ডাক্তারের মনের মধ্যেই কথাগুলি খেলে গেল। প্রকাশ্যে সেতাবকে বললেন– গিন্নিকে বলে। কাজ নাই। আমি বরং ফিরবার পথে বাজার থেকে দেখেশুনে কারুকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তুই যেন বাইরে থাকিস। বুঝলি!
নিজের পথ্য সম্পর্কে আশ্বস্ত হয়ে সেতাব এবার হাত ধরে বললেন–বোস বোস, একটু চা খেয়ে যা।
ডাক্তার হেসেই বললেন–চা খাব তো তোর বিস্কুট কিনে পাঠাবে কে? তা ছাড়া কৰ্মফল ভোগ, সেই বা কে করবে? দু-চার জন হাত দেখাতে আসবে তো! বসে থাকবে তারা। আমি উঠি।
বলেই তিনি উঠলেন।
সেতাব সম্পর্কে দুশ্চিন্তা কেটে গেছে তার। পরমানন্দ মাধব, পরমানন্দ মাধব! মৃদুস্বরে নাম জপ করতে করতে ভারী পা ফেলে তিনি অগ্রসর হলেন।
মাথার ছাতাটা একটু নামিয়ে মাথার উপর ধরলেন। সাধারণ লোকে—যাদের ঘরে রোগী আছে—তারা দেখতে পেলে তাকে ছাড়বে না।—ডাক্তারবাবু একটু দাঁড়ান। ছেলেটার হাত দেখে যান। কি—একবার আমার বাড়ি চলুন। আজ দশ দিন পড়ে আছে আমার বাবা–একবার ধাতটা দেখুন।
তারপর অনর্গল প্রশংসা। যার নাম নিছক তোষামোদ। বিনা পয়সায় একবার ডাক্তার দেখানো। ওতে অবশ্য জীবন মশায়ের খুব একটা আপত্তি বা দুঃখ নেই, কারণ বাপের আমল থেকে তার আমল পর্যন্ত বিনা ফিতেই গরিবগুনা মধ্যবিত্তদের ঘরে চিকিৎসা করে এসেছেন। কিন্তু এখন এই বয়সে আর না। তা ছাড়া এই বাদলা দিনের ঠাণ্ডা সকালবেলাতেও তাঁর কান ঝ ঝ করে উঠল। লোকে তাকে আর চায় না। হ্যাঁ, চায় না। বলে—সে আমলের ডাক্তার, তাও পাসকরা নয়। আসলে হাতুড়ে। এখনকার চিকিৎসায় কত উন্নতি হয়েছে। সেসবের কিছু জানে না।
কেউ কেউ বলে, গোবদ্যি।
হনহন করে হাঁটলেন ডাক্তার।
পথের পাশেই হাসপাতাল; পাশেই তৈরি হচ্ছে নতুন হেলথ সেন্টার। ওদিকে একবার না তাকিয়ে পারলেন না। যাবার সময়ও তাকিয়েছিলেন, তখন সব নিঝুম স্তব্ধ ছিল। এখন জেগেছে সব। হাসপাতালটার বারান্দায় কজন রোগী বইরে এসে বসেছে। ঝাড়ুদারেরা ঘুরছে স্বামী স্ত্রীতে। ওই নার্সদের ঘর থেকে দুজন নার্স বেরিয়ে চলেছে হাসপাতালের দিকে। এদিকে চ্যারিটেবল ডিসপেনসারির বারান্দায় এর মধ্যেই কজন রোগী এসে গেছে। আরও আসছে। ওই ওদিকে হেলথ সেন্টারের নতুন বাড়ি তৈরি হচ্ছে। প্রকাণ্ড বড় বাড়ি। অনেক আয়োজন, অনেক বেড, অনেক বিভাগ, শিশুমঙ্গল, মাতৃমঙ্গল, সংক্রামক ব্যাধির বিভাগ, সাধারণ বিভাগ। সার্জারি বিভাগটা বড় হবে, তাতে রক্ত থেকে যাবতীয় পরীক্ষার ব্যবস্থা থাকবে। তা ভালই হচ্ছে। রোগে যে রকম দেশ ছেয়ে ফেলছে তাতে এমনি বিরাট ব্যবস্থা না হলে প্রতিবিধান হবে না। ডাক্তারের মনে পড়ল-প্রথমে হয়েছিল ওই চ্যারিটেবল ডিসপেনসারিটি। সে হল উনিশ শো দুই বা তিন সালে।
তার আগে–।
—প্ৰণাম ডাক্তারবাবু! কোথায় গিয়েছিলেন? ডাকে?
ডাক্তার চকিত হয়ে মুখ ফেরালেন। দেখলেন এখানকার চ্যারিটেবল ডিসপেনসারির কম্পাউন্ডার হরিহর পাল তার পিছনেই সাইকেল ধরে দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে ডিসপেনসারিতে আসছে, তাকে চিনেই বোধহয় বেল না দিয়ে রথ থেকে নেমে পদাতিক হয়ে তাঁকে সম্মান দেখিয়েছে। সস্নেহে ডাক্তার বললেন–ভাল আছ হরিহর?
–আজ্ঞে হ্যাঁ।
–তারপর খবর ভাল তো? কী রকম চলছে তোমার?
–ওই কোনো রকমে চলে যায় আর কি।
ডাক্তার বুঝলেন হরিহরের প্র্যাকটিস ভালই চলছে আজকাল। ঘুরে দাঁড়ালেন তিনি। বললেন–
পেনিসিলিন চালাচ্ছ খুব! এ তো পেনিসিলিনের যুগ!
–আজ্ঞে তা বটে। সবেই পেনিসিলিন। ওষুধটা খাটেও ভাল। বলতে বলতেই সামনের দিকে অর্থাৎ মশায়ের পিছনের দিকে তাকিয়ে হরিহর একটু চঞ্চল হয়ে বললে—ডাক্তারবাবু আসছেন আমাদের। আপনাদের গ্রাম থেকেই আসছেন দেখছি। ওঃ, বোধহয় মতি কর্মকারের মাকে দেখতে গিয়েছিলেন। কাল রাত্রে মতি এসেছিল, কল দিয়ে গিয়েছিল।
মনের মধ্যে একটা বিদ্যুৎ-তরঙ্গ বয়ে গেল মশায়ের। তাকে অবিশ্বাস করেই তা হলে মতি কল দিয়ে গিয়েছে তার মাকে দেখতে? মুহূর্তে ঘুরে দাঁড়ালেন মশায়। ওদিকে হাসপাতালের নূতন ডাক্তারটির বাইসিক্ল দ্রুতগতিতে এগিয়ে আসছে। জীবন মশায় নমস্কার করলেন—নমস্কার!
হাসপাতালের ডাক্তার নামলেন বাইসিক্ল থেকে। তরুণ বয়স, পরনে প্যান্ট, বুশ-শার্টের উপরে ওয়াটারফ, মাথায় অয়েলস্কিনের ঢাকনি-মোড়া শোলার হ্যাট। চোখে শেলের চশমা; কলকাতার অধিবাসী—নাম প্রদ্যোত বোস। প্রতিনমস্কার করে প্রদ্যোত ডাক্তার বললেন– ভাল আছেন?
–ভাল? তা রোগ তো নেই। সংসারে তো একেই ভাল থাকা বলে। তারপর মতির মাকে দেখে এলেন?
–হ্যাঁ। কাল রাত্রে মতি এসে বলে রাত্রেই যেতে হবে। তার মা নাকি যন্ত্রণায় অধীর অস্থির হয়ে পড়েছে। সে কিছুতেই ছাড়বে না। সেটা তো জানা। প্রথম যখন পড়ে যায় তখন কিছুদিন হাসপাতালে ছিল। কমেও গিয়েছিল বেদনা। তারপর বেদনা বেড়েছে আবার, বোধহয় ওই অবস্থাতেই ঘোরাফেরা কাজকর্ম করেছে। আমার ধারণা, আবারও ধাক্কাটাক্কা লাগিয়েছিল। আপনি তো দেখেছেন কাল বিকেলে। সবই তো জানেন।
–হ্যাঁ দেখেছি। তাই তো জিজ্ঞাসা করছি, কেমন দেখলেন?
–একটু পাকিয়ে গেছে, এক্স-রে না করলে ঠিক ব্যবস্থা তো হবে না। ভিতরে কোথাও হাড়ের আঘাত গুরুতর হয়েছে, ফেটে থাকতে পারে, যদি ফ্র্যাকচার হয়ে হাড়ের কুচিটুচি থাকে তো অপারেশন করতে হবে। ব্যবস্থা হলেই সেরে যাবে। মারাত্মক কিছু নয়। ঠোঁট দুটিতে তাচ্ছিল্যের ভঙ্গি ফুটিয়ে তুললেন তিনি।
