.
পঞ্চম পরিচ্ছেদ।
পরদিবস সময় মত বালমুকুন্ আসিয়া আমার নিকট উপস্থিত হইলেন, আমিও তাঁহার সহিত রাজার কাটায় গমন করিলাম। বালমুকুন পূর্বে আমার নিকট যেরূপ বর্ণনা করিয়াছিলেন, সেই স্থানে গমন করিয়া আমিও সেইরূপ দেখিতে পাইলাম। দেখি লাম, বাস্তবিকই তাহার ঘরের সম্মুখে পরদার বাহিরে দ্বারবান্ বেশী একটী লোক বসিয়া রহিয়াছে। বালমুকুন পূর্বের পরামর্শানু যায়ী সেই দ্বারবানকে কিছু না বলিয়া, সেই পরদা উঠাইয়া ঘরের ভিতর প্রবেশ করিলেন। আমিও তাঁহার পশ্চাৎ পশ্চাৎ সেই ঘরের ভিতর গমন করিলাম। ঘরের ভিতর প্রবেশ করিয়া দেখি, যে ব্যক্তি মাণিকচঁদ বলিয়া পূর্বে বালমুকুনকে আত্ম-পূরিচয় প্রদান করিয়াছিলেন, তিনি সেই গৃহের মধ্যে পূৰ্ব্ব-বর্ণিত অবস্থায় আপন কার্যে অতি মনোযোগের সহিত রত রহিয়াছেন। টেবিলের উপর কতকগুলি কাগজ-পত্ৰ ছড়ান রহিয়াছে; কিন্তু তিনি সেই সকল কাগজ-পত্র সইয়া যে কোনরূপ কাৰ্য্য করিতেছেন, তাহা আমার বোধ হইল না। আমার বোধ হইল, তিনি একখানি পত্র লিখিতেছেনমাত্র। পত্র লিখিতেছেন সত্য; কিন্তু মধ্যে মধ্যে তাঁহার সম্মুখস্থিত একখানি সংবাদপত্রের দিকে এক একবার লক্ষ্য করিতেছেন। সংবাদপত্রখানি দেখিয়া বোধ হইল, উহা এদেশীয় সংবাদপত্র নহে, বোম্বাই প্রদেশের কোন একখানি সংবাদপত্র; কিন্তু ইংরাজীতে লেখা।
আমরা সেই ঘরের ভিতর প্রবেশ করিবামাত্রই, যে পত্রখানি তিনি লিখিতেছিলেন, তাহা নিতান্ত ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ছিড়িয়া সেই স্থানে ফেলিয়া দিলেন, এবং সংবাদপত্রখানির উপর অপর কতক গুলি কাগজ-পত্র স্থাপিত করিয়া আমাদিগের দিকে একবার লক্ষ্য করিলেন ও কহিলেন, কে? বালমুকুন্ আসিয়াছ? তোমার সঙ্গে এই যে বাবুটী আসিয়াছেন, ইনি কে?
মাণিকদের কথার উত্তর করিবার পূর্বেই বালমুকুন্ সেই স্থানে একখানি চৌকির উপর উপবেশন করিলেন, এবং আমাকে আর একখানি চৌকি দেখাইয়া দিয়া, সেই স্থানে আমাকে বসিতে কহিলেন। আমি সেই স্থানে উপবেশন করিলে পর, বালমুকুন্ মাণিকচাঁদের কথার উত্তরে কহিলেন, আমি ইহাকে সঙ্গে করিয়া আনিয়াছি, ইনি আমার একজন বিশ্বাসী বন্ধু, এবং ব্যবসা-কার্যে ইনি সবিশেষ নিপুণ; কিন্তু আজকাল ইনিও বেকার অবস্থায় বসিয়া আছেন, ইহার হস্তে কোন কৰ্ম্ম-কাৰ্য নাই। বঙ্গদেশের নানাস্থানে আমাদিগের শাখা-কাৰ্যালয় খুলিতে হইলে, অনেক লোকের প্রয়োজন হইবে, তাই আমি ইহাকে সঙ্গে করিয়া আনিয়াছি। আমি ত ইহাকে সবিশেষ উপযুক্ত লোক বলিয়া জানি। এখন আপনি ইহার সহিত প্রয়োজন মত কথাবার্তা কহিয়া দেখুন, আপনার বিবেচনায় যদি ইনি আমাদিগের কার্যোপযোগী মনে করেন, তাহা হইলে ইহাকেও আপনাদিগের কার্যে নিযুক্ত করিতে পারেন।
বালমুকুনের এই কথা শুনিয়া মাণিকচাঁদ আমার প্রতি লক্ষ্য করিয়া কহিলেন, কেমন মহাশয়! আপনি আমাদিগের ব্যবসা কাৰ্য্যে আমাদিগের সহিত মিলিত হইতে ইচ্ছা করেন কি?
মাণিকচাঁদ আমাকে এই কয়েকটী কথা কহিলেন সত্য; কিন্তু আমি বেশ বুঝিতে পারিলাম যে, তিনি তাঁহার অন্তরের ভাব আমার নিকট প্রকাশ করিতে সমর্থ হইলেন না। তাঁহার মুখ দিয়া তাহার কথা বেশ স্পষ্টরূপে বাহির হইতেছে না, মুখশ্রী যেন বিবর্ণ হইয়া আসিয়াছে, চক্ষুতে যেন স্বাভাবিক জ্যোতিঃ নাই, হস্তপদ যেন অল্প অল্প কাঁপিতেছে। মাণিকচাঁদের এইরূপ অবস্থা দেখিয়া আমার বেশ প্রতীয়মান হইল, তাহার অন্তরে যেন কোন একটী ভয়ানক ভাবের উদয় হইয়াছে। তিনি মনের সেই ভাব গোপন করিবার চেষ্টা করিতেছেন, কিন্তু কোনরূপে পারিয়া উঠিতেছেন না।
মাণিকচাঁদের কথার উত্তরে আমি কহিলাম, যখন অনুগ্রহ করিয়া আপনি আমাকে প্রতিপালন করিতে ইচ্ছুক হইয়াছেন, তখন আপনাদিগের নিকট কাৰ্য্য না করিব কেন? আমাকে কি কাৰ্য্য করিতে হইবে আদেশ করুন, অদ্য হইতেই আমি আপনা দিগের কৰ্ম্মে নিযুক্ত হই।
আমার কথা শুনিয়া মাণিকচাঁদ কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। বোধ হইল, যেন তিনি আমাকে কিছু বলিতে চাহিতেছেন, অথচ বলিতে পারিতেছেন না; তাহার মুখ দিয়া তাহার মনের এরূপ ভাব বেশ বুঝিতে পারা যাইতেছে।
একটু চিন্তা করিয়া পরিশেষে তিনি আমাকে কহিলেন, আচ্ছা, আপনি যদি ইচ্ছা করেন, তাহা হইলে এখন আপনি গমন করিতে পারেন। কোন্ কোন্ স্থানে আমাদিগের কাৰ্যালয় স্থাপিত করিতে হইবে, তাহা স্থির হইবামাত্রই আমি বালমুকুনের দ্বারা আপনাকে সংবাদ প্রদান করিব। সেই সময় আপনি আসিয়া আমাদিগের কার্যে নিযুক্ত হইতে পারিবেন। কেমন বালমুকুন! ইহাই উত্তম পরামর্শ নহে?
বালমুকুন্। আপনি যেমন বিবেচনা করেন।
মাণিক। অদ্য আমি আপনাকে গোপনে দুই চারিটী কথা কহি।
বালমুকুন্। তাহা বলিতে পারেন। ইহার নিকট আমার কোন কথা গোপনীয় নাই, ইনি আমার একজন বিশ্বস্ত বন্ধু। ইহার সম্মুখেই আমাকে সমস্ত কথা বলিতে পারেন।
মাণিক। ইনি আপনার অতিশয় বিশ্বাসী সত্য; কিন্তু আমার সহিত ইহার সবিশেষরূপ পরিচয় নাই। সুতরাং অদ্য প্রথম দিবসের আলাপের পরই, আমি ইহার সম্মুখে আমাদিগের ব্যবসার সকল কথা বলিতে পারি না।
বালমুকুন্। ইহার সম্মুখে যদি আপনি একান্তই কোন কথা বলিতে সম্মত না হন, তাহা হইলে ইনি একটু এই স্থানে অপেক্ষা করুন, আমি আপনার সহিত কোন নির্জন স্থানে গমন করিতেছি, সেই স্থানে সকল কথা হইতে পারিবে। আপনার পার্শ্বের এই ঘরের ভিতর চলুন না কেন?
