বললাম তো, আমি এত খেয়াল করি নি।
এ পাঞ্জাবিটা আমি প্রেজেন্ট করেছিলাম। আড়ং থেকে কিনেছি–নয় শ টাকা দাম নিয়েছে।
টেলিফোন রাখি স্বাতী?
আরে না, টেলিফোন রাখবি কি? আমি তো কথাই শুরু করি নি। আর কে কে এসেছিল।
জানি না আর কে কে এসেছিল।
ওর খালা এসেছিল?
হুঁ।
সুস্মিতা এসেছিল?
সুস্মিতা কে আমি জানি না।
সুস্মিতা ওর দূর সম্পর্কের মামি। আমার কি ধারণা জানি? আমার ধারণা সুস্মিতার সঙ্গে ওর এক ধরনের সম্পর্ক আছে। তেমন কিছু সা, প্লেটোনিক টাইপ। ও সবকিছুতে কেউ থাকুক বা না থাকুক সুস্মিতা থুকবেই। কী কুৎসিত একটা মেয়ে চিন্তা কর–হাজব্যান্ড আছে, ছেলেমেয়ে তুমছে তার বড় মেয়ে হলিক্রস কলেজে এবার ইন্টারমিডিয়েট দিচ্ছে।
তোর বকবকানি শুনতে ভালো লাগছে না স্বাতী।
তুই কি বাসায় থাকবি?
বাসায় থাকব না তো যাব কোথায়?
আমি তাহলে চলে আসি।
না।
না কেন?
আমার বাসায় কেউ এলে আমার ভালো লাগে না।
ভালো না লাগলেও আসছি। অনেক কথা আছে।
প্লিজ, আসিস না। কাল তো ইউনিভার্সিটিতে দেখা হবেই।
কাল ইউনিভার্সিটিতে দেখা হবে না। কারণ, কাল আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি। না। কাজেই আজই দেখা হবে। আমি সন্ধ্যার পর আসব। বাবার কাছ থেকে গাড়ি ম্যানেজ করেছি। ছটা থেকে নটা–এই তিন ঘণ্টার জন্য গাড়ি পাওয়া গেছে। আমি কিন্তু আসছি সন্ধ্যার পর।
না এলে হয় না?
হবে না কেন হয় তবে এলেই ভালো হয়।
.
টেলিফোন রেখে লিলি দোতলার বারান্দায় এসে দাঁড়াল। তখনই কলঘর থেকে ঝনঝন শব্দ। বুয়া কিছু ভেঙেছে। মার চিৎকারে এখন কান ঝালাপালা হয়ে যাবার কথা–চিৎকার শোনা যাচ্ছে না। কেন শোনা যাচ্ছে না। এই রহস্য লিলির কাছে। পরিষ্কার হচ্ছে না। সে দেখল ফরিদা ব্যস্ত হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছেন। তার হাতে তুলা-স্যাভলনের শিশি। তিনি উদ্বিগ্ন গলায় বললেন, লিলি তুই ঝুমুকে একটু ডাক্তারখানায় নিয়ে যা তো।
কেন?”
ঠোঁট কেটে গিয়েছে। রক্ত বন্ধ হচ্ছে না।
খুব বেশি কেটেছে?
খুব বেশি না। অল্প, কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না। কামিজ রক্তে মাখামাখি হয়ে গেছে।
বলো কি?
আমি কামিজ বদলে দেই, তুই ওকে নিয়ে যা।
ঝুমু কোথায়?
নিচে।
ঝুমুকে দেখে লিলি হতভম্ব। আসলেই রক্তে সব ভেসে যাচ্ছে। তুলা ঠোঁটে চেপে ব্রিত ভঙ্গিতে সে দাঁড়িয়ে আছে। তার পাশেই রুমু। তাকেও বিব্রত মনে হচ্ছে। লিলি বলল, তোরা কি করেছিস যে মা এমন করে মারল?
দুজনই একসঙ্গে হাসল। লজ্জার চাপা হাসি।
কলতলায় আবার ঝনঝন শব্দ। বুয়া আরেকটা কিছু ভেঙেছে। প্রথমবার ভাঙার কোনো রিএ্যাকশান হয় নি বলে বোধহয় দ্বিতীয়বার ভাঙা। এবার রিএ্যাকশান হচ্ছে–ফরিদা চেঁচাতে চেঁচাতে নামছেন।
.
ঝুমুর কামিজ বদলানো হয়েছে। কামিজ কাঁধের কাছে অনেকখানি ছেঁড়া। ফরিদা বললেন, ওড়না দিয়ে ঢেকে চলে যা। ঝুমু হ্যাঁ সূচক মাথা নাড়ল, কোনো কিছুতেই তার আপত্তি নেই। রুমু বলল, আমিও ঝুমুর সঙ্গে ডাক্তারের কাছে যাব। ফরিদা তীব্র গলায় বললেন, জ্যান্ত কবর দিয়ে ফেলব। আর যেন কখনও দুজনকে একত্রে না দেখি।
লিলি বলল, মা ওরা করেছে কী?
ফরিদা বিরক্ত গলায় বলল, সব সময় যা করে তাই করেছে।
কী করে সব সময়?
এত কথা বলতে পারব না। ডাক্তারের কাছে নিতে বলছি নিয়ে যা।
গাড়ি ছিল না। দরকারের সময় গাড়ি কখনও থাকে না। লিলি রিকশা নিল। রিকশায় উঠে লিলি বলল, ব্যথা করছে নাকি রে?
ঝুমু না সূচক মাথা নাড়ল।
লিলি বলল, তোরা দুজন কী করিস যে মা এ-রকম করে মারে?
ঝুমু লজ্জিত ভঙ্গিতে হাসল। লিলি দীর্ঘনিশ্বাস ফেলল। ঝুমুর কাছ থেকে প্রশ্নের উত্তরে এর বেশি কিছু পাওয়া যাবে না।
.
সন্ধ্যাবেলা স্বাতীর আসার কথা। লিলি অস্বস্তি নিয়ে অপেক্ষা করছে। সন্ধ্যার পর থেকে বাবা বাসায় থাকবেন। তিনি ব্যাপারটা কিভাবে দেখবেন কে জানে। মেয়েদের বন্ধুবান্ধবদের বাড়িতে বেড়াতে আসা তিনি অত্যন্ত অপছন্দ করেন। সন্ধ্যার পর কেউ আসবে এটা বোধহয় তার স্বপ্নেও নেই। সম্ভাবনা খুব বেশি যে, স্বাতীকে দেখে তিনি রেগে যাবেন। সভ্য মানুষ মনের রাগ চেপে রেখে হাসিমুখে কথা বলে। নেয়ামত সাহেব তা পারেন না। পারার প্রয়োজনও বোধ করেন না।
লিলি কলেজে পড়ার সময় তার এক বান্ধবী বিকেলে বেড়াতে এসেছিল। সন্ধ্যা পর্যন্ত সে থেকে গেল। হাসিমুখে খুব গল্প করছে, তখন বিনা নোটিসে নেয়ামত সাহেব তাদের ঘরে ঢুকে পড়লেন থমথমে গলায় বললেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় যাচ্ছ না কেন খুকি? সন্ধ্যাবেলা পাখির মতো সামান্য প্রাণীও ঘরে ফেরে। তুমি এখানে বসে আছ কেন? লিলির বান্ধবী আর কোনোদিন তাদের বাড়িতে আসে নি। এই ঘটনার পর সে লিলিকে পর্যন্ত অপছন্দ করত।
স্বাতী এলে সহজে যাবে না। রাত নটা দশটা পর্যন্ত থাকবে। সম্ভাবনা খুব বেশি যে রাত দশটার সময় সে বলবে, লিলি রাতটা তোর সঙ্গে থেকে যাই। সারা রাত জমিয়ে গল্প করব। লিলির আলাদা ঘর আছে ঠিকই কিন্তু রাতে সে একা ঘুমায় না। নেয়ামত সাহেব কোনো মেয়েকে একা রাখতে রাজি না। ফরিদা রাতে লিলির সঙ্গে ঘুমুতে আসেন। লিলির সেটা খারাপ লাগে না। ভালোই লাগে। সে অনেক রাত পর্যন্ত মার সঙ্গে গল্প করে। ভয়াবহ অস্বস্তির ব্যাপার হয় তখন–যখন মাঝরাতে বাবা এসে দরজায় টোকা দিয়ে গম্ভীর গলায় ডাকেন–ফরিদা, এই এই।
