একটা ক্ষুধিত কুপিত পেত্নীর সঙ্গে এই অবকাশে ঠিক কিরূপ ব্যবহার করা উচিত জানা না থাকায় সকলে নির্বাক হয়ে রইল।
এমন সময় ছুটে প্রবেশ করল গোলগাল কালো-কোলো রঙের চুল-ছোট-করে ছাঁটা একটি মেয়ে, বলল, তোমরা সবাই অমন হাঁ করে বসে আছ কেন? কি হয়েছে?
একজন বলে উঠল, ফুলকি, চুপ কর, দেখছিস নে পেত্নীর আবির্ভাব হয়েছে।
ফুলকি রেশমীকে লক্ষ্য করে নি, এবারে দেখে চীৎকার করে উঠবে, রেশমী চোখের ইশারায় তাকে নিষেধ করল।
অন্য একজন বলল, এদিকে সরে আয়, উনি চিঁড়ে-দুধের ভোগ চান, নইলে সর্বনাশ করবেন!
ফুলকির সঙ্গে এই কদিনেই রেশমীর ঘনিষ্ঠতা হয়েছিল, এরা তা জানত না। কিন্তু ফুলকি বিলক্ষণ জানত রেশমীর স্বভাব, বুঝল একটা কিছু চলছে। তাই সে বলল, ভোগ চান তো দাও।
আনতে গিয়েছে।
এমন সময়ে চিঁড়ে ক্ষীর, সন্দেশ ও কলা নিয়ে একটি মেয়ে প্রবেশ করল। তখন সমস্যা হল—কে এগিয়ে দেবে?
ফুলকি বলল, সেজন্যে ভাবনা কি? আমি দিচ্ছি গিয়ে।
তোর হাতে কি উনি খাবেন?
কেন খাবেন না! পেত্নীতে জাতবিচার করে না।
তবে এগিয়ে নিয়ে যা, গিয়ে মর।
কিন্তু ভয়ের কিছুমাত্র লক্ষণ দেখা গেল না ফুলকির আচরণে। সে ভোগের উপকরণ পেত্নীর কাছে নিয়ে যাওয়া মাত্র পেত্নী দিব্য মানুষটির মত এসে বসল। আর সবাই হতচকিত হয়ে রুদ্ধনিশ্বাসে দেখল যে, শুধু পেত্নী নয়, পেত্নী ও ফুলকি দুজনে যথাশাস্ত্র সেগুলি মেখে-মুখে নিয়ে খেতে আরম্ভ করেছে।
ক্রমে আসল রহস্য প্রকাশ হয়ে পড়ল। সব শুনে মেয়েদের কেউ কেউ হেসে উঠল, অনেকেই রাগ করে চলে গেল। কেবল সেই বর্ষীয়সী মেয়েটি বলল, ওঁদের বিষয়ে এমন করে ঠাট্টা-তামাশা করা ভাল নয়, মেয়েটা মরবে!
.
কুঠিতে আসবার পরদিনেই ফুলকির সঙ্গে রেশমীর দেখা হয় আর অল্পক্ষণের আলাপের পরেই দুজনের খুব ভাব জমে যায়।
রেশমী শুধাল, তুমি ভাই কোথায় থাক?
ফুলকি বলল, আলেডালে।
সে আবার কি?
আজ এখানে কাল ওখানে। রেশমী বুঝল, মেয়েটি একটু অন্য ধরনের, শুধাল, কাল রাতে কোথায় ছিলে তাই না হয় বল?
কাল রাতে ছিলাম কালীবাড়ির পোড়ড়া মন্দিরটায়।
ভয় করল না?
আমার ভয় করবে কেন? ভয় করল ওদের।
কাদের?
মা কালীর ডাকিনী-যোগিনীদের।
সে আবার কি রকম?
তারা আমার চেহারা দেখে মা কালী ভেবেছিল তাই কাছে ঘেঁষে নি।
এবারে রেশমী ঠাট্টা করে বলল, আর শিবঠাকুরটি?
জানতে পারলে অবশ্য তিনি পোড়ো মন্দিরেই দেখা দিতেন।
দেবতারা তো ভাই অন্তর্যামী।
তা আর জানি নে! বলে উঠল ফুলকি।
বেশ তো, কাল না হয় কাটালে কালীবাড়িতে, আজকে কোথায় থাকবে?
ভাবছি ভোলা বাগদির ঘরেই থাকব।
বিস্মিত রেশমী শুধায, সে আবার কে?
এই গাঁয়েই থাকে লোকটা। কিছুদিন আগে তার বউ মরেছে–আমার পিছু পিছু আজ কদিন ঘুরছে। দেখ না, এই শাড়িখানা তারই দেওয়া।
এই স্পষ্ট ইঙ্গিতে রেশমী নিতান্ত বিব্রত বোধ করল, নিজের অজ্ঞাতসারে বসল একটু সরে, এতক্ষণ ঘেঁষাঘেঁষি বসেছিল।
ব্যাপারটা লক্ষ্য করে ফুলকি বলল, এতেই সরে বসলে?
অপ্রস্তুত রেশমী বলল, না না।
না ভাই, তোমার আর দোষ কি! সরে বসাই তো চাই। কিন্তু সব কথা শুনলে বোধ করি দশ রশি দূর থেকে আমাকে গড় করবে।
মেয়েটির কুথায় রেশমীর কৌতূহল বাড়ছিল, অস্ফুট স্বরে বলল, কি শুনি না?
ফুলকি শুরু করল, পুরুষ বড় লোভী, ঠিক যেন বাড়ির লোভী ছেলেটা। সন্দেশের থালা দেখলেই হুঁক হুঁক করে আশেপাশে ঘুরে বেড়াবে। এখন সারাদিন কি ভাই সন্দেশ পাহারা দিয়ে থাকা যায়, তাই একটু-আধটু ভেঙে তাদের হাতে দিতে হয়, খুশি হয়ে চলে যায়, নিশ্বাস ফেলবার সময় পাওয়া যায়। সন্দেশ যতই দামী হক, দিনরাত্রি পাহারা বসিয়ে রাখবার মত দামী নিশ্চয়ই নয়।
রেশমী বলল, তা কতজনকে সন্দেশ ভেঙে দিলে?
এবারে কথায় মিশল একটু ঝাঁজ।
হেসে উঠে ফুলকি বলল, তুমি রাগ করেছ দেখছি।
তার পরে গুন গুন সুরে গান ধরল–
‘তা গুনতে গেলে গুণের নাহি শেষ।’
রেশমী তার নির্লজ্জতায় রেগে উঠে বলল, এ তো গেরস্ত মেয়ের মত কাজ নয়। নয়ই তো। যার ঘর নেই দুয়োর নেই, সে আবার গেরস্ত কি!
তোমার কি বাপ-মা নেই?
ছিল নিশ্চয়ই, নইলে হলাম কেমন করে?
তবে?
তবে আবার কি?
এই বলে আবার সে গান ধরে–
‘আমরা যে ভাই মায়ের ছেলে
বাপ চিনি নে কোনকালে।‘
তার পরে ব্যাখ্যা করে শোনায়, আমরা তরাই অঞ্চলের লোক। মা সাঁওতাল, বাপ শুনেছি কোন্ জমিদার কি তার নায়েব কি অমনি একটা কেউ। দেখি নি কোনকালে। ওলাউঠায় মা মরে যাওয়ার পরে ঘুরতে ঘুরতে এদেশে চলে এসেছি, ভাল না লাগলে আবার ভেসে অন্যত্র চলে যাব। ঐ দেখ—এই বলে আকাশে একখানা কালো মেঘ দেখায় ঐ কালো মেঘখানা কেমন জল দিতে দিতে এক দেশ থেকে আর এক দেশে চলে যাচ্ছে।
কিছুদিন গেল রেশমীর এই মেয়েটির সম্বন্ধে মনস্থির করতে। একদিকে তার সামাজিক মন বলে, এ অন্যায় এ অন্যায়, এ ঘৃণাই এ ঘৃণাৰ্থ; অন্যদিকে তার আদিম মন বলে, এমন কি হয়েছে, এমন কি হয়েছে! একদিকে আকর্ষণ, অন্যদিকে বিকর্ষণ; এ সেই সোনার আপেল দর্শনে আদি রমণী ইভের দ্বন্দ্ব আর কি! ইভের ক্ষেত্রে যেমন রেশমীর ক্ষেত্রেও তেমনি, শেষ পর্যন্ত সোনার আপেলেরই হল জয়। দুজনের সম্পর্ক অচ্ছেদ্য হয়ে উঠল, দুই সখী।
শুধু তাই নয়, গাঁয়ের লোকের সঙ্গেও সম্বন্ধ পাতিয়ে ফেলল রেশমী, কেউ মাসি, কেউ পিসি, কেউ দিদিমা, কেউ মামীমা ইত্যাকার।
