প্ৰহ্লাদ আজও বেঁচে আছে। আজও লাঠি খেলে বেড়ায়। আজও মাটির উপরে বাহু ঠুকে আছাড় খেয়ে পড়ে।
প্ৰহ্লাদ বলত—তবে চিকিৎসাতে তাড়াতাড়ি সারে। তা ওষুধ দেন।
তখন ইনজেকশন ওঠে নি। ওষুধ নিয়ে টাকা দিয়ে প্রণাম করে চলে যেত প্ৰহ্লাদ। এক টাকা ফি-ও দিত।
ডাক্তার বলতেন—ও কী রে? ফি কেন? বাড়িতে আমি ফি নিই কবে?
—এই দেখেন, বদ্যিপেনামী না দিলে রোগ যে দেহ ছাড়ে না! আর তো দোব না!
এতকালের খাতার মধ্যে প্রদের নামে বাকি হিসাব নেই।
তারপর একের পর এক আসত রোগী। আমাশয়, জ্বর, ম্যালেরিয়া, রেমিটেন্ট, টাইফয়েডও দু-একটা আসত; গ্রহণী, তা ছাড়াও কত রোগ। এক এক রোগীর তিন-চারটে রোগে মিশে সে এক জটপাকানো জটিল ব্যাপার। তাঁর বাবা বলতেন—শাস্ত্ৰে আছে সকল বিকারের অর্থাৎ রোগের আবিষ্কার আজও হয় নি। যদিও কোনো রোগ নতুন মনে হয় তবে তার নাম জান না। বলে সংকুচিত হবে না, লজ্জিত হবে না। লক্ষণ দেখে তার চিকিৎসা করবে। এ যুগে পাশ্চাত্য চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে ল্যাবরেটরি হয়েছে। সে যুগে তাদের সে সুযোগ ছিল না।
তারপর আরম্ভ হত পাইকিরি দেখা। এ নামটা শশীর আবিষ্কার।
রোগীরা এলে—কার কী অসুখ জেনে কম্পাউন্ডারেরা দুই ভাগে ভাগ করে রাখত। সহজ রোগীদের আলাদা করে একদিকে বসত। অবশ্য অবস্থাপন্ন মান্যগণ্য রোগীদের রোগ সহজই হোক আর কঠিনই যোক তাদের দেখার কাল ছিল প্রথমেই।
পাইকিরি দেখার সময় ডাক্তার এসে বাইরে দাওয়ার উপর বসতেন। পাশে দাঁড়িয়ে থাকত। গোপাল কম্পাউন্ডার। রোগী দেখে ডাক্তার প্রেসক্রিপশন বলতেন—সে লিখত। শশীর উপর। তিনি নির্ভর করতে পারতেন না। অন্যমনস্ক শশী কী লিখতে কী লিখবে কে জানে? তা ছাড়া লেখার পর শশী নিজেই পড়তে পারত না কী লিখেছে। ডাক্তারকেই এসে জিজ্ঞাসা করতকী বলেছেন বলুন তো! লেখাটা ঠিক পড়তে পারছি না।
আরোগ্য-নিকেতনে তখন তিন জন কম্পাউন্ডার। শশী, গোপাল, আর কবিরাজি বিভাগে ছিল বাপের আমলের বুড়া চরণদাস সিং। নীরবে ঘরের মধ্যে বসে শুঠ আমলকী চূর্ণ করত, মোদক পাকাত, পুরিয়া বাঁধত।
ডাক্তার বলে যেতেন-কুইনিন সালফেট ১০ গ্রেন, অ্যাসিড সাইট্রিক ২০ গ্রেন, ম্যাগসালফ ১০ গ্রেন, স্পিরিট এনেসি ৫ ফোঁটা, জল।
–আগে এক ডোজ ক্যাস্টর অয়েল খাইয়ে দাও।
সে যেত। আর একজন আসত। আমাশয়। অনেক দিনের। ডাক্তার ডাকতেন—সিংমশায়। চরণদাস এসে দাঁড়াত।
—একে রেসা খাদ্মে দেবেন তো। ওটা তাদের মুষ্টিযোগ।
–তোমার কী?
–সুয্যিফোড়। সূর্যোদয়ের সঙ্গে মাথা ধরা শুরু হয় সূর্যাস্তের পর ছাড়ে। এর মধ্যে ভীষণ যন্ত্ৰণা।
জীবন দত্ত আবার ডাকতেন—সিংমশায়! সুযিফোড়ের মুষ্টিযোগ বলে দিয়ে নতুন রোগীর দিকে মন দিতেন। হঠাৎ চকিত হয়ে উঠতেন।
তিন দিন অল্প জ্বর, মাথায় যন্ত্রণা। একজুরী। জিভ দেখিজিভ দেখেই ডাক্তার সতর্ক হয়ে বসেনদেখি, নাড়ি দেখি। নাড়ি ধরে চোখ বোজেন। ও হাতটা দেখি।
–হুঁ, এস তো বাপু, টেবিলের উপর শুয়ে পড় তো। পেটটা দেখি। ঝাঁপ আছে কি না?
–হুঁ!।
—তুমি বাপু সাবধানে থাকবে। তোমাকে দুদিন ঘোরাবে বোধহয়। বুঝেছ?
নাড়িতে যেন শক্ত রোগের আভাস পাওয়া যাচ্ছে। স্পষ্ট বিকাশ এখনও হয় নি। তবে মনে। হচ্ছে। জিভ পেটও তাই সমর্থন করছে। টাইফয়েড।
গোপাল, কাগজ আন। প্রেসক্রিপশন লিখতে লিখতেই ডাক্তার বললেন–দেখো, দুবার জ্বর ওঠানামা করে কি না। লক্ষ্য রেখো।
–আজ্ঞে না। জ্বর তত নাই। ওই একভাবে–সুতোর সঞ্চারে–
—না না! ভাল করে লক্ষ্য কোরো। ভাত–মুড়ি—এসব খেয়ো না। সাগু খাবে। সাগু। দুধ? উঁহুঁ–দুধ খেয়ো না। আর নিজে এমন করে এসো না। বুঝেছ? হ্যাঁ, ঘোরাতে পারে দুদিন।
ব্যস। এইবার গ্রামের কটি রোগীর বাড়ি যেতে হবে। তারপর নবগ্রাম। সাহাদের বাড়িতে একটা নিউমোনিয়া কেস, সুবর্ণবাবুর ছেলের রেমিটেন্ট ফিবার, রমেন্দ্রবাবুর ছোট ছেলের প্রমেহ, নেপালের স্ত্রীর সূতিকা। কেউ ফি দেবে কেউ দেবে না। যারা দেবে, তাদেরও দু-একজনের বাকি থাকবে।
এ ছাড়া পথে আরও কত জন কত বাড়ি থেকে তাকে ডাকত।—মশায়, একবার আমার ছেলেকে দেখুন। ছেলে কোলে নিয়ে পথের ধারেই দাঁড়িয়ে থাকত দু-একজন। কারও কারও বাড়ি যেতে হত। বৃদ্ধ, শয্যাশায়ী যারা—তারা পথের ধারে দাঁড়ায় কী করে?
—মশায়, একবার যদি আমার মাকে দেখে যান!
মনে পড়ছে, সেদিন সেতাব তাকে যোগী বাঁড়ুজ্জেকে দেখতে ডেকেছিল।
জীবন, একবার বাপু যোগী বাড়জ্জেকে দেখে যা। ছেলেপুলে নাই, আমাকেই বললে যোগী–যদি জীবন মশায়ের সঙ্গে দেখা হয় বোলো, একবার যেন দেখে যান আমাকে। চ্যারিটেবল ডিসপেনসারির ওষুধে তো কিছু হল না।
সেতাব নেপাল এরা দুজনে এইসব রোগীদের পৃষ্ঠপোষক ছিল। ওরা তার জন্যে প্রতীক্ষা করে থাকত।
জীবন দত্ত হাসিমুখেই যেতেন। ওদের বলতেন—বলিস বুঝলি, খবর দিয়ে বলিস। আমি দেখে যাব।
নেপাল খবর আনত–হরিহর ডোম খুব ভুগছে। চল একবার যাবি। গোপলা বাউরির মায়ের জ্বর, তাকেও একবার দেখে যাবি চল।
হরিহরের অসুখ ভাল হলে তার কাছে একটা পাঁঠা আদায় করবে নেপাল। সে জীবন দত্ত জানতেন। এবং সেই পাঠাটা নিয়ে চাল ডাল ঘি মসলা তরিতরকারি নেপাল নিজে দিয়ে একদিন ফিস্ট করবে। জীবন দত্তকে দিতে হবে-মাছ-মিষ্টি।
বাড়ি ফিরতে অপরা। পকেটে টাকায় আধুলিতে দশ-বার টাকা। ফি ছিল তখন এক টাকা। দিনান্তে ফি একবার। দ্বিতীয়বারের ফিয়ের রেওয়াজ ছিল না। জামাটা খুলে দিতেন। আতর-বউকে। ছেলে বনবিহারী মেয়ে সুষমা এসে দাঁড়াত।
