–হ্যাঁ না খেয়েই। কারণ চা টা খুব বিচ্ছিরি হয়েছে। এত খারাপ চা আমি খাই না। আমি দার্জিলিং চা খাই। পারলে একদিন আমার বাড়ির চা খেয়ে যাবেন। চা কাকে বলে একটু বুঝে যাবেন।
নিশ্চয়ই, নিশ্চয়ই।
সুশান্ত সিনহা দাঁড়ালেন।
–কাল আসি, ম্যাডাম?
–কালই? কেন?
–চা খেতে।
–ও।
দেখতে আপাদমস্তক এক ভদ্রলোক। আমার টিপ্পনীকে নেমন্তন্ন ভেবে নিয়েছেন! ভদ্রলোককে আর দশটা ভদ্রলোকের মতো ভদ্র মনে হলেও আদপেই তিনি ভদ্র নন।
বেরিয়ে যেতে যেতে বলি, ঠিক আছে, চা খেতে আসুন কাল। নিশ্চয়ই আমার সবকিছু যখন জানেন, ঠিকানাটাও জানেন।
সুশান্ত সিনহা মাথা নেড়ে বললেন, হ্যাঁ জানি। কে টুয়েনটি ফোর, চিত্তরঞ্জন পার্ক।
উনি নিচে নেমে এলেন আমার সঙ্গে। গাড়িতে উঠলাম। উনি হাত নাড়লেন।
সুশান্ত সিনহার হাসিটা মনে গেঁথে রইলো। চেহারাটাও। নিঃসন্দেহে সুদর্শন তিনি। ছা-পোষা কেরানির মতো তাঁর কাজকর্ম। ২০১৫ সাল, এখনও হাতে চিঠি লেখেন। ঘরের এক কোণে একটা কমপিউটার। কিন্তু ওটা আদৌ ব্যবহার করেন বলে মনে হয় না। কিছুক্ষণের পরিচয়ে আমি আজ অবধি কাউকে বাড়িতে আসতে বলিনি। হয়তো বলতে পারতাম, না ওটা বলার জন্য বলা। ওটা সত্যিকারের চা খাওয়ার নেমন্তন্ন নয়।
সুশান্ত সিনহা পরদিন এলেন বড় এক ফুলের তোড়া নিয়ে। আমার প্রিয় ফুল। সাদা লিলি। কী করে জানেন আমার প্রিয় ফুলের কথা। কোথাও হয়তো কখনও আমার পছন্দ অপছন্দের কথা ছাপা হয়েছে। পড়েছেন এবং আজও মনে রেখেছেন। ড্রইং রুমে বসলেন। চা বানিয়ে আনলাম। তিনি নিজে দুধ চিনি দিয়ে চা খান। কিন্তু আমার কাছে এসে খেলেন, আমি ঠিক যেরকম চা খাই, সেরকম।
–কেউ থাকে না আপনার সঙ্গে?
–এতকাল একাই ছিলাম। ইদানীং একজন থাকছেন সঙ্গে। আমার তো সবই জানেন আপনি। কেন খামোকা জিজ্ঞেস করছেন?
সুশান্ত সিনহা আবার তাঁর মধুর হাসিটি হাসলেন। বললেন, না না, কী বলছেন। সব জানবো, এত সৌভাগ্যবান কি আমি? সামান্য কিছু জানি। সাংবাদিকদের এটুকু জানতেই হয়।
–ও। তাই বুঝি। কোন ফুল ভালোবাসি সেও তো জানেন?
–এসবকে কোইনসিডেন্সও বলতে পারেন।
বেশিক্ষণ বসেন নি সুশান্ত সিনহা। চা খেয়েই চলে গেলেন, বললেন, চা খেতেই যেহেতু এসেছিলেন, তাই চায়ের বাইরে আর সময় নষ্ট করা তাঁর উচিত নয়। আমার একবার বলতে ইচ্ছে করেছিলো, সে কি, এত দূর থেকে এসেছেন, এত অল্প সময়ের জন্য? বলিনি কারণ চায়ের জন্যই তো আসা। আর এ লোক তো আমার বন্ধু নন যে গল্প করার দরকার আছে। দু ঘণ্টা আসতে, দু ঘণ্টা যেতে। এই চারঘণ্টা সময় চায়ের জন্য ব্যয় করে তিনি একটি বাক্য উচ্চারণ করেননি চা নিয়ে। চায়ের অ্যারোমা নিয়ে একটি শব্দ নয়। আস্ত অভদ্রলোক। এত সময় কেউ কেবল চায়ের জন্য খরচ করে! এমন নয় যে চা নিয়ে গবেষণা করছেন উনি।
আমি এরপর সুশান্ত সিনহার ফোনের জন্য অপেক্ষা করি। যখনই ফোন বাজে, মনে হয় এ সুশান্ত। ইচ্ছে করে তাঁকে ফোন করতে। কিন্তু ফোনে কী বলবো? সুশান্ত হয়তো ভাববেন আমি সাক্ষাৎকার দিতে চাইছি। আমি কিন্তু চাইছি না। তাহলে কি তাঁকে বলবো, না, এই ফোন সাক্ষাৎকারে রাজি হওয়ার ফোন নয়। তবে কী ফোন এই ফোন? আমি উত্তর জানিনা বলে ফোন করিনি।
ফোন সাতদিন পর করেন সুশান্ত। আবারও ওই সাক্ষাৎকারের কথাই জিজ্ঞেস করেন।
আমি বলি, যদি সাক্ষাৎকার দিই কোনও দিন, যদি ইচ্ছে হয় কোনওদিন। খুব জানতে ইচ্ছে হচ্ছে কী প্রশ্ন করবেন?
সুশান্ত বললেন, প্রায় তেইশ বছর আগে গর্ভবতী হয়েছিলেন। না, কারও সঙ্গে প্রেম করে নয়, কারও সঙ্গে যৌন সঙ্গম করে নয়। স্পার্ম ব্যাংক থেকে অচেনা লোকের স্পার্ম নিয়ে। ঘোষণা করেছিলেন, সন্তান নারীর, পুরুষের নয়। নিজে সন্তান প্রসব করে গোটা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছিলেন। আপনার পরে কিন্তু আর কেউ ওই কাজটা করেনি। করলেও ঘোষণা করেনি। আপনার পথ কি কেউ অনুসরণ করেছে বলে জানেন?
–দ্বিতীয় প্রশ্ন?
–আপনার মেয়ে কি জানে তার যে বাবার পরিচয় নেই? সে কি শুধু মায়ের পরিচয়ে পরিচিত হয়ে সন্তুষ্ট? কলেজ বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সামনে অসুবিধে হয় না? টাইটেলটাও তো মায়েরই?
–তৃতীয় প্রশ্ন?
–মেয়ে কি আপনাকে দোষ দেয়? বলে, তোমার নারীবাদের ভিকটিম করেছো আমাকে, বা এই ধরনের কিছু?
আপনার কি আরও কোনও প্রশ্ন আছে? আমি জিজ্ঞেস করি।
সুশান্ত কিছুক্ষণ চুপ করে থেকে বললো, সবে তো শুরু হলো, আরো অনেক প্রশ্ন আছে। কবে সাক্ষাৎকার দেবেন ম্যাডাম?
না, আমি ইন্টারভিউ দেবো না।
–তবে প্রশ্ন শুনতে চাইলেন কেন?
চাইলাম।
–চাইলাম মানে? আমাকে একটা ফালতু লোক ভেবেছেন?
–না। মোটেও না। আসলে আপনি আমাকে ফালতু লোক বলে ভাবছেন?
ফালতু লোক ভাবলে ইন্টারভিউ নিতে চাইতাম?
–হ্যাঁ চাইতেন। আপনি ভেবেছেন আমি একটা ফালতু কাজ করেছি, আমি একটা ফালতু মেয়েছেলে। তাই আমাকে আরও বেশি ফালতু হিসেবে দেখানোর জন্য আপনি আমার ইন্টারভিউ চেয়েছেন।
–বাজে বকবেন না।
–বাজে বকছি না।
সুশান্ত বললেন, আমি আসছি। আপনার বাড়িতে আসছি।
–কেন?
–এসে বলবো।
দুঘণ্টার পথ পেরিয়ে সুশান্ত সত্যি সত্যি এলেন। অনেক কাজ ফেলে চলে এলেন। বললেন, আমাকে ভুল বুঝবেন না, প্রিয়াংকা।
আপনাকে আমি ভুল নয়, ঠিকই বুঝছি সুশান্ত বাবু। আপনি এ দেশের নারীবিদ্বেষী লোকদের চেয়ে মোটেও পৃথক কিছু নন। আমি ভেবেছিলাম, কুড়ি বছর পার হয়েছে, সমাজটা বোধহয় কিছুটা সভ্য হয়েছে। কিন্তু দেখছি, যা ছিল তাই আছে। সে কারণে আমি হাতে গোণা অল্প কিছু মানুষ ছাড়া আর কারও সঙ্গে মিশিটিশি না।
