টেনিদা দীর্ঘশ্বাস ফেলে বললে, চল,—তবে যাই! কিন্তু প্যালার সেই দাড়িটা—
বললুম, তামাকখেকো দাড়ি।
ক্যাবলা বললে, ঠিক। মনেই ছিল না। ওই দাড়ি থেকেই আরও প্রমাণ হয়—ওরা চৈনিক নয়। কলকাতায় তো এত চীনা মানুষ আছে কারও দাড়ি দেখেছ কখনও?
তাই তো! দাড়িওলা চীনা মানুষ! না, আমরা কেউ তো দেখিনি। কখনও না।
এর মধ্যে ঝাঁটু লাঠি আর বল্লম এনে ফেলেছে। বল্লমটা ঝাঁটুই নিলে, একটা লাঠি নিলে ক্যাবলা—আর-একটা টেনিদা। আমি আর কী নিই? হাতের কাছে একটা চ্যালাকাঠ পড়েছিল, সেইটেই কুড়িয়ে নিলুম। যদি মরতেই হয়, তবু তো এক ঘা বসাতে পারব।
অতঃপর ঘচাং ফুঃ দস্যুর দলকে একহাত নেবার জন্যে দস্যু কচাং কুর দল আবার রওনা হল বীরদর্পে। আবার সেই বুনো রাস্তা। আমরা ঝোপঝাপ ঠেঙিয়ে-ঠেঙিয়ে দেখছিলুম, কোথাও সেই তামাকখেকো লুকিয়ে আছে কি না।
কিন্তু আবার আমি বিপদে পড়ে গেলুম। এবার বৈঁচি নয়–কামরাঙা।
বাংলোর ঠিক পেছন দিয়ে আমরা চলেছি। আমি যথানিয়মে পেছিয়ে পড়েছি আর ঠিক আমারই চোখে পড়েছে কামরাঙার গাছটা। আঃ, ফলে-ফলে একেবারে আলো হয়ে রয়েছে।
নোলায় প্রায় সেরটাক জল এসে গেল। জ্বরে ভুগে-ভুগে টক খাবার জন্যে প্রাণ ছটফট করে। ঘচাং ফুঃ টুঃ সব ভুলে গিয়ে গুটিগুটি গেলুম কামরাঙা গাছের দিকে। কলকাতায় এ সব কিছুই খেতে পাই না—চোখের সামনে অমন খোলতাই কামরাঙার বাহার দেখলে কার আর মাথা ঠিক থাকে।
যেই গাছতলায় পা দিয়েছি—
সঙ্গে সঙ্গেই–ইঃ! একতাল গোবরে পা পড়ল—আর তক্ষুনি এক আছাড়। কিন্তু এ কী। আছাড় খেয়ে আমি তো মাটিতে পড়লুম না। আমি যে মহাশূন্যের মধ্যে দিয়ে পাতালে চলেছি। কিন্তু পাতালেও নয়। আমি একেবারে সোজা কার মস্ত একটা ঘাড়ের ওপর অবতীর্ণ হলুম। আঁই দাদা রে বলে সে আমাকে নিয়ে একেবারে পপাত।
আমি আর-একবার অজ্ঞান।
১১. গজেশ্বরের পাল্লায়
অজ্ঞান হয়ে থাকাটা মন্দ নয়—যতক্ষণ কাঠপিঁপড়েতে না কামড়ায়। আর যদি একসঙ্গে একঝাঁক পিঁপড়ে কামড়াতে শুরু করে তখন? অজ্ঞান তো দূরের কথা, মরা মানুষ পর্যন্ত তিড়িং করে লাঝিয়ে ওঠে।
আমিও লাফ মেরে উঠে বসলুম।
কেমন আবছা-আবছা অন্ধকার গোড়াতে কিছু ভালো বোঝা গেল না। চোখে ধোঁয়া-ধোঁয়া ঠেকছিল। খামকা বাঁকানের ওপর কটাৎ করে আর-একটা কাঠপিঁপড়ের কামড়।
বাপ রেবলে আমি কান থেকে পিঁপড়েটা টেনে নামালাম।
আর ঠিক তক্ষণাৎ কটকটে ব্যাঙের মতো আওয়াজ করে কে যেন হেসে উঠল। তারপর, ঘোড়ার নাকের ভেতর থেকে যেমন শব্দ হয় তেমনি করে কে যেন বললে, কাঠপিঁপড়ের কামড় খেয়ে বাপ রে বাপ রে বলছ, এর পরে যখন ভীমরুলে কামড়াবে, তখন যে মেসোমশাই-মেসোমশাই বলে ডাক ছাড়তে হবে।
তাকিয়ে দেখি–
ঠিক হাত দুয়েক দূরে একটা মুশকো জোয়ান ভাম-বেড়ালের মতো থাবা পেতে বসে আছে। কথাটা বলে সে আবার কটকটে ব্যাঙের মতো শব্দ করে হাসল।
আমার তখন সব কিরকম গোলমাল ঠেকছিল। বললুম, আমি কোথায়?
আমি কোথায়—লোকটা একরাশ বিচ্ছিরি বড় বড় দাঁত বের করে আমায় ভেংচে দিলে। তারপর ঝগড়াটে প্যাঁচার মতো খ্যাঁচখেচিয়ে বললে, আহা-হা, ন্যাকা আর কি। যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। হঠাৎ ওপর থেকে দুড়ুম করে পাকা তালের মতো আমার পিঠের ওপর এসে নামলে, আর এখন সোনামুখ করে বলছ আমি কোথায়? ইয়ার্কির আর জায়গা পাওনি?
আমার সব মনে পড়ে গেল। সেই পাকা কামরাঙা-গুটি গুটি পায়ে সেদিকে এগোনো, গোবরে পা পিছলে–পড়া তারপরে–
আমি হাঁউ-মাউ করে বললুম, তবে কি আমি দস্যু ঘচাং ফুঃ আচ্ছায় এসে পড়েছি?
—ঘচাঃ ফুঃ? সে আবার কী?বলেই লোকটা সামলে নিল : হ্যাঁ–হ্যাঁ, ঠিক বটে। বাবাজী অমনি একটা কী লিখেছিল বটে চিঠিতে।
বাবাজী? কে বাবাজী?
একটু পরেই টের পাবে। —লোকটা দাঁত খেচিয়ে বললে, চালাকি পেয়েছ? এত করে চলে যেতে বললুমভূতের ভয় দেখানো হল সারা রাত মশার কামড় খেয়ে ঝোপের মধ্যে বসে মড়ার মাথা-ফাতা ছুঁড়লুম-অট্টহাসি হেসে-হেসে গলা ব্যথা হয়ে গেল—তবু তোমাদের। গেরাহ্যি হয় না? দাঁড়াও এবার! একটাকে ভোগা দিয়ে এনেছি তুমিও এসে ফাঁদে পড়েছ; এবার তোমায় শিককাবাব বানিয়ে খাব!
—অ্যাঁ—শিককাবাব!
—ইচ্ছে হলে আলুকাবলিও বানাতে পারি। কিংবা ফাউল কাটলেট। চপও করা যায় বোধহয়। কিন্তু লোকটা চিন্তিতভাবে একবার মাথা চুলকাল, কিন্তু তোমাদের কি খাওয়া যাবে? এ-পর্যন্ত অনেক ছোকরা আমি দেখেছি, কিন্তু তোমাদের মতো অখাদ্য জীব কখনও দেখিনি।
শুনে আমার কেমন ভরসা হল। মরতেই তো বসেছি—তবু একবার শেষ চেষ্টা করে দেখি।
বললুম, সেকথা ভালো! আমাদের খেয়ো না—অন্তত আমাকে তো নয়ই। খেলেও হজম করতে পারবে না। কলেরা হতে পারে, গায়ে চুলকুনি হতে পারে, ডিপথিরিয়া হতে পারে—এমনকি সর্দি-গর্মি হওয়াও আশ্চর্য নয়!
লোকটা বললে, থামো ছোকরা—বেশি বকবক কোরো না। আপাতত তোমায় নিয়ে যাব। ঠাণ্ডী গারদে—তোমার দোস্ত হাবুল সেনের কাছে। সেইখানেই থাকো এখন। ইতিমধ্যে বাবাজী ফিরে আসুন, তোমার বাকি দুটো দোস্তকেও পাকড়াও করিতারপর ঠিক করা যাবে তোমাদের দিয়ে মোগলাই পরোটা বানানো হবেনা ডিমের হালুয়া।
আমি বললুম, দোহাই বাবা, আমাকে খেয়ে না খেয়ে কিছু সুখ পাবে না–তা বলে। দিচ্ছি। আমি পালাজ্বরে ভুগি আর পটোল দিয়ে শিঙিমাছের ঝোল খাই কিছু রসকস নেই। আমাদের অঙ্কের মাস্টার গোপীবাবু বলেন, আমি যমের অরুচি। আমাকে খেয়ে বেঘোরে মারা যাবে বাবা ঘচাং ফুঃ—
