প্রিয়তমেষু—
তোমার চাকরী হওয়ার সংবাদ পাইয়া আমার বিশেষ আনন্দ হইয়াছে। তোমার চাকরীতে আমার বিশেষ উপকার; কিন্তু তাহা তত আনন্দের কারণ নহে। তুমি অমানুষ হইয়া যাইতেছিলে, এক্ষণে মনুষ্যত্বলাভ করিতে পারিবে। আর আমি আজ মরিলে কাল তোমাদের সংসার নির্বাহের উপায় ছিল না। সে উপায় হইল, ইহাই আমার আনন্দের কারণ।
কোন organic disease না থাকিলে কেহই certificate দিতে অস্বীকার করে না। তোমার সেরূপ কোন পীড়া নাই। কর্মকার্য সম্বন্ধে উপদেশ চাহিয়াছ তাহা আমি দিব। অনুবর্তী হইলে তোমার উপকার হইবে। আপাততঃ নিম্নলিখিত বইগুলি মনোযোগ পূর্বক অধ্যয়ন করিতে আরম্ভ করিবে।
(1) Code of Cr. Procedure Chap. 5, 6, 7, 14, cal 3 sub, II,
(2) Penal Code.
(3) Evidence Act.
(4) Police Manual.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
কল্যাণবরেষু—
তোমার পত্র পাইয়াছি, আঙ্গুলের একটু বেদনা হওয়ায় নিজহাতে পত্র লিখিতে পারিলাম না। তুমি নূতন কার্যে প্রবৃত্ত হইয়া যেরূপভাবে ব্যবহার করিতেছ তাহাতে সুবিধা হওয়ার সম্ভাবনা নাই। উপরওয়ালা সাহেবরা যখন যাহা বলিবেন তখনই তাহা স্বীকার করিতে হইবে এবং সাধ্যানুসারে তাহা সম্পন্ন করিতে হইবে। রাসবিহারীবাবু কুলোক হইলেও তাঁহার উপর কিছুমাত্র অসন্তোষ প্রকাশ করিবে না। তাঁহার সম্বন্ধে কোন কথা সাহেবের নিকট বা অপর কাহারও নিকট কিছুমাত্র বলিবে না এবং তাঁহার খুব আনুগত্য করিবে। তিনি কাজ শেখান বা না শেখান আপনি কাজ শিখিবে। যে আপনি কাজ শিখিতে জানে তাহার পরের সাহায্যের প্রয়োজন হয় না, যে আপনি কাজ শিখিতে না জানে পরের সাহায্যে তাহার কোন উপকার হয় না। সাহেব যদ্যপি তোমাকে পুনর্বার “কুষ্টিয়া” যাইতে বলেন তখনই তাহা স্বীকার করিবে, কাজের জন্য আটকাইবে না। অপরজনকে জিজ্ঞাসা করিয়া কাজ করা যাইতে পারে। Magistrate সাহেবের সহিত সাক্ষাৎ হইলে তোমাকে সদরে রাখার জন্য কোন কথা বলিবে না। ইহাকে “ঘোড়া ডিঙ্গাইয়া ঘাস খাওয়া বলে।” District সাহেব তাহাতে খুব রাগ করিবার সম্ভাবনা। বংশমর্যাদা লইয়া একশবার বড়াই করিবে না, উহাতে লোক বিরক্ত হয়, উপহাস করে এবং বংশেও এমন কিছু গৌরবের কথা নাই যে সকলের কাছে সে বড়াই করা যায়। অমুককে কুষ্টিয়া দাও, আমি যাইব না, এমন সকল কথা সাহেবের কাছে বলিবে না। সর্বদা নম্রভাবে চলিবে। নম্রতা শিক্ষা তোমার নিতান্ত আবশ্যক। যাহারা তোমাকে পরামর্শ দিয়াছে যে, তুমি ছয়মাসকাল সদরে থাকিতে চাও একথা তুমি জোর করিয়া বলিতে পার, তাহারা তোমার পরম শত্রু। জোর করিয়া কোন কথা বলিলে তোমার চাকরী থাকিবে না। সাহেবের যাহা ইচ্ছা তাহা করিতে পারে। বাঙ্গালী বিশেষতঃ তোমার মত ক্ষুদ্র চাকুরের কোন কথায় জোর চলে না ইহা নিশ্চিত জানিও। কার্যে প্রবৃত্ত হইয়াছে। রাসবিহারীবাবু কি অন্য কাহাকেও শত্রু করিও না। ইতি—১৭ই ভাদ্র
শ্রীবঙ্কিম চট্টোপাধ্যায়
তুমি বোধকরি পূজার সময় বাড়ী গিয়াছিলে, এতদিনে ফিরিয়া আসিয়া থাকিবে। আমার নিকট উপদেশ চাহিয়াছিলে, আমি এই পত্রের মধ্যে সাতটী উপদেশ লিখিয়া পাঠাইলাম। এই সাতটী Golden Rule বিবেচনা করিবে। বিশেষ প্রথম পাঁচটি। ইহার অনুবর্তী হইলে সর্বত্র মঙ্গল ঘটিবে।
এখানকার সমস্ত মঙ্গল। ভরসা করি এই মাস হইতে তুমি সংসারের ভার লইতে পারিবে। ইতি—১লা আশ্বিন
শ্রীবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বিশেষ উপদেশ
১। প্রথম প্রয়োজনীয় কথা—সত্য ভিন্ন মিথ্যা পথে যাইবে না। কলমের মুখে কখন মিথ্যা নির্গত না হয়। তাহা হইলে চাকরী থাকে না। নিতান্তপক্ষে কর্তৃপক্ষের অবিশ্বাস জন্মে। অবিশ্বাস জন্মিলে আর উন্নতি হয় না।
২। দ্বিতীয়—প্রয়োজনীয় কথা পরিশ্রম। বিনা পরিশ্রমে কখন উন্নতি হয় না। কখনও কোন কাজ পড়িয়া না থাকে।
৩। উপরওয়ালাদের আজ্ঞাকারিতা। তাঁহাদিগের নিকট বিনীত ভাব। চাকরী রাখার এবং উন্নতির পক্ষে ইহা নিতান্ত প্রয়োজনীয়। তর্ক করিও না।
৪। আপনার কাজের Rules & Hours বিশেষরূপে অবগত হইবে।
৫। কাহারও উপর অত্যাচার করিবে না। পুলিশের লোকে আসামীর উপর বড় অত্যাচার করে। অনেকের বিশ্বাস তাহা না হইলে কাজ চলে না, তাহা ভ্রান্তি। না চলে সেও ভাল। ইহা নিজে কখন করিবে না বা অধীনস্থ কাহাকেও করিতে দিবে না। ইহার কারাদণ্ড আছে।
৬। সকলের সঙ্গে সদ্ব্যবহার করিবে। অধীনস্থ ব্যক্তিদিগকে সদ্ব্যবহার দ্বারা বশীভূত করিবে। কেহ শত্রু না হয়। কর্তব্য কর্মের অনুরোধে অনেকের অনিষ্ট করিতে হয়। উহার উপায় নাই। দোষীর অবশ্য দণ্ড চাই।
৭। নিষ্কারণে ভীত হইও না।
রামদাস সেনকে লিখিত পত্র
সুহৃদ্বরেষু—
আপনার প্রণয়োপহার স্বরূপ গ্রন্থ দুইখানি পাইয়াছি। পীড়াপ্রযুক্ত এতদিন পুস্তক প্রাপ্তির সংবাদ ও পত্রের উত্তর লিখিতে পারি নাই। অপরাধ মার্জনা করিবেন। কমলাকান্তের দ্বিতীয় সংস্করণ একখণ্ড আপনার নিকট পাঠাইবার জন্য কলিকাতায় আমার কার্যকারককে লিখিয়াছি। ভরসা করি আপনার সর্বাঙ্গীণ মঙ্গল। ১লা অগ্রহায়ণ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বিপিনচন্দ্র চট্টোপাধ্যায়কে লিখিত পত্র
প্রিয়তমেসু—
মেজবাবুর রীতিমত চিকিৎসা করাইবে। ব্যয় জন্য কুণ্ঠিত হইবে না। আমার কাঁটালপাড়া যাওয়া দুর্ঘট। Suburban Police Court এর চার্জ আমার নিকট, Confession or Dying Declaration লিখিতে হয়, এজন্য কোথাও যাইতে বাসনা করি না। তবে নিতান্ত আবশ্যক হইলে তখন বিবেচনা করা যাইবে।
ডাক্তার যেরূপ বলিয়াছে আমার সেরূপ বোধ হয় না। কোন চিন্তার বিষয় নাই। মেজবাবুর ওরূপ জ্বর হইয়া থাকে। এক্ষণে কেমন থাকে আগামী কালই আমাকে সম্বাদ দিবে।
আমার নিজের ব্যবস্থা, এক আধ dose China দিবে। China এই অবস্থায় বলকারক।
পুঃ আমি রবিবার কাঁটালপাড়া যাইব।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
