কিন্তু নবকৃষ্ণ সিংহ সেটা চাপা দিলেন, বললেন–তাতে কী হয়েছে?
মঞ্জরীর মা বলেছিলেনকোবরেজ? ছিঃ ছি! একালে কোবরেজের কি মানসম্মান আছে? পয়সাই বা কোথায়? তুমি বরং লিখে দাও ছেলেকে ডাক্তারি পড়াতে হবে।
ধমক দিয়েছিলেন নবকৃষ্ণ সিং। বলেছিলেন তার ছেলেকে তিনি যদি ডাক্তারি না পড়ান? দায়টা আমাদের না তাদের?
মঞ্জরী নাকি কেঁদেছিল গোপনে কিন্তু সে কথা মায়ের অগোচর ছিল না। তিনি আবারও বলেছিলেনো বাপু, একে তোে ছেলের ওই দত্যির মত চেহারা, তার ওপর কোবরেজ হলে খালি গায়ে-বড়জোর পিরান চাদর গায়ে—না বাপু।
নবকৃষ্ণ বলেছিলেন খবরদার! সাবধান করে দিচ্ছি আমি-এ বিয়ে ভেঙে গেলে তোমার মেয়েকে আইবুড়ো হয়ে থাকতে হবে। ভূপী বোস কালসাপের বাচ্চা তার বিষে তোমার মেয়ের জীবন নীল হয়ে গিয়েছে। ও দেখে তোমার মেয়েকে নিতে পারে শুধু জগৎআশায়। কবিরাজ বলে তাকে উপেক্ষা করতে চেয়ো না।
চুপ করতে বাধ্য হয়েছিলেন মঞ্জরীর মা। কিন্তু গজগজ তিনি করেছিলেন।
এই অবস্থায় ভূপীর সঙ্গে আপোস করে বঙ্কিম এল। ফলে আরও দুদিন প্রচণ্ড ঝগড়া হয়ে গেল। তৃতীয় দিন রাত্রে নবকৃষ্ণ ঘুমিয়ে থাকলেন বাড়িতে, বঙ্কিমকে সঙ্গে নিয়ে মা এবং মঞ্জরী গরুর গাড়ি ভাড়া করে এসে উঠল কাঁদীতে। পরের দিন ২৯শে বিবাহের দিন ছিল পাঁজিতে।
নবকৃষ্ণ সিংহ ছুটে গিয়েছিলেন বিবাহ বন্ধ করতে কিন্তু কিছু করতে পারেন নি।
তখন মঞ্জরী ভূপতির চাদরে নিজের অঞ্চল আবদ্ধ করে নবকৃষ্ণের বাসাবাড়ি পিছনে রেখে ভূপীদের জীর্ণ পুরনো চকমিলানো দালানে গিয়ে উঠেছে।
মঞ্জরীর মা ভূপতির বামপার্শ্বে মঞ্জরীকে দেখে আনন্দাশ্ৰু বিসর্জন করে বলেছেন দেখ তো, কী মানিয়েছে—এ যেন মদন-মঞ্জরী!
ভূপতিদের বাড়িতে ওখানকার অভিজাতবংশীয়দের সঙ্গে কুটুম্বিনীর দাবিতে রহস্যালাপ করে এসেছেন। একসঙ্গে দোতলার ঘরে বসে খেয়ে এসেছেন।
ঠাকুরদাস বলেছিলেন চিটিং কেস কর তুমি, করতেই হবে।
জগদ্বন্ধু বলেছিলেন—তার আগে ভাল পাত্রীর সন্ধান কর। ওই এগারই তারিখে বিয়ে। সদ্বংশের সুন্দরী পাত্ৰী খুঁজে বের কর। বিয়ে হয়ে যাক—কেসটেস তার পরে। আমোদ-আহ্লাদ খাওয়াদাওয়া সেরে হৃষ্ট চিত্তে, সবল সুস্থ দেহে আদালতে হাজির হয়ে বলা যাবে আমাদের ঠকাতে চেয়েছিল, কিন্তু আমরা ঠকি নি। ধারাটারাগুলো বরং দেখেশুনে রেখো অবসরমত।
হা-হা করে হেসে উঠেছিলেন মশায়।
সকলে অবাক হয়ে তাকিয়েছিল জগৎ মশায়ের মুখের দিকে। এই অপমানেও জগৎমশায় হা-হা করে আসছেন।
জগৎ মশায়ের সেই এক কথা—বিয়ে এগারই। একদিন পিছুবে না। সুরেন্দ্ৰ তুমি আর সেতাব আমার সঙ্গে পাত্রী দেখতে যাবে। তোমরা পছন্দ করে ঘাড় নাড়লে আমি তবে হাঁ বলব। খোঁজ কর কোথায় আছে গরিবের ঘরের সুন্দরী স্বাস্থ্যবতী মেয়ে। তবে বংশ সদ্বংশ হওয়া চাই।
সেতাব, সুরেন্দ্র, নেপাল এদের উৎসাহের আর সীমা ছিল না। উঠে পড়ে লেগেছিল-পাত্রী খুঁজে বের করবেই। ভাল মানুষ সেতাব হেসে বলেছিল—এ সেই রাজপুত্র মন্ত্রীপুত্ৰ সদাগরপুত্র কোটালপুত্রের গল্প হল, যারা উদ্দেশে রাজকন্যের সন্ধানে বেরিয়ে পড়ল। কিন্তু ভাই জীবন, তুই এই একটু হাঁস দেখি!
সেতাব চিঠি লিখেছিল তার মামার বাড়িতে। সুন্দরী গুণবতী সদ্বংশের বয়স্কা পাত্রী থাকিলে অবিলম্বে জানাইবে। কোনো পণ লাগিবে না। পাত্রের পিতা এখানকার নামকরা কবিরাজ জগৎ মশায়। খুব রোজগার। জমি পুকুর বাগান জমিদারি আছে। ছেলেও কবিরাজি শিখিতেছে।
সুরেন্দ্র সত্য সত্যই চালচিড়ে বেঁধে বেরিয়ে পড়ার মত বেরিয়ে পড়েছিল। জগৎ মশায়ের কাছে কয়েকটি টাকা চেয়ে নিয়ে বলেছিল—আমি একবার সদর শহরটা ঘুরে আসি। পসার নাই এমন গরিব উকিল মোক্তারের তো অভাব নাই। এদের মধ্যে কায়স্থও অনেক। বয়সওয়ালা আইবুড়া মেয়ে এইসব জায়গাতে মিলবে।
জগৎমশায় তাই পাঠিয়েছিলেন সুরেন্দ্রকে।
নেপালটা ছিল ছেলেবেলা থেকেই আধপাগলা। সন্ধানের ধারা ছিল বিচিত্র। তার বাবা ছিলেন সবরেজেষ্ট্রি আপিসের মোহরার। নেপাল তখন বাপের সঙ্গে সবরেজেষ্ট্রি আপিসে গিয়ে টাউটের কাজ করত। দলিল যাতে আগে রেজেষ্ট্রি হয় তার ব্যবস্থা করে দাখিল দিত, কাটাকুটি থাকলে কৈফিয়ত লিখে দিত, শনাক্তদার না থাকলে শনাক্ত দিয়ে দিত। অর্থাৎ বলে দিত—এই ব্যক্তির নাম ধাম পিতার নাম যাহা বলিয়াছে তাহা সত্য আমি শ্ৰীনেপালচন্দ্র মুখোপাধ্যায় পিতা শ্ৰীবিনোদলাল মুখোপাধ্যায় নিবাস নবগ্রাম-আমি ইহাকে জানি এবং চিনি। তার তলায় সই মেরে দিত। ফি নিত দু আনা। নেপাল সবরেজেষ্ট্রি আপিসের সামনে বটতলায় বসে জনে। জনে জিজ্ঞাসা করত-বলি চাটুজ্জেমশায়, আপনার খোঁজে ভাল কায়স্থ পাত্রী আছে?
—ওহে কী নাম তোমার? গোবিন্দ পাল? কায়স্থ পাত্রীর খোঁজ দিতে পার?
–কোথায় বাড়ি শেখজীর? আপনাদের গায়ের কাছাকাছি কায়স্থ আছে? বেশ সুন্দরী ভাল। বংশের কন্যে আছে? বলতে পারেন?
শুধু এই নয়, পথেঘাটে পথিক পেলেই সে প্রশ্ন করত। ভাল কন্যে আছে হে কায়স্থ বংশের?
শেষ পর্যন্ত লাগল একদিন। ওদের জমির ভাগজোতদার নবীন বন্দীকে বলেছিল-খোঁজ করিস তো নবীন! ভাল কায়স্থদের বড়সড় মেয়ে। নবীন যাচ্ছিল কাটোয়ার বয়ে গঙ্গাজল আনবে। নেপাল বলেছিল—যাবি তো এতটা পথ। আসিস তো নবীন খোঁজ করে।
***
আজকের জীবন মশায় তখন শুধু জীবন; বড়জোর জীবন দত্ত। সেদিন জীবনের পক্ষে এ আঘাত হয়েছিল মর্মান্তিক। কিন্তু ভেঙে পড়েন নাই। বরং ক্রোধে আক্ৰোশে বিবাহের জন্য উৎসাহিত হয়ে উঠেছিলেন। সে উৎসাহ অনেকের চোখে বেশি বেশি মনে হয়েছিল। জীবন কিন্তু গ্রাহ্য করেন নাই। তরুণ জীবন সেদিন মনের ক্ষোভে উল্লাসে উন্মত্ত হয়ে উঠতে চেষ্টা করেছিল।
