এ ব্যক্তি পুরুষ। সে দীর্ঘদায় ও বলিষ্ঠগঠন; ভারি রকমের এক জোড়া চৌগোঁপ্পা আছে। গলায় যজ্ঞোপবীত। সে নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, “কি হইয়াছে?”
সেই স্ত্রীলোক বলিল, “দেখিতে পাইতেছ না?”
পুরুষ বলিল, “কিছু না। আসিতেছে কি?”
গালিচার উপর একটা ছোট দূরবীন পড়িয়াছিল। দূরবীন তখন ভারবর্ষে নূতন আমদানি হইতেছিল। দূরবীন লইয়া সুন্দরী ঐ ব্যক্তির হাতে দিল–কিছু বলিল না। সে দূরবীন চক্ষে দিয়া নদীর সকল দিক নিরীক্ষণ করিল। শেষে এক স্থানে আর একখানি বজরা দেখিতে পাইয়া বলিল, “দেখিয়াছি–টেঁকের মাথায়–ঐ কি?”
উ। এ নদীতে আজকাল আর কোন বজরা আসিবার কথা নাই।
পুরুষ পুনর্বার দূরবীন দিয়া নিরীক্ষণ করিতে লাগিল।
যুবতী বীণা বাজাইতে বাজাইতে বলিল, “রঙ্গরাজ!”
রঙ্গরাজ উত্তর করিল, “আজ্ঞা?”
“দেখ কি?”
“কয় জন লোক আছে, তাই দেখি।”
“কয় জন?”
“ঠিক ঠাওর পাই না। বেশী নয়। খুলিব?”
“খোল–ছিপ। আঁধারে আঁধারে নিঃশব্দে উজাইয়া যাও।” তখন রঙ্গরাজ ডাকিয়া বলিল, “ছিপ খোল।”
চতুর্থ পরিচ্ছেদ
পূর্বে বলিয়াছি, বজরার কাছে তেঁতুলগাছের ছায়ায় আর একখানি নৌকা অন্ধকারে লুকাইয়াছিল। সেখানি ছিপ–ষাট হাত লম্বা, তিন হাতের বেশী চৌড়া নয়। তাহাতে প্রায় পঞ্চাশ জন মানুষ গাদাগাদি হইয়া শুইয়াছিল। রঙ্গরাজের সঙ্কেত শুনিবামাত্র সেই পঞ্চাশ জন একেবারে উঠিয়া বসিল। বাঁশের চেলা তুলিয়া সকলেই এক একগাছা সড়কি ও এক একখানা ছোট ঢাল বাহির করিল। হাতিয়ার কেহ হাতে রাখিল না–সবাই আপনার নিকট চেলার উপরে সাজাইয়া রাখিল। রাখিয়া সকলেই এক একখানা “বোটে” হাতে করিয়া বসিল।
নিঃশব্দে ছিপ খুলিয়া, তাহারা বজরায় আসিয়া লাগাইল। রঙ্গরাজ তখন নিজে পঞ্চ হাতিয়ার বাঁধিয়া উহার উপর উঠিল। সেই সময়ে যুবতী তাহাকে ডাকিয়া বলিল, “রঙ্গরাজ, আগে যাহা বলিয়া দিয়াছি, মনে থাকে যেন।”
“মনে আছে” বলিয়া রঙ্গরাজ ছিপে উঠিল। ছিপ নিঃশব্দে তীরে তীরে উজাইয়া চলিল। এদিকে যে বজরা রঙ্গরাজ দূরবীনে দেখিয়াছিল, তাহা নদী বাহিয়া খরস্রোতে তীব্রবেগে আসিতেছিল। ছিপকে বড় বেশী উজাইতে হইল না। বজরা নিকট হইলে, ছিপ তীর ছাড়িয়া বজরার দিকে ধাবমান হইল। পঞ্চাশখানা বোটে, কিন্তু শব্দ নাই।
এখন, সেই বজরার ছাদের উপরে আট জন হিন্দুস্থানী রক্ষক ছিল। এত লোক সঙ্গে না করিয়া তখনকার দিনে কেহ রাত্রিকালে নৌকা খুলিতে সাহস করিত না। আট জনের মধ্যে, দুই জন হাতিয়ারবন্ধ হইয়া, মাথায় লাল পাগড়ি বাঁধিয়া ছাদের উপর বসিয়াছিল–আর ছয় জন মধুর দক্ষিণ বাতাসে চাঁদের আলোতে কালো দাড়ি ছড়াইয়া, সুনিদ্রায় অভিভূত ছিল। যাহারা পাহারায় ছিল, তাহাদের মধ্যে একজন দেখিল–ছিপ বজরার দিকে আসিতেছে। সে দস্তুরমত হাঁকিল, “ছিপ তফাৎ!”
রঙ্গরাজ উত্তর করিল, “তোর দরকার হয়, তুই তফাৎ যা।”
প্রহরী দেখিল, বেগোছ। ভয় দেখাইবার জন্য বন্দুকে একটা ফাঁকা আওয়াজ করিল। রঙ্গরাজ বুঝিল, ফাঁকা আওয়াজ। হাসিয়া বলিল, “কি পাঁড়ে ঠাকুর! একটা ছর্করাও নাই? ধার দিব?”
এই বলিয়া রঙ্গরাজ সেই প্রহরীর মাথা লক্ষ্য করিয়া বন্দুক উঠাইল। তার পর বন্দুক নামাইয়া বলিল, “তোমায় এবার মারিব না। এবার তোমার লাল পাগড়ি উড়াইব।” এই কথা বলিতে বলিতে রঙ্গরাজ বন্দুক রাখিয়া, তীর ধনু লইয়া সজোরে তীর ত্যাগ করিল। প্রহরীর মাথার লাল পাগড়ি উড়িয়া গেল। প্রহরী “রাম রাম!” শব্দ করিতে লাগিল।
বলিতে বলিতে ছিপ আসিয়া বজরার পিছনে লাগিল। অমনি দশ বার জন লোক ছিপ হইতে হাতিয়ার সমেত বজরার উপর উঠিয়া পড়িল। যে ছয় জন হিন্দুস্থানী নিদ্রিত ছিল, তাহারা বন্দুকের আওয়াজে জাগরিত হইয়াছিল বটে, কিন্তু ঘুমের ঘোরে হাতিয়ার হাতড়াইতে তাহাদের দিন গেল। ক্ষিপ্রহস্তে আক্রমণকারীরা তাহাদিগকে নিমেষমধ্যে বাঁধিয়া ফেলিল। যে দুই জন আগে হইতে জাগ্রত ছিল, তাহারা লড়াই করিল, কিন্তু সে অল্পক্ষণ মাত্র। আক্রমণকারীরা সংখ্যায় অধিক, শীঘ্র তাহাদিগকে পরাস্ত ও নিরস্ত্র করিয়া বাঁধিয়া ফেলিল। তখন ছিপের লোক বজরার ভিতর প্রবেশ করিতে উদ্যত হইল। বজরার দ্বার বন্ধ।
ভিতরের ব্রজেশ্বর। তিনি শ্বশুরবাড়ী হইতে বাড়ী যাইতেছিলেন। পথে এই বিপদ। এ কেবল তাঁহার সাহসের ফল। অন্য কেহ সাহস করিয়া রাত্রে বজরা খুলিত না।
রঙ্গরাজ কপাটে করাঘাত করিয়া বলিল, “মহাশয়! দ্বার খুলুন।”
ভিতর হইতে সদ্যোনিদ্রোত্থিত ব্রজেশ্বর উত্তর করিল, “কে? এত গোল কিসের?”
রঙ্গরাজ বলিল, “গোল কিছুই না–বজরায় ডাকাইত পড়িয়াছে।”
ব্রজেশ্বর কিছুক্ষণ স্তব্ধ হইয়া, পরে ডাকিতে লাগিল, “পাঁড়ে! তেওয়ারি! রামসিং!”
রামসিং ছাদের উপর হইতে বলিল, “ধর্মাবতার! শালা লোক সব্ কোইকো বাঁধ্পকে রাক্খাা।”
ব্রজেশ্বর ঈষৎ হাসিয়া বলিল, “শুনিয়া বড় দুঃখিত হইলাম। তোমাদের মত বীরপুরুষদের ডালরুটি খাইতে না দিয়া বাঁধিয়া ফেলিয়াছে! ডাকাইতের এ বড় ভ্রম। ভাবনা করিও না–কাল ডালরুটির বরাদ্দ বাড়াইয়া দিব।”
শুনিয়া রঙ্গরাজও ঈষৎ হাসিল। বলিল, “আমারও সেই মত; এখন দ্বার খুলিবেন বোধ হয়।”
ব্রজেশ্বর জিজ্ঞাসা করিল, “তুমি কে?”
র। আমি একজন ডাকাইত মাত্র। দ্বার খোলেন এই ভিক্ষা।
“কেন দ্বার খুলিব?”
র। আপনার সর্বস্ব লুটপাট করিব।
ব্রজেশ্বর বলিল, “কেন? আমাকে কি হিন্দুস্থানী ভেড়ীওয়ালা পাইলে? আমার হাতে দোনলা বন্দুক আছে–তৈয়ার, যে প্রথম কামরায় প্রবেশ করিবে, নিশ্চয় তাহার প্রাণ লইব।”
