কেমন আছেন পক্ষীমশায়?
আর থাকাথাকি, এখন গেলেই হয়।
সে কি কথা, এরই মধ্যে গেলে চলবে কেন?
আর থেকেই বা কি করছি? এখনকার বড়লোকের ছেলেরা আর এদিকে ঘেঁষতে চায় না, ফিরিঙ্গি বেটাদের দেখাদেখি সব মদ ধরছে। মদে কি আছে হ্যাঁ? বলে জিজ্ঞাসু নেত্রে তাকাল বসুজার দিকে।
কিছু বলা কর্তব্য মনে করে বসুজা বলল–যুগের ধর্ম, কি করবেন বলুন!
এই কি একটা উত্তর হল! তুমি যে খিরিস্তান হলে হ্যাঁ!
কিছুক্ষণ এইভাবে সময়োচিত কথাবার্তার পরে পক্ষী শুধাল-তার পর, কি মনে করে?
রাম বসু তখন আগমনের উদ্দেশ্য বিবৃত করল! সমস্ত বিবরণ ধীরভাবে শুনে গম্ভীরভাবে পক্ষী বলল-তা হবে। কিন্তু এ যে খরচপত্রের ব্যাপার।
সেজন্যে ভাববেন না, আপাতত কিছু রাখুন, বলে জন-প্রদত্ত অর্থের কিয়দংশ পক্ষীর হস্তে সমর্পণ করল রাম বসু।
মুদ্রা-স্পর্শে তড়িৎস্পর্শের লক্ষণ ঘটল পক্ষী-দেহে, সে বেশ এঁটেসেঁটে জেঁকে বসল, বলল, আর কিছু নয়, প্রথমে একটা বগলা পুজা করে একটা বশীকরণ কবচ করতে হবে; কিন্তু সব প্রথমে চাই কালীঘাটে ষোড়শোপচারের একটা পূজা দেওয়া।
সে সব বাধবে না, কিন্তু মেমসাহেব কি কবচ তাবিজ পরতে চাইবে–তাকে লুকিয়ে সব করা হচ্ছে কিনা!
সে একটা কথা বটে। তার পরে কিছুক্ষণ ভেবে বলল, দেখ শাস্ত্রে সব রকম বিধানই আছে। কবচটা গোপনে একবার মেমসাহেবকে মাথায় ঠেকিযে তার শয়ন-গৃহে রেখে দিতে পারবে তো?
রাম বস বলল, তা পারা যাবে।
তবেই হবে, বলল পক্ষী।
আচ্ছা পক্ষীমশায়, একটা কথা জিজ্ঞাসা করি, কলিকালে কবচ তাবিজে ফল ফলে?
দেখ বাপু, মানলে কেউটে, না মানলে ঢোঁডা–এই হচ্ছে গিয়ে তন্ত্রমন্ত্রের রহস্য।
তা তো বটেই, তবে কথা হচ্ছে কিনা, ম্লেচ্ছগুলোর উপরে এসব ফলদায়ক হয়ে থাকে?
কেন হবে না? এই যে স্টুয়ার্ট সাহেব, হিন্দু স্টুয়ার্ট বলে যার নাম পড়েছে, শালগ্রাম পূজো না করে যে জলগ্রহণ করে না, গঙ্গাজলে স্ব-পাক করে হবিষ্যি খায়—এসব কেমন করে সে খোঁজ রাখ?
রাম বসুকে স্বীকার করতেই হল যে, সে খোঁজ রাখে না।
উদগত পঞ্জর বুকের উপরে বারকতক চড় মেরে বলল-এই বান্দার কাজ। সব কথা বলব আর একদিন।
তার পরে বলল, সব ভালয় ভালয় হয়ে যাবে, সাহেবকে চিন্তা করতে নিষেধ করে দিও। মেমসাহেবের কপালে কবচটা স্পর্শ করবার সাত দিনের মধ্যে বেটী এসে সাহেবের পায়ে লুটিয়ে পড়বে না! অমন কত গঙ দেখলাম—হ্যাঃ!
রাম বসু বলল—তাহলে আজ উঠি। তাড়াতাড়ি গিয়ে সাহেবকে সুসংবাদ শুনিয়ে দিই।
কবে আবার আসছ?
কালকেই—না হয় পরশু।
পরশু আবার কেন-কালই এসো। অমনি গোটা পঞ্চাশেক টাকা হাতে করে এসো।
টাকা আনতে ভুলবে না বলে রাম বসু রওনা হয়ে গেল।
এমন সময় পিছন থেকে ভাঙা গলায় সজোরে বেজে উঠল—সিক্কা টাকা, ভায়া, সিক্কা টাকা।
রাম বসু ইঙ্গিতে জানাল, তাই হবে।
.
৩.০৭ সরল স্বাস্থ্যলাভ পদ্ধতি
বামুনগিন্নীকে ঝেটিয়ে বিদায় করেছিল বটে অন্নদা কিন্তু তার উপদেশটা কিছুতেই ভুলতে পারল না, থেকে থেকে মনের মধ্যে খোঁচা দিতে লাগল—পুরুষমানুষ একটু গায়েগত্তি চায়, কাঠিপারা মেয়েছেলেয় তাদের মন ওঠে না। বলা বাহুল্য অন্নদা নিজেকে সুন্দরী মনে করত, কোন নারীই বা তা মনে না করে। পাড়ার পরিচিত মেয়েদের সঙ্গে নিজের তুলনামূলক আলোচনা করল মনে মনে, এমন কি যাদের সুন্দরী বলে খ্যাতি ছিল তাদের সঙ্গেও নিজেকে মিলিয়ে দেখল মনে মনে; একই সিদ্ধান্ত, সে সুন্দরী। তবে হ্যাঁ, বোধ হয় একটু রোগা। ভাল করে নিজের চেহারা দেখবার জন্যে বহুদিন অব্যবহৃত পুরনো আয়নাখানা বের করল।
পোড়ারমুখো আয়না, আছড়ে ফেলে দিল সে।
বহুদিনের অব্যবহারে কতক কতক পারদ উঠে গিয়েছে, মুখের খানিকটা দেখা যায় খানিকটা দেখা যায় না, সবসুদ্ধ মিলে যে ছায়া ভেসে ওঠে তা সন্তোষজনক মনে হয় না তার। দোষ অবশ্যই দর্পণের, আছড়ে ফেলে দেয় দর্পণখানা।
তখন সে স্থির করল একখানা নূতন আয়না কিনে আনতে হবে, একেবারে সাহেব বাড়ী থেকে। তার বিশ্বাস সাহেব দোকানের আয়নায় মেমের মত ছায়া ফুটবে।
ন্যাড়ার হাতে গোটা দুই টাকা দিয়ে অন্নদা বলল, একখানা আয়না কিনে আনতে পারিস?
এ আর কি কঠিন কাজ দিদিঠাকরুন।
একবারে সাহেবী দোকান থেকে আনবি।
খুব পারব, কসাইটোলা গিয়ে বলব give me one looking glass!
গেলাস নয় রে গেলাস নয়, আয়না।
নিজের জ্ঞানগর্বে স্ফীত ন্যাড়া বলল, গেলাস নয়, দিদিঠাকরুন, গ্লাস, মানে তোমরা যাকে বল আয়না। জান দিদিঠাকরুন, মাতুনি সাহেবের বাড়িতে এত্ত বড় একখানা আয়না ছিল, বলে লাফ দিয়ে উঁচু হয়ে উঠে আয়নার আয়তন নির্দেশ করে।
তবে যা লক্ষ্মীটি, দেখিস কেউ যেন না দেখে।
দেখলেই বা, নিজের পয়সায় কিনব তার আবার ছাপাহাপি কেন?
না না, লুকিয়ে নিয়ে আসিস–দৌড়ে যা।
.
সাহেব-বাড়ির নূতন আয়নায় নিভৃতে নিজেকে পরীক্ষা করে বুঝল তার সিদ্ধান্ত ভ্রান্ত নয়, তবে নানা কারণে আপাতত সে কিছু রোগা হয়ে পড়েছে যেন। গাল দুটো তেমন পুষ্ট নয়, কার হাড়টাও বের হয়ে পড়েছে, হাত দুটোও শীর্ণ। তার ধারণা হল এই সামান্য এটি শোধরাতে পারলেই নিখুত সুন্দরী প্রতিপন্ন হতে পারে সে। তার মনে হল অভাব তার সৌন্দর্যের নয়, কেবল গায়ে কিছু গত্তি চাই। বামুনগিন্নীর উপদেশ মনে পড়ল, পুরুষ-মানুষ নাকি ওতেই ভোলে। তখন সে পৃথুল হবার উপায় সন্ধানে নিযুক্ত হল।
