ডেভিড বলল, আই সী।
সাজিদ আবার বলতে শুরু করল, এবার তোমাকে বাইবেল থেকেই যিশুর জন্মদিনের কথা শোনাই। তুমি কি কখনো বাইবেলের লুক পড়েছ?
হ্যাঁ।
গুড। লুকের শুরুতেই কিন্তু যিশু খ্রিষ্টের জন্মের কাহিনি বর্ণনা করা আছে। সেখানে কী বলা আছে জানো?
ডেভিড তাকিয়ে আছে সাজিদের দিকে। সাজিদ বলল, লুকের কাহিনিতে বর্ণনা করা আছে যে, যিশু খ্রিষ্টের জন্ম হয় বেথেলহামে। রাজ্যে যখন আদমশুমারির ডাক পড়ে, তখন সুদূর গালীল প্রদেশের নাসরত থেকে যিশুর বাগদত্তা পিতা জোসেফ, যিশুর মাতা মেরীকে নিয়ে বেথেলহামে আসেন। মেরী তখন অন্তঃসত্ত্বা ছিলেন। বেথেলহামে আসার পরেই যিশু ভূমিষ্ঠ হয়। ডেভিড বলল, এই শ্লোক আমি পড়েছি; কিন্তু এটি দিয়ে তুমি কী বোঝাতে চাইছ, সাজিদ?
সাজিদ বলল, তুমি এখনো বুঝতে পারোনি?
না।
আচ্ছা। আমি আরও সহজ করে বলছি। খেয়াল করো, প্রথমত, মাতা মেরী অন্তঃসত্ত্বা। দ্বিতীয়ত, গালীল প্রদেশ থেকে বেথেলহামে আসতে হলে তাদের পাড়ি দিতে হবে বহুদূরের পথ। রাইট?
হ্যাঁ।
তৃতীয়ত, মাসটি যদি সত্যিই ডিসেম্বর হয়ে থাকে, তাহলে তো তুষারপাতে ঢাকা রাস্তা ভেঙে এতদূরের পথ পাড়ি দিয়ে মাতা মেরীকে নিয়ে বেথেলহামে আসা কোনোভাবেই জোসেফের পক্ষে সম্ভব না। তোমার কি মনে হয় বরফে আচ্ছাদিত অঞ্চলে, মাইলের পর মাইল পাড়ি দিয়ে একজন অন্তঃসত্ত্বা নারীকে নিয়ে কোনো পুরুষ বেথেলহামে আসতে পারে?
কিছুই বলল না ডেভিড। সাজিদ আবার বলতে লাগল, শুধু তা-ই নয়। কোনো রাজা কখনোই এরকম প্রচণ্ড শীতের সময়ে তার রাজ্যের আদমশুমারি ডাকবেন না। কারণ, এরকম পরিস্থিতিতে রাজ্যের সকল প্রান্ত থেকে লোকজনের পক্ষে এসে হাজিরা দিয়ে যাওয়া জাস্ট ইমপসিবল।
ডেভিড বলল, তো, তুমি কি বলতে চাচ্ছ যে, যিশু বেথেলহামে জন্মগ্রহণ করেনি?
তুমি কি বলতে চাচ্ছ যে, বাইবেলের কাহিনিগুলো বানোয়াট? না। আমি তা বলিনি ডেভিড। আমি শুধু বলতে চেয়েছি যে, এই ঘটনাগুলো ডিসেম্বরে, অর্থাৎ বরফজমা শীতের মৌসুমে সম্ভব না।
মানে?
মানে হলো, এই ঘটনাগুলো থেকে বোঝা যাচ্ছে যে, এগুলো অবশ্যই শীত মৌসুমের ঘটনা নয়। কীভাবে মাতা মেরী যিশুকে গর্ভে নিয়ে পাড়ি দেবেন বরফঢাকা পথ? কীভাবে একজন রাজা এমন সময়ে আদমশুমারি ডাকতে পারেন যখন রাজ্যজুড়ে নেমে আসে বরফ ঢাকা শীতের মৌসুম?
তাহলে?
হতে পারে, এই ঘটনাগুলো ডিসেম্বর ব্যতীত অন্য মাসের। অন্য মৌসুমের।
কোন মাস বা কোন মৌসুম?
সে ব্যাপারে বাইবেল অবশ্য নির্দিষ্ট করে কিছুই বলে না।
আমাদের গাড়ি শাহবাগে এসে থামল। সাজিদ গাড়ি ভাড়া পরিশোধ করতে করতে বলল, একটু আগেই নেমে গেলাম আমরা। কথা বলতে বলতে যাওয়া যাবে, কী বলো ডেভিড?
ফাইন, ডেভিড বলল। আমরা কি টিসিতে যাব না?
আমি ফিক করে হেসে ফেললাম। বললাম, ওটি টিএসসি হবে, মাই ফ্রেন্ড।
ও হ্যাঁ। টিএসসি।
আমরা ওদিকেই যাচ্ছি, বলল সাজিদ।
শাহবাগের প্রশস্ত রাস্তা ধরে হাঁটছি আমরা। প্রশ্ন করল ডেভিড। বলল, তো, তুমি বলতে চাচ্ছ যে, যিশু ডিসেম্বরে, অর্থাৎ পঁচিশে ডিসেম্বরে জন্মগ্রহণ করেনি, তাই তো?
আমি বলছি না আসলে। বাইবেলের বর্ণনা সে রকমই ইঙ্গিত করছে, বলল সাজিদ।
আই সী। কেবল এটুকু ইঙ্গিত দিয়ে কি প্রমাণিত হয় যে, যিশু ডিসেম্বরের পঁচিশ তারিখে জন্মাননি? আই থিংক, তোমার কথা যদি সত্য হয়, তাহলে বাইবেলে এরকম আরও কিছু তথ্য থাকার কথা।
আছে, সাজিদ বলল। কের দ্বিতীয় অধ্যায়েই আরও কিছু তথ্য আছে যা নির্দেশ করে যে, যিশু আসলে ডিসেম্বরে নয়, এমন কোনো একটি সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন শীত ঋতু ছিল না।
যেমন?
যেমন লুকের আট নম্বর শ্লোকে বলা হচ্ছে, যে-রাতে যিশু জন্মগ্রহণ করছিলেন, ওই সময়টায়, অর্থাৎ রাতের বেলায় মেষপালকরা মাঠে তাদের মেষ পাহারা দিচ্ছিল। এই শ্লোক থেকে কয়েকটি ব্যাপার আমাদের বোঝার আছে। আগেই বলেছি ডিসেম্বরে বেথেলহামে প্রচণ্ডরকম শীত পড়ে। তুষারপাতও হয়। এমন একটি সময়ে, রাতের বেলা মেষপালকরা কোন দুঃখে মাঠে মেষ চরাবে? এটি একেবারেই অসম্ভব এবং অযৌক্তিক। প্রথমত, প্রচণ্ড শীতের রাতে মেষপালক এবং মেষ দুটোরই বাইরে থাকা অযৌক্তিক। দ্বিতীয়ত, সে-রকম শীতের রাতে আকাশ কুয়াশায় ঢাকা থাকে। চারদিকে থাকে ঘুটঘুটে অন্ধকার। এরকম অন্ধকার পরিবেশে মেষপালকরা মাঠে মেষ ছেড়ে দিয়ে পাহারা দিচ্ছে, ব্যাপারটি খুব অযৌক্তিক নয় কি ডেভিড?
তো, তুমি বলতে চাচ্ছ এই ঘটনা মিথ্যা?
তুমি সম্ভবত আমাকে আবার ভুল বুঝছ, ডেভিড। আমি বলছি না যে, এই ঘটনা মিথ্যা; বরং আমি বলতে চাচ্ছি যে, বাইবেলের এই ঘটনা ডিসেম্বর মাসের কনকনে
শীতের রাতে ঘটা একেবারেই অসম্ভব।
তাহলে?
এই ঘটনা ডিসেম্বর মাসের শীত ঋতুর নয়। এই ঘটনা নিশ্চিতরূপে গ্ৰীয় ঋতুর। কারণ, গ্রীষ্মকালে আকাশে চাঁদের জোছনা থাকে। আবহাওয়া গরম এবং শুষ্ক থাকে। এমন সময়েই সাধারণত মেষপালকরা রাতে তাদের মেষ চরাবে। বাইবেলের ইঙ্গিত এবং যুক্তি তা-ই বলে।
ডেভিড কিছুই বলল না। সাজিদ আবার বলতে শুরু করল, খেয়াল করো, যিশুর বাগদত্তা পিতা জোসেফ এবং যিশুকে গর্ভে নিয়ে মাতা মেরীর পক্ষে কি কখনোই গালীল প্রদেশের নাসরত অঞ্চল থেকে বরফে আচ্ছাদিত পথ, কুয়াশার আস্তরণ মাড়িয়ে বেথেলহামে আসা সম্ভব ছিল? ছিল না। যুক্তিতে বিশ্বাসী এমন যে-কেউ বলবে যে, এটি কোনোভাবেই সম্ভব না। তাছাড়া, একজন রাজাও এমন সময়ে রাজ্যে আদমশুমারি ডাকবেন না, যখন ওই রাজ্যে কনকনে শীতকাল। চারদিকে তুষারপাত। তিনি ভালো করেই জানেন—এরকম পরিস্থিতিতে দূর-দূরান্তের প্রজাদের পক্ষে বেথেলহামে আসা সম্ভব না। তাই তিনি ডিসেম্বরে আদমশুমারি ডাকবেন, এটি অসম্ভব। তাহলে কোন সময়ের ঘটনা হতে পারে এটা? হতে পারে . এমন সময়ের যখন আবহাওয়া শুষ্ক ছিল। রাস্তাঘাট ভালো ছিল। তাহলে মেরী এবং জোশেফের পক্ষে গালীল প্রদেশ থেকে বেথেলহামে আসা সহজ। আর, রাজাও এমন সময়ে আদমশুমারি ডেকেছিলেন যখন আবহাওয়া শুষ্ক ছিল। কারণ, আদমশুমারিগুলো সাধারণত ফসল কাটার পর পর ডাকা হতো। কিন্তু ডিসেম্বর কোনোভাবেই ফসল কাটার মৌসুম নয়। তাহলে কোন সময়ের ঘটনা হতে পারে এটি? হতে পারে গ্রীষ্ম ঋতুর ঘটনা।
