অধ্যায়ঃ ৮০/ স্বপ্নের ব্যাখ্যা প্রদান (كتاب التعبير)
হাদিস নম্বরঃ ৬৫৩৯ | 6539 | ٦۵۳۹
পরিচ্ছদঃ ২৯৪৮. স্বপ্নে মহিলার নিকাব উন্মোচন
৬৫৩৯। উবায়দ ইবনু ইসমাঈল (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাকে আমায় দু’বার স্বপ্নে দেখানো হয়েছে। আমি দেখলাম, এক ব্যাক্তি তোমাকে রেশমী এক কাপড়ে জড়িয়ে বহন করে নিয়ে আসছে এবং বলছে ইনি আপনার স্ত্রী। আমি তার নিকাব উন্মোচন করে দেখতে পাই যে ঐ মহিলাটি তুমিই এবং আমি বলছি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তা হলে তিনি তা বাস্তবায়িত করবেন।
অধ্যায়ঃ ৮০/ স্বপ্নের ব্যাখ্যা প্রদান (كتاب التعبير)
হাদিস নম্বরঃ ৬৫৪০ | 6540 | ٦۵٤۰
পরিচ্ছদঃ ২৯৪৯. স্বপ্নে রেশমি কাপড় দেখা
৬৫৪০। মুহাম্মাদ (রহঃ) … আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাকে (আয়িশাকে) শাদী করার পুর্বেই দু’বার আমাকে দেখানো হয়েছে। আমি দেখেছি, একজন ফেরেশতা তোমাকে রেশমী এক টুকরা কাপড়ে জড়িয়ে বহন করে নিয়ে আসছে। আমি বললাম, আপনি নিকাব উন্মোচন করুন। যখন সে নিকাব উন্মোচন করল তখন আমি দেখতে পেলাম যে, উক্ত মহিলা তুমিই। আমি তখন বললাম, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনি তা বাস্তবায়িত করবেন। এরপর আবার আমাকে দেখানো হল যে, ফেরেশতা তোমাকে রেশমী এক টুকরা কাপড়ে জড়িয়ে বহন করে নিয়ে আসছে। আমি বললাম- আপনি (তার নিকাব) উন্মোচন করুন। সে তা উন্মোচন করলে আমি দেখতে পাই যে, উক্ত মহিলা তুমিই। তখন আমি বললামঃ এটা যদি আল্লাহর পক্ষ থেকে হযে থাকে তাহলে তিনি তা বাস্তবায়িত করবেন।
অধ্যায়ঃ ৮০/ স্বপ্নের ব্যাখ্যা প্রদান (كتاب التعبير)
হাদিস নম্বরঃ ৬৫৪১ | 6541 | ٦۵٤۱
পরিচ্ছদঃ ২৯৫০. স্বপ্নে হাতে চাবি দেখা
৬৫৪১। সাঈদ ইবনু উফায়র (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, আমাকে সংক্ষিপ্ত অথচ বিশদ অর্থবহ বানী সহকারে প্রেরণ করা হয়েছে এবং ভীতি উদ্রেককারী প্রভাব দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। একদা আমি ঘুমিয়েছিলাম। আমার কাছে ভূ-পৃষ্ঠের ভাণ্ডার সমুহের চাবি পেশ করে আমার সামনে রাখা হল।
(আবূ আবদুল্লাহ) মুহাম্মাদ বুখারী (রহঃ) বলেন, আমার কাছে এ কথা পৌছেছে যে, সংক্ষিপ্ত অথচ বিশদ অর্থবহ বাণী এর অর্থ হল, আল্লাহর অনেক বিষয় যা পূর্ববতী কিতাব সমুহে লেখা হত- একটি অথবা দুটি বিষয়ে সন্নিবেশিত করে দেন। অথবা এর অর্থ অনুরূপ কিছু।
অধ্যায়ঃ ৮০/ স্বপ্নের ব্যাখ্যা প্রদান (كتاب التعبير)
হাদিস নম্বরঃ ৬৫৪২ | 6542 | ٦۵٤۲
পরিচ্ছদঃ ২৯৫১. স্বপ্নে হাতল অথবা আংটায় ঝুলা
৬৫৪২। আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ও খলীফা (রহঃ) … আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম যেন আমি একটি বাগিচায় আছি। বাগিচার মাঝখানে একটি স্তম্ভ। স্তম্ভের শিরোভাগে একটি হাতল। তখন আমাকে বলা হল, উপরের দিকে উঠ। আমি বললাম, পারছি না। তখন আমার কাছে একজন খাদেম আসল এবং আমার কাপড় ভিজিয়ে দিল। আমি উপরের দিকে উঠতে উঠতে হাতলটি ধরে ফেললাম। হাতলটি ধরে থাকা অবস্থায় আমি জেগে গেলাম। অতঃপর এ স্বপ্ন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বর্ণনা করলাম। তিনি বললেনঃ ঐ বাগিচা ইসলামের বাগিচা ঐ স্তম্ভ ইসলামের স্তম্ভ, আর ঐ হাতল হল মযবুত হাতল। তুমি মৃত্যু পর্যন্ত ইসলামকে শক্ত করে ধরে থাকবে।
অধ্যায়ঃ ৮০/ স্বপ্নের ব্যাখ্যা প্রদান (كتاب التعبير)
হাদিস নম্বরঃ ৬৫৪৩ | 6543 | ٦۵٤۳
পরিচ্ছদঃ ২৯৫৩. স্বপ্নে মোটা রেশমী কাপড় দেখা ও জান্নাতে প্রবেশ করতে দেখা
بَابُ عَمُودِ الْفُسْطَاطِ تَحْتَ وِسَادَتِهِ
২৯৫২. স্বপ্নে নিজ বালিশের নিচে তাঁবুর খুঁটি দেখা
৬৫৪৩। মুআল্লা ইবনু আসাদ (রহঃ) … ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি স্বপ্নে দেখতে পাই, আমার হাতে যেন রেশমী এক টুকরা কাপড়। জান্নাতের যে মানেই তা আমি নিক্ষেপ করি তা আমাকে সে স্থানে উড়িয়ে নিয়ে যায়। এ স্বপ্ন আমি হাফসা (রাঃ) এর নিকট বর্ণনা করলাম। আর হাফসা (রাঃ) তা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করলেন। তখন তিনি বললেনঃ তোমার ভাই একজন সৎকর্মপরায়ণ ব্যাক্তি। অথবা বললেনঃ আবদুল্লাহ তো একজন সৎকর্মপরায়ন ব্যাক্তি।
অধ্যায়ঃ ৮০/ স্বপ্নের ব্যাখ্যা প্রদান (كتاب التعبير)
হাদিস নম্বরঃ ৬৫৪৪ | 6544 | ٦۵٤٤
পরিচ্ছদঃ ২৯৫৪. স্বপ্নে বন্ধন দেখা
৬৫৪৪। আবদুল্লাহ ইবনু সাব্বাহ (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে তখন মুমিনের স্বপ্ন খুব কমই অবাস্তবায়িত থাকবে। আর মুমিনের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ। আর নবুয়তের কোন কিছুই অবাস্তব হতে পারে না। রাবী মুহাম্মদ (রহঃ) বলেন, আমি এরূপ বলছি। তিনি বলেন, এ কথা বলা হয়ে থাকে যে, স্বপ্ন তিন প্রকার, মনের কল্পনা, শয়তানের পক্ষ হতে ভীতি প্রদর্শন এবং আল্লাহর তরফ হতে সুসংবাদ। তাই যদি কেউ অপছন্দনীয় কিছু দেখে তবে সে যেন তা কারো কাছে বর্ণনা না করে। বরং উঠে যেন (নফল) সালাত (নামায/নামাজ) আদায় করে নেয়।
