সুরঞ্জনের ঘুম হয়নি। সারারাত। ভাল না লাগায় তাকে পেয়ে বসেছে। কিরণময়ী সকালে একবার এসেছিলেন ঘরে। সম্ভবত মায়ার কথাই জিজ্ঞেস করতে যে, কিছু কি হবে না, দিন কি এমন মায়াহীন যাবে? এ ক’দিনে কিরণময়ীও কেমন মরা মরা হয়ে গেছেন। চোখের কোণে কালি, শুকনো মুখে রা নেই, হাসি নেই। ঘুমিয়ে আছে এমন শিথিল পড়ে ছিল সুরঞ্জন বিছানায়। কিরণময়ীকে বুঝতে দেয়নি তার ভেতরে ভীষণ এক যন্ত্রণা হচ্ছে। কিরণময়ী তার টেবিলে দুবেলা খাবার রেখে যান, নিঃশব্দে। সুরঞ্জনের মাঝে মধ্যে রাগও ধরে, মানুষটি কি পাথর? তাঁর স্বামী পঙ্গু, কন্যা হারিয়ে গেছে, পুত্ৰ থেকেও নেই, তবু কেন অভিযোগ নেই। কারও প্রতি? মৃত মানুষের মত অভিযোগহীন, অনুভবহীন আশ্চর্য নিথর জীবন কিরণময়ীর।
সে সিদ্ধান্ত নেয় সারাদিন সে ঘুমোবে। তার ঘুম দরকার। অনেকদিন ঘুম হয় না। ভয়ঙ্কর এক থাবা সে চোখ বুজলেই টের পায় এগিয়ে আসছে তার দিকে। গলা টিপে ধরছে তার। শ্বাসরোধকারী হাত একটির পর একটি আসছেই। সে স্বস্তি পায় না, একফোঁটা শান্তি পায় না।
১০খ.
ননীগোপাল এসেছেন মানিকগঞ্জ থেকে, সঙ্গে বউ ছেলে মেয়ে। ননীগোপাল সুধাময়ের লতায়-পাতায় আত্মীয় হন। সুধাময়ের ঘরের ভাঙা জিনিসগুলো দেখে এতটুকু বিস্মিত হন না। ননীগোপাল, বলেন—আপনার বাড়িও তবে বাদ দেয়নি?
ললিতা, ননীগোপালের বউ, সিঁদুর মোছা সিঁথিও ঘোমটায় ঢেকেছেন। তিনি কিরণময়ীর দুটো হাত বুকে চেপে ‘বৌদিগো’ বলে কেঁদে ওঠেন। জড়সড় দাঁড়িয়ে থাকে ললিতার মেয়েটি। কি নাম যেন ওর, সুধাময় মনে করতে পারেন না। মায়ার বয়সী হবে মেয়েটা। মায়ার চেয়ে দু-এক বছর কম হতে পারে। মেয়েটির দিকে অপলক তাকিয়ে থাকেন সুধাময়। তাঁর চোখ আবার ঝাপসা হয়ে ওঠে। মায়া নেই। মায়া যে নেই এ কথা সুধাময়ের বিশ্বাস হতে চায় না। যেন আছে, পাশের বাড়িতেই আছে, অথবা টিউশনিতে গেলে বিকেলে ফিরে আসবে। আসলে বাড়ির সকলের গোপনে গোপনে এই আশা থেকেই গেছে, যে, ধর্ষিতা নির্যাতিতা ক্ষতবিক্ষত মায়া একদিন ফিরে আসবে।
–দাদা, এই দেশে আর থাকব না। মেয়ে বড় হয়েছে, বড় ভয় হয় কখন কী হয়।
সুধাময় মেয়েটি থেকে চোখ ফিরিয়ে বলেন–চলে যাবার কথা আমার-সামনে বলো না। শুনলাম পাশের বাড়ির গৌতমরাও চলে যাচ্ছে। পেয়েছটা কি? কথায় কথায় চলে যাব। যেখানে যাবে সেখানে গুণ্ডা বদমাশ নেই? সেখানে ভয়-ডর নেই? মেয়েদের নিরাপত্তার অভাব সব দেশেই। বলে না নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস? তোমার হয়েছে সেই অবস্থা।
ননীগোপালের পরনে পাজামা পাঞ্জাবি। মুখে খোঁচা খোঁচা দাড়িও গজিয়েছে। তিনি কপালে দুটো হাত রেখে চুপচাপ বসে থাকেন। ললিতা কাঁদেন। আশঙ্কায় কাঁদেন। আর কিরণময়ী পাথর হয়ে ললিতার কান্না শোনেন। এ কথা বলতেও তাঁর স্বর ওঠে না যে না মায়াকে ধরে নিয়ে গেছে, আজও ফেরেনি মায়া।
ননীগোপালের কাঠের ব্যবসা ছিল। পুড়িয়ে দিয়েছে ওরা কাঠের গোলা। এতেও তিনি বিচলিত হননি, তাঁর ভয় অঞ্জলিকে নিয়ে। মেয়েকে না। আবার কবে ধরে নিয়ে যায়! তিনি বলেন–দাদা, ললিতার এক আত্মীয় ফেনীর চাঁদপুরে বাড়ি, সম্পত্তির লোভে তাঁকে ধরে নিয়ে গেছে, পরে তাঁকে মেরে ফেলে রেখেছে। জয়দেবপুরের পিংগাইলে অশ্বিনী কুমার চন্দ্রের চৌদ্দ বছরের মেয়ে মিকোকে ধরে নিয়ে রেপ করেছে জানেন না? পরে মেয়েটি মারা গেছে। গোপালগঞ্জের বেদগ্রামের হরেন্দ্রনাথ হীরার মেয়ে নন্দিতা রানী হীরাকে ধরে নিয়ে গেছে। বাঞ্ছারামপুরের ক্ষিতীশ চন্দ্র দেবনাথের মেয়ে করুণাবালাকে গ্রামের মুসলমান ছেলেরা ধরে নিয়ে রেপ করেছে। ভোলার কালীনাথ বাজারের শোভা রানীর মেয়ে তন্দ্ৰা রানীকেও ধরে নিয়ে রেপ করেছে। টাঙ্গাইলের আদালত পাড়া থেকে সুধীর চন্দ্ৰ দাসের মেয়ে মুক্তি রানী ঘোষকে আবদুল কাইয়ুম নামের এক আদম ব্যাপারী ধরে নিয়ে গেছে। ভালুকার পূর্ণচন্দ্ৰ বৰ্মণের মেয়েকে জোর করে ধরে নিয়ে গেছে। রংপুরের তারাগঞ্জে তিনকড়ি সাহার মেয়ে জয়ন্তী রানী সাহাকে অপহরণ করা হয়। এসব শোনেননি?
—এসব কবেকার ঘটনা? সুধাময় ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন।
ননীগোপাল বলেন–উননব্বই-এর।
—এত আগের কথা এখনও মুখস্থ করে রেখেছ?
—এসব কি ভোলার মত?
—কোন পরীবানু, আনোয়ারা, মনোয়ারা, সুফিয়া, সুলতানা। এদের খবর রাখো না? এদেরও তো ধরে নিয়ে যায়। এদেরও তো অত্যাচার করে, রেপ করে।
ননীগোপাল আবারও মাথায় দুই হাত রেখে বসে থাকেন। খানিকপর বলেন—আপনার অসুখ খবর পেয়েছি। দেখতে যে আসব, নিজের চিন্তায় বাঁচি না। যাবার সময় ভাবলাম দেখা করে যাই। আজ রাতেই বেনাপোল চলে যাব। বাড়িঘর বিক্রি করা সম্ভব হল না। ললিতার এক মামাতো ভাইকে বলেছি সে যেন একসময় বিক্রি করে দেয়।
–সুধাময় বুঝতে পারেন তিনি ফেরাতে পারবেন না। ননীগোপালকে। তিনি ভেবে পান না চলে গেলে কী লাভ ৷ এই দেশের রয়ে যাওয়া হিন্দুরা সংখ্যায় আরও যদি কমে যায়, তবে এদের ওপর অত্যাচার আরও বাড়বে। লাভ হবে–যারা যাবে তাদের, নাকি যারা থেকে যাবে তাদের? সুধাময় অনুমান করেন লাভ আসলে কারওর নয়, ক্ষতি সকলের, ক্ষতি দরিদ্রের, ক্ষতি সংখ্যালঘুদের। কী করলে, ঠিক কতজন মারা গেলে এ দেশের হিন্দুরা ভারতের উগ্ৰবাদী হিন্দুদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারবে তা জানতে ইচ্ছে করে সুধাময়ের। জানলে তিনি নিজে অন্তত আত্মহত্যা করতেন। অনেককে আত্মহত্যার জন্য বলতেন। তাতে যদি বাকি হিন্দুদের কিছু কল্যাণ হত।
