হানিফার মনের আগুন জ্বলিয়া উঠিল-নির্বাণ আগুন দ্বিগুণ বেগে জ্বলিয়া উঠিল-কারবালার কথা মনে পড়িল। হু-হু শব্দে কাঁদিয়া উঠিলেন, মস্হাব অপ্রতিভ হইলেন। কিছুক্ষণ পরে হানিফা মস্হাবের হস্ত ধরিয়া বলিলেন, “ভ্রাতঃ! তুমি আমার মাথার মণি, হৃদয়ের বন্ধু, প্রাণের ভাই! আইস, তোমাকে একবার আলিঙ্গন করি। তুমি সীমারকে বন্দি করিয়াছ-তোমার এ গৌরব, কীর্তি অক্ষয়রূপে জগতে চিরকাল সমভাবে থাকিবে-তুমি বিনামূল্যে আজ হানিফাকে ক্রয় করিলে। ভ্রাতঃ, আমার আর গমনের সাধ্য নাই। সীমারের নাম শুনিয়া আমি অধীর হইয়াছি। আরবের সর্বশ্রেষ্ঠ মহাবীর ভ্রাতৃদ্বয়ের শিরচ্ছেদ বিবরণ শুনা অবধি সীমারকে একবার দেখিব মনে করিয়া আছি। দেখিব, তাহার দক্ষিণ হস্তে কত বল, সে খ র ধরিতে কেমন পটু; তাহাকে কয়েকটি কথামাত্র জিজ্ঞাসা করিব। এ ছাড়া সীমারে আর আমার কোন সাধ নাই। সীমার সম্বন্ধে তুমি যাহা করিবে আমি তাহার সঙ্গী আছি। আর বেশি দূর যাইব না, আজ এখানেই বিশ্রাম।”
উদ্ধার পর্ব ১৬ প্রবাহ
পরিণাম কাহার না আছে? নিশার অবসান, দিনের সন্ধ্যা, পরমায়ুর শেষ, গর্ভের প্রসব, উপন্যাসের মিলন, নাটকের যবনিকা পতন, অবশ্যই আছে; পুণ্যের ফল, পাপের শাস্তি-ইহাও নিশ্চয়।
সীমার আজ বন্দি! যে সীমারের নামে হৃদয় কাঁপিয়াছে, যে সীমার জগৎ কাঁদাইয়াছে-সেই সীমার আজ বন্দি! সেই সীমারের আজ পরিণাম ফল-শেষ দশা। মোহাম্মদ হানিফা, মস্হাব কাক্কা, গাজী রহমান এবং প্রধান প্রধান সেনাপতিদিগের মত হইল যে, সীমারকে কিছুতেই ইহজগতে রাখা বিধেয় নহে। এমন নিষ্ঠুর, অর্থ-পিশাচ, পাপাত্মার মুখ আর চক্ষে দেখা উচিত নহে। তবে কী কর্তব্য?-যমালয়ে প্রেরণ! কী প্রকারে?-এখনো সাব্যস্ত হয় নাই।
অলীদকে ধৃত করিয়া মোহাম্মদ হানিফা কেন ছাড়িয়া দিলেন, তাহা তিনিই জানেন। মোহাম্মদ হানিফা মদিনার প্রবেশপথে নির্বিঘ্নে রহিয়াছেন, সীমারের শাস্তিবিধান করিয়া অদ্যই মদিনায় যাইবেন;-এই কথাই প্রকাশ।
অলীদের আর যুদ্ধের সাধ নাই-হানিফার মদিনাগমনে বাধা দিবারও আর শক্তি নাই,-মোহাম্মদ হানিফা যখন ধরিয়া ছাড়িয়া দিয়াছেন তখন এক প্রকার প্রাণের ভয়ও নাই,-কিন্তু আশঙ্কা আছে! মস্হাব কাক্কার কথা প্রতিমুহূর্তে অন্তরে অন্তরে জাগিতেছে! কী লজ্জা! অধীনস্থ যে সৈন্যগণ জীবিত আছে, তাহারাই-বা মনে মনে কি বলিতেছে? আর এক কথা; সে কথা কাহাকেও বলে নাই,-মনে মনেই চিন্তা করিয়াছে,-মনে মনেই দুঃখভোগ করিতেছে-দামেস্কের বহুতর সৈন্য মস্হাব কাক্কার সঙ্গী হইয়াছে, ইহার কারণ কী? কেন তাহারা কাক্কার অধীনতা স্বীকার করিল-ইহার কী কোন কারণ আছে? এই সকল ভাবিয়া অলীদ দামেস্কে না যাইয়া ভগ্নহৃদয়ে ভগ্নশিবিরে হানিফার মদিনাপ্রবেশ পর্যন্ত ঐ স্থানে থাকাই স্থির করিয়াছে।
অসময়ে হানিফার শিবিরে আনন্দের বাজনা। আজ আবার বাজনা কেন? অলীদ ভাবিল, আবার কী যুদ্ধ? আবার কী মস্হাব কাক্কা রণক্ষেত্রে? মনোযোগের সহিত দেখিতে লাগিল, আবার সেই দূরদর্শনের সহায় গ্রহণ করিল, দেখিল-যুদ্ধসাজ নহে। মস্হাব কাক্কা, মোহাম্মদ হানিফা প্রভৃতি বীরগণ ধনুর্বাণহস্তে শিবিরের পশ্চাদ্ভাগ হইতে বহির্গত হইলেন এবং হস্ত পদ বন্ধন অবস্থায় একজন বন্দিকে কয়েকজন সৈন্য ধরাধরি করিয়া আনিয়া উভয় শিবিরের মধ্যবর্তী স্থানে এক লৌহদণ্ডের সহিত বক্ষ বাঁধিয়া, দুই দিকে অপর দুই দণ্ডের সহিত হস্তদ্বয় কঠিনরূপে বাঁধিয়া, বন্দির পদদ্বয় ঐ হস্তাবদ্ধ দণ্ডের নিন্মভাগে আঁটিয়া বাঁধিয়া দিল।
অলীদ মনে মনে ভাবিতেছে, এ আবার কী কাণ্ড উপস্থিত? এমন নিষ্ঠুরভাবে ইহাকে বাঁধিয়া তীরধনু হস্তে সকলে অর্ধ চন্দ্রাকৃতিভাবে কেন ঘিরিয়া দাঁড়াইল? এ লোকটি এমন কী গুরুতর অপরাধ করিয়াছে? ইহার প্রতি এরূপ নির্দয় ব্যবহার করিতেছে কেন? একটু অগ্রসর হইয়া দেখি-কার এ দুর্দশা? কোন্ হতভাগার পাপের ফল?
মস্হাব কাক্কা ধনুর্বাণ হস্তে ধরিয়া ঊচ্চৈঃস্বরে বলিতে লাগিলেন, “সীমার! আজ তোমার সৃষ্টিকর্তার নাম মনে কর, তোমার কৃতকার্যের পাপ-কথা মনে কর। দেখিলে, জগৎ কেমন ভয়ানক স্থান? দেখিলে? একটু বিবেচনা করিয়া দেখিলে, কার্যফল কথঞ্চিৎ পরিমাণে এখানেই কিছু কিছু পাওয়া যায়? লোকে অজ্ঞতা তিমিরাচ্ছন্ন হইয়া ভবিষ্যতের জ্ঞান হারাইয়া, অনেক কার্যে হস্তক্ষেপ করে; কিন্তু শেষে কোথায় রক্ষা পায়? কে রক্ষা করে? মাতা পিতা স্ত্রী পরিবার পরিজন কেহ কাহারো নহে। আজ কে তোমার নিকট আসিয়া দাঁড়াইল? কে তোমার পক্ষ হইয়া দুটা কথা বলিল? মোহতিমিরে কেমন আচ্ছন্ন করিয়াছিল,-তোমার হৃদয়-আকাশ কেমন ঘনঘটায় আবৃত করিয়া রাখিয়াছিল? তুমি একবার ভাব দেখি, নূরনবী মোহাম্মদের দৌহিত্র ইমাম হোসেনের মস্তক সামান্য অর্থলোভে স্বহস্তে ছেদন করিয়া তোমার কী লাভ হইল? আরো অনেকে তোমার সঙ্গে ছিল, তাহারাও যুদ্ধজয় করিয়াছিল? কিন্তু ইমাম-শির দেহ হইতে বিচ্ছিন্ন করিতে, কই কেহই তো অগ্রসর হইল না! ধিক্ তোমাকে! সীমার! শত ধিক্ তোমাকে!-তুমি জগৎ কাঁদাইয়াছ,-পশুপক্ষীর চক্ষে জল ঝরাইয়াছ,-মানবহৃদয়ে বিষময় বিশাল শেলের আঘাত করিয়াছ। আকাশ, পাতাল, বন, উপবন, পর্বত, বায়ু তোমার কুকীর্তি কীর্তন করিতেছে-সে রবে প্রকৃতি বক্ষ পর্যন্ত ফাটিয়া যাইতেছে!-কিন্তু তোমার পরিণাম দশা, তুমি কিছুই ভাব নাই? দেখ দেখি! আজ তোমার কোন্ দিন উপস্থিত? সীমার! তুমি কি ভাবিয়াছিলে যে, এদিন চিরদিন তোমার সুখসেব্য সুদিনই যাইবে? একদিনও কী এ দিনের সন্ধ্যা হইবে না? দেখ দেখি, এখন কেমন কঠিন সময় উপস্থিত! যে পবিত্র মস্তক পবিত্র দেহ হইতে ছিন্ন করিতে খঞ্জর দ্বারা কত কষ্ট দিয়াছ, সে যাতনা সহ্য করিতে না পারিয়া প্রভু কী প্রতিজ্ঞা করিয়াছিলেন-মনে হয়? ওরে পাপিষ্ঠ, নরাধম! ইমামের মুমূর্ষু অবস্থার কথা মনে হয়? তোকে নারকী বলিতে পারি না। পরকালের জন্য যে তোমার চিন্তা নাই, তাহা আমরা বিশেষ করিয়া জানি। তোমার পাপভার,-সে পাপভার, হায়! হায়! তুমি যাহার বুকের উপর উঠিয়া খঞ্জর দ্বারা গলা কাটিয়াছিলে, তিনিই লইয়াছেন! কিন্তু সীমার! জগতের দৈহিক যাতনার দায় হইতে উদ্ধার করিতে তোমার মুখপানে চায়, এমন লোক কে? ঈশ্বরের লীলা দেখ, তোমারই অনুগত সৈন্য তোমারই হস্ত পদ বন্ধন করিয়া আমার সম্মুখে আনিয়া দিল। ইহাতেও কী তুমি সেই অদ্বিতীয় ভগবানের প্রতি ভক্তিসহকারে বিশ্বাস করিবে না? এখনো কী তোমার পূর্বভাব অন্তর হইতে অন্তর হয় নাই? এই আসন্নকালে একবার ঈশ্বরের নাম কর। সীমার! আমরা তোমার সমুচিত শাস্তিবিধান করিব বলিয়াই আজ তীর হস্তে দণ্ডায়মান হইয়াছি। তরবারির আঘাত করিলাম না,-বর্শাদ্বারা ভেদ করিলাম না; এই বিষাক্ত তীরে তোমার শরীর জর্জরীভূত করিয়া তোমাকে ইহজগৎ হইতে দূর করিব। ঐ দেখ, তোমার প্রিয়বন্ধু ওত্বে অলীদ ছল্ছল্ নেত্রে তোমার দিকে চাহিয়া আছে মাত্র। কে আজ তোমার সাহায্য করিতে আসিল? তোমার নীরব রোদনে কে কর্ণপাত করিল? তুমি যাহার নিতান্ত অনুগত, তোমার আজিকার দশা তাহার নিকটে প্রকাশ করিতে-আজিকার এ অভিনয়ের অভাবনীয় দৃশ্য রাজগোচর করিতে অনেক চক্ষু তোমার দিকে রহিয়াছে, দেখিতেছি। কিন্তু কেহই তোমার কিছু করিল না। কী আশ্চর্য, তাহাদের অস্ত্রের অভাব হয় নাই, সাহসের অভাব ঘটিয়াছে কি-না জানি না;-কই, তাহারা কি করিল? জগতে কেহ কাহারো নহে। সকলেই স্বার্থের দাস, লোভের কিঙ্কর। তোমার সঞ্চিত অর্থ আজ কোথায় রহিল? সেই পুরস্কারের লক্ষ টাকায় কী উপকার হইল? ঈশ্বরকৃপায় তুমি আজ আমাদের ক্রীড়ার সামগ্রী। ধনুর্বাণ সহিত তোমাকে লইয়া আজ ক্রীড়া করিব। সীমার! তোমার কৃতকার্যের ফল সামান্যরূপে আজ আমাদের হস্তে ভোগ কর! এই আমার কথার শেষ-বাণের প্রথম। দেখ্ বাণের আঘাত কেমন মিষ্ট বোধ হয়! কেমন সুখসেব্য নিদ্রা আইসে!”
