হাদিস নম্বরঃ ৬৬৬৬ | 6666 | ٦٦٦٦
পরিচ্ছদঃ ৩০১২. জনগনের নেতৃত্ব লাভের পর তাদের কল্যান কামনা না করা
৬৬৬৬। ইসহাক ইবনু মানসুর (রহঃ) … হাসান বসরী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মাকিল ইবনু ইয়াসারের কাছে তার শুশ্রুার আসলাম। এ সময় উবায়দুল্লাহ প্রবেশ করল। তখন মাকিল (রাঃ) বললেনঃ আমি তোমাকে এমন একটি হাদীস বর্ণনা করে শোনাব, যা আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। তিনি বলেন, যদি কোন দায়িত্বশীল ব্যাক্তি মুসলিম জনগণের দায়িত্ব লাভ করল এবং তার মৃত্যু হল এ অবস্থায় যে, সে ছিল খিয়ানতকারী, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন।
হাদিস নম্বরঃ ৬৬৬৭ | 6667 | ٦٦٦۷
পরিচ্ছদঃ ৩০১৩. যে কঠোর ব্যাবহার করবে মহান আল্লাহ্ তা’আলাও তার প্রতি কঠোর ব্যাবহার করবেন
৬৬৬৭। ইসহাক ওয়াসেতী (রহঃ) … তারীফ আবূ তামীমা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাফওয়ান (রহঃ), জুনদাব (রাঃ) ও তাঁর সাথীদের কাছে ছিলাম। তখন তিনি তাদের উপদেশ দিচ্ছিলেন। তারা জিজ্ঞাসা করল, আপনি কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন কথা শুনেছেন? উত্তরে তিনি বললেন, আমি তাকে বলতে শুনেছি যে, যারা মানুষকে শোনাবার জন্য কোন কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ তার এ কথা শুনিয়ে দিবেন। আর যারা অন্যের প্রতি কঠোর ব্যবহার করে কিয়ামতের দিন আল্লাহ তা’আলা তার প্রতি কঠোর ব্যবহার করবেন। তাঁরা পুনরায় বলল, আমাদেরকে কিছু উপদেশ দিন। তিনি বললেনঃ মানুষের দেহের যে অংশ প্রথম দুর্গন্ধময় হবে, তা হল তার পেট। সুতরাং যে ব্যাক্তি সামর্থ্য রাখে যে একমাত্র পবিত্র (হালাল) খাদ্য ছাড়া আর কিছু সে আহার করবে না, সে যেন তাই করতে চেষ্টা করে। আর যে ব্যাক্তি সামর্থ্য রাখে যে এক আজলা পরিমাণ রক্তপাত ঘটিয়ে তার ও জান্নাতের মাঝে প্রতিবন্দকতা সৃষ্টি করবে না, সে যেন অবশ্যই তা করে।
ইমাম বুখারী (রহঃ) এর ছাত্র ফেরাবরী) বলেনঃ আমি আবু আবদুল্লাহ (রহঃ) (ইমাম বুখারী) কে জিজ্ঞাসা করলাম, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি- এ কথা কি জুনদাব বলেছিলেন? তিনি বললেনঃ হ্যাঁ, জুনদাবই।
হাদিস নম্বরঃ ৬৬৬৮ | 6668 | ٦٦٦۸
পরিচ্ছদঃ ৩০১৪. রাস্তায় দাঁড়িয়ে বিচার করা, কিংবা ফাতওয়া দেওয়া। ইয়াহইয়া ইবন ইয়ামার (রহঃ) রাস্তায় বিচার কার্য করেছেন। শাবী (রঃ) তাঁর ঘরের দরজায় বিচার কার্য করেছেন
৬৬৬৮। উসমান ইবনু আবূ শায়বা (রহঃ) … আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি ও নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ে মসজিদ থেকে বের হচ্ছিলাম। এমন সময় একজন লোক মসজিদের আঙ্গিনায় আমাদের সাথে সাক্ষাত করে বলল, ইয়া রাসুলাল্লাহ! কিয়ামত কখন হবে? নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি তার জন্য কি প্রস্তুত গ্রহণ করেছ? এতে লোকটি যেন কিছুটা লজ্জিত হল। তারপর বলল, ইয়া রাসুলাল্লাহ! রোযা, সালাত (নামায/নামাজ), সাদাকা খুব একটা তার জন্য করতে পারিনি। তবে আমি আল্লাহ ও তার রাসুলকে ভালবাসি। তিনি বললেনঃ তুমি যাকে ভালবাস (কিয়ামতে) তার সাথেই থাকবে।
হাদিস নম্বরঃ ৬৬৬৯ | 6669 | ٦٦٦۹
পরিচ্ছদঃ ৩০১৫. উল্লেখ আছে যে, রাসূলূল্লাহ (সাঃ) এর কোন দারোয়ান ছিল না
৬৬৬৯। ইসহাক ইবনু মানসুর (রহঃ) … সাবিত বুনানী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ) কে তার পরিবারের একজন মহিলাকে এ মর্মে বলতে শুনেছি যে, তুমি কি অমুক মহিলাকে চেন? সে বলল, হ্যাঁ। আনাস (রাঃ) বললেনঃ একবার নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকট দিয়ে যাচ্ছিলেন। সে তখন একটি কবরের পাশে কাঁদছিল। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ আল্লাহকে ভয় কর এবং ধৈর্য ধারণ কর। তখন সে বলল, আমার কাছ থেকে সরে যাও, কেননা তুমি আমার মুসীবত থেকে মুক্ত। আনাস (রাঃ) বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে অতিক্রম করে চলে গেলেন। এ সময় অপর লোক তার পাশ দিয়ে যাচ্ছিল। সে তাকে জিজ্ঞাসা করল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বললেনঃ। স্ত্রীলোকটি বলল, আমি তো তাকে চিনতে পারিনি। লোকটি বলল, ইনই তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! তিনি বললেন, পরে সে (স্ত্রীলোকটি) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরজায় আসল। তবে দরজায় কোন দারোয়ান দেখতে পেল না। তখন সে বলল, ইয়া রাসুলাল্লাহ! আল্লাহর শপথ! আমি আপনাকে চিনতে পারিনি। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ প্রথম আঘাতেই ধৈর্য ধারণ করতে হয়।
হাদিস নম্বরঃ ৬৬৭০ | 6670 | ٦٦۷۰
পরিচ্ছদঃ ৩০১৬. বিচারক উপরস্থ শাসনকর্তার বিনা অনুমতিতেই হত্যাযোগ্য আসামীকে মৃত্যুদন্ড প্রদান করতে পারেন
৬৬৭০। মুহাম্মাদ ইবনু খালিদ যুহলী (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, কায়স ইবনু সা’দ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এরূপ থাকতেন যেরূপ আমীরের (রাষ্ট্র প্রধানের) সামনে পুলিশ প্রধান থাকেন।
হাদিস নম্বরঃ ৬৬৭১ | 6671 | ٦٦۷۱
পরিচ্ছদঃ ৩০১৬. বিচারক উপরস্থ শাসনকর্তার বিনা অনুমতিতেই হত্যাযোগ্য আসামীকে মৃত্যুদন্ড প্রদান করতে পারেন
৬৬৭১। মুসাদ্দাদ (রহঃ) … আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে (গভর্নর করে) পাঠালেন এবং তার পশ্চাতে মু’আয (রাঃ) কেও পাঠালেন। অন্য সনদে পরবর্তী অংশ আবদুল্লাহ ইবনু সাব্বাহ (রহঃ) আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যাক্তি ইসলাম গ্রহণ করার পর পূনরায় পূর্ব ধর্ম অবলম্বন করে। তার কাছে মু’আয ইবনু জাবাল (রাঃ) এলেন। তখন সে লোকটি আবূ মূসা (রাঃ) এর কাছে ছিল। তিনি [মু’আয (রাঃ)] জিজ্ঞাসা করলেন, এর কি হয়েছে? তিনি বললেন, ইসলাম গ্রহণ করেছিল অতঃপর ইহুদী হয়ে গেছে। মু’আয (রাঃ) বললেন, একে হত্যা না করে আমি বসব না। আল্লাহ ও তার রাসুলের বিধান (এটাই)।
