সোনামুখী-তলায় পৌঁছিয়াই অপু মহা-উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইযা এদিক ওদিক ছুটিতে লাগিল-এই যে দিদি, ওই একটা পড়লো রে দিদি-ওই আর একটা রে দিদি! চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না। ঝড় ঘোর রবে: বাড়িয়া চলিয়াছে। ঝড়ের শব্দে আম পড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না, যদিবা শোনা যায় ঠিক কোন জায়গা বরাবর শব্দটা হইল-তোহা ধরিতে পারা যায় না। দুৰ্গা আট-নয়টা আম কুড়াইয়া ফেলিল, অপু এতক্ষণের ছুটাছুটিতে মোটে পাইল দুইটা। তাঁহাই সে খুশির সহিত দেখাইয়া বলিতে লাগিল—এই দাখ দিদি, কত বড় দ্যাখ-ওই একটা পড়লো-ওই ওদিকে—
এমন সময় হই-হাই শব্দে ভুবন মুখুজ্জের বাড়ির ছেলে-মেয়েরা সব আমি কুড়াইতে আসিতেছে শোনা গেল। সতু চেঁচাইয়া বলিল-ও ভাই, দুগগাদি আর অপু আম কুড়ুচ্ছে–
দল আসিয়া সোনামুখী-তলায় পৌঁছিল। সতু বলিল-আমাদের বাগানে কেন এয়েচ আম কুড়ুতে? সেদিন মা বারণ করে দিয়েচে না? দেখি কতগুলো আম কুড়িয়েচো?
পরে দলের দিকে চাহিয়া বলিল-সোনামুখীর কতগুলো আম কুড়িয়েচে দেখেছিস টুনু?– যাও আমাদের বাগান থেকে দুগ্ৰগদি-মাকে গিয়ে নইলে বলে দেবো।
রানু বলিল-কেন তাড়িয়ে দিচ্ছিস সাতু? ওরাও কুড়ুক-আমরাও কুড়ুই।
-কুড়োবে বই কি! ও এখানে থাকলে সব আমি ওই নেবে। আমাদের বাগানে কেন আসবে ও?–না, যাও দুগগাদি-আমাদের তলায় থাকতে দেবো না।
অন্য সময় হইলে দুৰ্গা হয়তো এত সহজে পরাজয় স্বীকার করিত না-কিন্তু সেদিনইহাদেরই কৃত অভিযোগে মায়ের নিকট মারা খাইয়া তাহার পুনরায় বিবাদ বাধাইবার সাহস ছিল না। তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মনমরা ভাবে বলিল-অপু, আয় রে চল। পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল-আমরা সেই জায়গায় যাই চলা অপু, এখানে থাকতে না দিলে বয়ে গেল-বুঝলি তো?-এখানকার চেয়েও বড় বড় আম-তুই আমি মজা করে কুড়োবো এখন-চলে আয়-এবং এখানে এতক্ষণ ছিল বলিয়া একটা বৃহত্তর লাভ হইতে বঞ্চিত ছিল, চলিয়া যাওয়ায় প্রকৃতপক্ষে শাপে বর হইল, সকলের সম্মুখে এইরূপ ভাব দেখাইয়া যেন অধিকতর উৎসাহের সহিত অপুকে পিছনে লইয়া রাংচিতার বেড়ার ফাক গলিয়া বাগানের বাহির হইয়া গেল।
রানু বলিল-কেন ভাই ওদের তাড়িয়ে দিলে-তুমি ভারি হিংসুক কিন্তু সতুদা!
রানুর মনে দুর্গার চোখের ভরসা-হারা চাহনি বড় ঘা দিল।
অপু অতশত বোঝে নাই, বেড়ার বাহিরের পথে আসিয়া বলিল-কোন জায়গায় বড় বড় আমি রে দিদি? পুঁটুদের সলতেখাগী-তলায়?
কোন তলায় দুর্গা তাহা ঠিক করে নাই, একটু ভাবিয়া বলিল-চল গড়ের পুকুরের ধারের বাগানে যাবি-ওদিকে সব বড় বড় গাছ আছে—চল্—।
গড়ের পুকুর এখান হইতে প্ৰায় পনেরো মিনিট ধরিয়া সুড়িপথে অনবরত বন-বাগান অতিক্ৰম করিয়া। তবে পৌছানো যায়। অনেককালের প্রাচীন আমি ও কঁঠালের গাছ-গাছতলায় বন-চালিতা ময়না-কঁটা ষাঁড়া গাছের দুৰ্ভেদ্য জঙ্গল। দূর বলিয়া এবং জনপ্রাণীর বাস শুন্য গভীর বনের মধ্যে বলিয়া এসব স্থানে কেহ বড় একটা আম কুড়াইতে আসে না। কাছির মতো মোটা মোটা অনেককালের পুরোনো গুলঞ্চ লতা। এ-গাছে ও-গাছে দুলিতেছে-বড় বড় প্রাচীন গাছের তলাকার কঁটাভারা ঘন ঝোপ-জঙ্গল খুঁজিয়া তলায় পড়া আম বাহির করা সহজসাধ্য তো নহেই, তাহার উপর আবার ঘনায়মান নিবিড়-কৃষ্ণ ঝোড়ো মেঘে ও বাগানের মধ্যের জঙ্গলে গাছের আওতায় এরূপ অন্ধকারের সৃষ্টি করিয়াছে যে, কোথায় কি ভালো দেখা যায় না। তবুও খুঁজতে খুঁজিতে নাছোড়বান্দা দুৰ্গা গোটা আট-দশ আম পাইল।
হঠাৎ সে বলিয়া উঠিল-ওরে অপু-বিষ্টি এল!
সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিকক্ষণ একটু নরম হইল–ভিজে মাটির সোঁদা সেঁন্দা গন্ধ পাওয়া গেল-একটু পরেই মোটা মোটা ফোটায় চড়বড় করিয়া গাছের পাতায় বৃষ্টি পড়িতে শুরু করিল।
—আয় আমরা এই গাছতলায় দাড়াই-এখানে বিষ্টি পড়বে না—
দেখিতে দেখিতে চারিদিক ধোঁয়াকার করিয়া মুষলধারে বৃষ্টি নামিল-বৃষ্টির ফোঁটা পড়বার জোরে গাছের পাতা ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল—ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগিল। ঝড় একটু যেন নরম পড়িয়াছিল—তাহাও আবার বড় বাড়িল-দুৰ্গা যে গাছতলায় দাঁড়াইয়াছিল, এমনি হয়তো হঠাৎ তথায় বৃষ্টি পড়িত না, কিন্তু পুবে হাওয়ার ঝাপটা গাছতলা ভাসাইয়া লইয়া চলিল। বাড়ি হইতে অনেক দূরে আসিয়া পড়িয়াছে—অপু ভয়ের স্বরে বলিল-ও দিদি—বড্ড যে বিষ্টি এল।
–তুই আমার কাছে আয়-দুর্গা তাহাকে কাছে আনিয়া আঁচল দিয়া ঢাকিয়া কহিল-এ বিষ্টি আর কতক্ষণ হবে-এই ধরে গেল বলে-বৃষ্টি হল ভালেই হল-আমরা আবার সোনামুখী-তলায় যাবো এখন, কেমন তো?
দুজনে চেঁচাইয়া বলিতে লাগিল—
নেবুর পাতায় করম্চা
হে বিষ্টি ধরে যা—
ক্কড়-ক্কড়-কড়াৎ,…প্রকাণ্ড বন-বাগানের অন্ধকার মাথাটা যেন এদিক হইতে ওদিক পর্যন্ত চিরিয়া গেল-চোখের পলকের জন্য চারিধার আলো হইয়া উঠিল—সামনের গাছের মগডালে থোলো থোলো বন-ধুল ফল ঝড়ে দুলিতেছে। অপু দুৰ্গাকে ভয়ে জড়াইয়া ধরিয়া বলিল-ও দিদি!
–ভয় কি রে! রাম রাম বল-রাম রাম রাম রাম-নেবুর পাতায় করমচা হে বিষ্টি ধরে যা-নেবুর পাতায় করমচা হে বিষ্টি ধরে যা-নেবুর পাতায় করমচা–
বৃষ্টির ঝাপটায় তাহাদের কাপড় চুল ভিজিয়া টস্টস করিয়া জল ঝরিতে লাগিল—গুমগুমু গুম-ম-ম-চাপা গভীর ধ্বনি-একটা বিশাল লোহার বুল কে যেন আকাশের ধাতব মেঝেতে এদিক হইতে ওদিকে টানিয়া লইয়া বেড়াইতেছে–অপু শঙ্কিত সুরে বলিল-ওই দিদি, আবার–
