্রের আঘাত সহ্য করিয়া নগর রক্ষা করিব? আমি এখনই আমার সঙ্গী সৈন্য লইয়া মারওয়ানের গতিরোধ করিব এবং নগর আক্রমণে বাধা দিয়া তাহাদিগকেই আক্রমণ করিব। আপনি যত শীঘ্র পারেন, কুফার সৈন্য লইয়া আমার পশ্চাদ্বর্তী হউন। সৈন্যসহ আপনি আমার পশ্চাৎ-রক্ষক থাকিলে ঈশ্বর-কৃপায় আমি সহস্র মারওয়ানকে অতি তুচ্ছ জ্ঞান করি!” এই কথা বলিয়াই মোস্লেম মদিনার সৈন্যগণকে প্রস্তুত হইতে অনুমতিসঙ্কেত করিলেন। মদিনাবাসীরা এজিদ্ এবং এজিদের সৈন্য-শোণিতে তরবারি রঞ্জিত করিতে সদাসর্বদা প্রস্তুত। মোস্লেমের সাঙ্কেতিক অনুমতি, মারওয়ানের সহিত যুদ্ধের অণুমাত্র প্রসঙ্গ পাইয়াই সৈন্যগণ মার্ মার্ শব্দে শ্রেণীবদ্ধপূর্বক মোস্লেমের সম্মুখে দণ্ডায়মান হইল। সৈন্যদিগের উৎসাহ দেখিয়া মোস্লেম দ্বিগুণতর উৎসাহে অশ্বে আরোহণ করিলেন এবং মুহূর্ত মধ্যে সৈন্যগণ শ্রেণীবদ্ধপূর্বক নগরের বাহির হইলেন। কুফার সৈন্যগণও অত্যল্প সময় মধ্যে সুসজ্জিত হইয়া পূর্বতন প্রভু জেয়াদের সহিত সমরে চলিলেন।
মোস্লেম নগরের বাহির হইয়াই দেখিলেন যে, এজিদের চিহ্নিত পতাকাশ্রেণী বায়ু সহিত ক্রীড়া করিতেছে, যুদ্ধবাদ্য মহাঘোর রবে বাদিত হইতেছে। সৈন্যগণকে বলিলেন, “ভাই সকল! যে এজিদ্, যে মারওয়ান, যে ওত্বে অলীদের ভয়ে হোসেন মদিনাবাসীদিগের জন্য, মদিনাবাসীদিগের বিপদ উপদ্রব হইতে রক্ষার জন্য, কুফায় আসিতে মনস্থ করিয়া অগ্রে আমাদিগকে পাঠাইয়াছেন, সেই বিধর্মী কাফের তাঁহারই উদ্দেশে, কি আমাদের প্রাণ লইতে, কি আমাদিগকে যে এত সাহায্য করিতেছে, সেই জেয়াদের প্রাণ বিনাশ করিতে আসিয়াছে। কুফার সৈন্য আসিতে এখনও অনেক বিলম্ব। শত্রুকে সময় দিলেই চতুর্গুণ বল বৃদ্ধি হয়। আর অপেক্ষা নাই, ‘কুফার সৈন্য আসিবে, একত্র যাইব’-ইহা বলিয়া আর সময় নষ্ট করিব না। আমরাই অগ্রে গিয়া শত্রুপকে বাধা দিয়া আক্রমণ করি।” মোস্লেম সহস্র সৈন্য লইয়া একেবারে শত্রুপক্ষের সম্মুখীন হইলেন এবং তুমুল যুদ্ধ আরম্ভ হইল।
জেয়াদ্ কুফার সৈন্য সংগ্রহ করিয়া মোস্লেমের পশ্চাদ্বর্তী হইলেন। নগরের অন্তসীমা শেষ তোরণ পর্যন্ত আসিয়া দেখিলেন, নগরের অন্তসীমায় যুদ্ধ আরম্ভ হইয়াছে। সৈন্যগণ অবাক্ হইল। সকলেই পূর্ব প্রভুর আজ্ঞা হঠাৎ লঙ্ঘন করা বিবেচনাসিদ্ধ নহে, এই বলিয়া বিরক্তিভাবে দণ্ডায়মান রহিল।
আবদুল্লাহ্ জেয়াদ্ বলিতে লাগিলেন, “আমি এতদিন মনের কথা তোমাদিগকে কিছুই বলি নাই, আজ বলিবার সময় হইয়াছে বলিয়াই এণে বলিতেছি। হোসেনকে রাজ্যদান আমার চাতুরীমাত্র। আমি মহারাজ এজিদের আজ্ঞাবহ, অনুগৃহীত, আশ্রিত এবং দামেস্কাধিপতি আমার একমাত্র পূজ্য। কারণ আমি তাঁহার অধীনস্থ প্রজা। সেই রাজাদেশে হোসেনকে কৌশল করিয়া বন্দি করাই আমার মুখ্য উদ্দেশ্য, ঘটনাক্রমে তাহা হইল না। মোস্লেমকে যে উদ্দেশ্যে সিংহাসনে বসাইয়াছিলাম, তাহা এক প্রকার সম্পূর্ণ হইল; কিন্তু মূল উদ্দেশ্য সফল হইল না। মহারাজ এজিদের সৈন্য আসিয়াছে, কৌশলে মোস্লেমকেও নগরের বাহির করিয়া মহারাজ এজিদের সৈন্যসম্মুখীন করিয়া দিলাম, রাজাজ্ঞা প্রতিপালিত হইল! আমাদের নগরের বাহিরে কোন প্রয়োজন নাই, আমরা যুদ্ধে যাইব না, মোস্লেমের সহায়তাও করিব না। নগর-তোরণ আবদ্ধ কর, বলবান সাহসী সৈনিক পুরুষ দ্বারা দ্বার রক্ষা হউক। মোস্লেমের বাঁচিবার সাধ্য নাই। ওত্বে অলীদের অস্ত্রসম্মুখীন হইলেই মোস্লেমের ইহজগৎ পরিত্যাগ করিতে হইবে। তথাচ যদি মোস্লেম যুদ্ধে পরাস্ত হইয়া প্রাণরক্ষার জন্য নগরে আশ্রয় লইতে নগরদ্বারে উপস্থিত হয়, কিছুতেই নগরমধ্যে প্রবেশ করিতে দিবে না।”
সৈন্যাধ্যক্ষ আবদুল্লাহ্ জেয়াদের বাক্যে একেবারে অবাক্ হইয়া রহিল। জেয়াদের মনে এত চাতুরী, এত ছলনা, এত প্রতারণা, ইহাতে আরো আশ্চর্যান্বিত হইল। কি করিবে নগরদ্বার রুদ্ধ করিয়া দ্বারের নিকটবর্তী স্থানেই সৈন্য সহিত সকলেই একত্র হইয়া রহিল। ওত্বে অলীদ মোস্লেমকে দেখাইয়া সৈন্যগণকে বেগে অগ্রসর হইতে অনুমতি করিলেন। মোস্লেম ওত্লবে অলীদের আক্রমণে বাধা দিয়া বিশেষ পারদর্শিতার সহিত ব্যূহ রচনা করিয়া শত্রুসম্মুখে সৈন্যদিগকে দণ্ডায়মান করাইলেন। কিন্তু আক্রমণ করিতে আর সাহসী হইলেন না, আত্মরক্ষাই আবশ্যক মনে করিলেন। কুফার সৈন্য কত নিকটবর্তী হইয়াছে, তাহা দেখিতে পশ্চাতে ফিরিয়া যাহা দেখিলেন, তাহাতে মোস্লেমের মস্তক ঘুরিয়া গেল। জনপ্রাণীমাত্র নাই, অথচ নগরতোরণ বদ্ধ-মোস্লেম একেবারে হতবুদ্ধির ন্যায় হইয়া নগরের দিকে বারংবার চাহিয়া দেখিলেন, পূর্ব প্রকারেই নগরদ্বার বদ্ধ রহিয়াছে। নিশ্চয়ই মনে মনে জানিলেন যে, এ সকল জেয়াদের চাতুরী। চতুরতা করিয়া আমাকে নগরের বাহির করিয়াছে। এখন নিশ্চয়ই জানিলাম যে, জেয়াদের মনে নানাপ্রকার দুরভিসন্ধি ছিল। হোসেন-বধের জন্যই এই মায়াজাল বিস্তার,-তাহার তো আর সন্দেহ নাই। ভালই হইয়াছে, কুফায় আসিলে যে প্রকার বিপদগ্রস্ত হইতেন, তাহা আমার ভাগ্যেই ঘটিল। মোস্লেমের প্রাণ যাইয়াও যদি হোসেনের প্রাণরক্ষা হয়, তাহাও মোস্লেমের পক্ষে সার্থক।
