ট্রাভেল এজেন্সির ছোকরা যখন বিদায় নিল, তখন চারটে বেজে কয়েক মিনিট। তার ঠিক পরেই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে যিনি নেমে এলেন তিনি মিসেস পাকড়াশী। ঘুম থেকে উঠে মিসেস পাকড়াশী বোধহয় চুলগুলো ঠিক করে নেননি। অথচ কালো চশমাটা পরে ফেলেছেন।
ধীর পদক্ষেপে এগোতে এগোতে মিসেস পাকড়াশী একবার কাউন্টারের দিকে তাকালেন। বোধহয় বোসদার খোঁজ করলেন। আমি বললাম, গুড মর্নিং, ম্যাডাম। মিসেস পাকড়াশী যেন শুনতেই পেলেন না। আপন মনে হাতের ব্যাগটা জড়িয়ে ধরে বাইরে চলে গেলেন। রাত্রের নিস্তব্ধতা ভঙ্গ করে শাজাহান হোটেলের দারোয়ানজির হুইসলের আওয়াজ শুনতে পেলাম। এই হুইসলের শব্দেই দারোয়ানজি ট্যাক্সি ডেকে পাঠান।
মিসেস পাকড়াশীর পরই যার সঙ্গে আমার দেখা হল সে নিউ মার্কেটের এক ফুলের দোকানের কর্মচারী। হাতে একগোছা বিভিন্ন রকমের ফুল। তখন বুঝিনি, পরে জেনেছিলাম ওগুলো ফুলের নমুনা। সে দু নম্বর সুইটের মেমসায়েবের সঙ্গে দেখা করতে চাইছে। লোকটাকে করবী দেবীর কাছে পাঠিয়ে দিয়েছি। তিনি ফুল পছন্দ করে দিয়েছেন।
ও ঘরের ওই প্রাত্যহিক সূচি পরে আমার মুখস্থ হয়ে গিয়েছে। আমাদের কাছে সুইটের অন্য খাতির। যে ঘরে শুধু বিছানা আছে, তার নাম রুম। আর রুমের সঙ্গে একটা বসবার ঘর থাকলেই সেটা হয়ে গেল সুইট। হাসপাতালে জেনারেল বেডের সঙ্গে কেবিনের মর্যাদার যা তফাত, হোটেলের রুম এবং সুইটেরও সেই পার্থক্য। কেবিনেরও যেমন জাতিভেদ আছে, সুইটেরও তেমনি। দু নম্বর সুইটেরও জাত আলাদা। দু নম্বরের আলাদা ফোন আছে, এবং ঘরের মধ্যে একাধিক ঘর আছে। ঘর সাজাতে প্রতিদিন অনেক ফুল লাগে। করবী দেবী নিজে ফুল পছন্দ করেন। ফুল পছন্দর পরই লিনেন ক্লার্ক নিত্যহরি ভট্টাচার্য পেন্সিল আর কাগজ নিয়ে করবী দেবীর সঙ্গে দেখা করতে আসেন। শাজাহান হোটেলে যত চাদর লাগে, পর্দা লাগে, টেবিলক্লথ লাগে, তার রাজাধিরাজ হলেন নিত্যহরিবাবু। সবাই বলে, নিত্যহরিদা ভাগ্যবান লোক।
নিত্যহরিদা বলেন, তা নয়! বাউনের ছেলে হয়ে ধোপর কাজ করছি, এর থেকে ভাগ্য আর কী হবে! বাবা তখন কতবার বলেছিলেন, নেত্য, মন দিয়ে পড়াশোনা কর। তা নেত্যর সে-কথা কানে গেল না। নেত্য তখন ফুটবল, যাত্রা, গান, পান, বিড়ি নিয়ে পড়ে রইল। এখন নেত্য বুঝছে। দুনিয়ার লোকের পরা কাপড় বয়ে বেড়াচ্ছে। হিসেব করছে। ময়লা কাপড় ফরসা করে আবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।
নিত্যহরিদা আরও বলেন, গুরুবাক্যি অমান্য করলে এই হয়। একেবারে হাতেহাতে ফল। কে জানে গত জন্মে বোধহয় ধোপার কাপড় চুরি করেছিলাম। নইলে এমন শাস্তি ভগবান কেন দেবেন?
বেয়ারারা ওঁকে দেখতে পারে না। তারা বলে, পরের জন্মে তাহলে তোমার কী যে হবে জানিনে। চুরি করে তো ফাঁক করে দিলে। বাপের দূরদৃষ্টি ছিল। নামটা ঠিকই দিয়েছিল—নিত্য হরণ করে যে সে নিত্যহরি।
সায়েবরা বলেন, ন্যাটা। স্যাটা এবং ন্যাটা দুজনেই কর্তাদের প্রিয়। মার্কোপোলো মাঝে মাঝে আদর করে বলেন, স্যাটাহারি ও ন্যাটাহারি। গুপ্ত সংবাদ পরিবেশনে ন্যাটাহারির প্রতিপত্তি মাতাহারির থেকেও বেশি। ন্যাটাহারিবাবু কানে পেন্সিলটা গুঁজে করবী দেবীর সামনে এসে দাঁড়িয়ে প্রথমেই পায়ে হাত দিয়ে প্রণাম করেন। করবী দেবী সভয়ে পিছিয়ে যান। কী করেন, কী করেন!
ন্যাটাহারিবাবু দমবার পাত্র নন। বলেন, না মা। তুমি সাক্ষাৎ জগজ্জননী। হাঁপের টানে কতদিন ভুগলাম। তারপর, ভাগ্যে বাবা তারকেশ্বর স্বপ্নে বললেন, তোর হোটেলেই চিকিচ্ছে রয়েছে। আর মা, তোমাকে সেই প্রণাম করার পর থেকেই বেশ ভালো আছি। হাঁপানি নেই বললেই চলে।
করবী গুহ বিষণ্ণ মুখটা হাসিতে ভরিয়ে বলেন, আজ যে ফুল আনতে দিয়েছি, তার সঙ্গে ম্যাচ করবে হালকা বাসন্তী রং। পর্দা, টেবিলক্লথ, বেডশিট, টাওয়েল সব ওই রংয়ের চাই। আপনার স্টকে আছে তো?
কান থেকে পেন্সিলটা বার করতে করতে ন্যাটাহারিবাবু বললেন, কী যে বলেন মা লক্ষ্মী। নিত্যহরি যতক্ষণ আছে ততক্ষণ সব পাবেন। প্রতিমুহূর্তে খিটখিট করি বটে। কিন্তু না করলে এই আড়াইশো ঘর কি সাজিয়ে রাখতে পারতাম? তবে মা, সে রামও নেই, সে অযোধ্যা নেই। তখন সায়েসুবোরা আসত, এ-সবের কদর বুঝত। প্রতিদিন বেড়শিট চেঞ্জ হত। এখন একদিন ছাড়া ছাড়া।
করবী দেবীর এ-সব শুনতে ভালো লাগে না। কিন্তু সকৌতুক প্রশ্রয় দিয়ে ন্যাটাহারিবাবুর দিকে তাকিয়ে থাকেন। তারপর মৃদু হেসে বলেন, জিনিসগুলো তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন।
এখুনি পাঠিয়ে দিচ্ছি। আমার তো সব মুখস্থ, কোথায় রেখেছি। এখন এরা বুঝবে না। যদি কোনোদিন পালাই, কিংবা কামাই করি তখন এরা আমার কদর বুঝবে।
নিত্যহরিবাবু তার প্রাত্যহিক ইন্টারভিউ সেরে আমার চোখের সামনে দিয়ে উপরে চলে গেলেন। হোটেলের কাজকর্ম ইতিমধ্যে জমে উঠেছে। রোজি নিচেয় নেমে এসে জিমির ব্রেকফাস্টের মেনুকার্ডগুলো টাইপ করতে আরম্ভ করেছে।
এক নম্বর সুইটের রবার্টসন তখনও বোধহয় নাক ডাকিয়ে ঘুমুচ্ছে। আমি আন্দাজ করেছিলাম, ভদ্রলোকও মিসেস পাকড়াশীর সঙ্গেই হোটেল থেকে সরে পড়বেন।
ভদ্রলোক যে বহুকাল বাঁচবেন তা পরমুহূর্তেই বুঝলাম। বেয়ারা এসে বলল, এক নম্বর সুইটের সায়েব আপনাকে ডাকছেন।
কাউন্টার ছেড়ে রেখে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কিন্তু রোজি আজ আমার সঙ্গে ভালো ব্যবহার করলে। আমি যে সত্যিই মিস্টার ব্যানার্জির ব্রাদার-ইন-ল নই তো যেন সে ক্রমশ বিশ্বাস করছে।
