আমাকে চারদিক থেকে ঘিরে ধরেছো,
কী থেকে কী হয় কে জানে!
স্বাধীনতা থাকলে কী আর ভিক্ষে করতাম দিন!
যত খুশি যাপন করা যেত।
এখন চাইলেই কেউ তো আর বাঁচতে দিতে রাজি নয়।
তুমিও ছড়ি উঁচিয়ে দাঁড়িয়ে থাকো গায়ের ওপর,
এখন কিছুই আর আগের দিনের মতো নেই। তুমিও তো বাঁচতে চাও,
মরণও বাঁচতে চায়।
আর আমি? এখন এক একটি দিন বাঁচি তুমি যদি করুণা কর,
এক একটি মাস বছর বাঁচি, যদি বাঁচাও।
জীবনের কাছে নয়, ঋণী যদি থাকি কারও কাছে, সে তোমার কাছে,
তোমার অনুগ্রহের কাছে।
ক্ষমাঘেন্না করে আরও কটা বছর বাঁচাও সোনা।
মৃত্যুর বিপক্ষে মনের খায়েশ মিটিয়ে দু’কলম লিখে তবে মরি।
.
৩
রামদা বল্লম নিয়ে নেমেছে ওরা,
তলোয়ার নিয়ে,
বিষাক্তসাপ নিয়ে
মাথায় ধর্মমন্ত্র
বুকে ঘৃণা,
কোমরে মারণাস্ত্র
আমাকে হত্যা করে ধর্ম বাচাবে।
কম নয়, হাজার বছর মানুষ হত্যা করে
ধর্মকে বাঁচিয়েছে মানুষ।
মানুষের রক্তে স্নান করে দেশে দেশে
এককালে ধর্ম ছড়িয়েছিল মানুষই,
মানবতার চেয়ে ধর্মকে চিরকালই মহান করেছে মানুষই।
ধর্মের পুঁথি মানুষই লিখেছে,
নিঃসাড় পুঁথিকে মানুষখেকো বানিয়েছে মানুষই।
ধর্মের হাত পা বাঁধা, মুখে সেলাই।
ছাড়া পেলে ধর্মও চেঁচিয়ে বলতো, পাষন্ডরা মর।
প্রাণ থাকলে লজ্জায় আত্মহত্যা করতো ধর্ম,
করতো দুহাজার বছর আগেই,
করতো মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য।
.
৪
ওপারে কেউ নেই কিছু নেই, ফাঁকা,
আসলে ওপার বলে কিছু নেই কোথাও।
মৃত্যু আমাকে কোনও পারে নিয়ে যাবে না, কোনও বিচার সভায় না,
কোনও দরজার কাছে এনে দাঁড় করাবে না, যে দরজা পেরোলেই
হয় পুঁজ,রক্ত আর আগুন, নয় ঝরনার জল, না-ফুরোনো আমোদ প্রমোদ।
বিশ্বব্রহ্মা থেকে আমার বিদেয় হয়ে গেলে
শরীর পড়ে থাকবে কিছুদিন শব ব্যবচ্ছেদ কক্ষে কাঁটা ছেঁড়া হতে,
হয়ে গেলে হাড়গোড় সের দরে কারও কাছে বেচে দেবে কেউ
ওসবও একদিন গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়বে, ধুলো হবে,
ধুলোও নিশ্চিহ্ন হবে কোনও এক গোধূলিতে।
যাদের ওপারে বিশ্বাস, না হয় তারাই যাক, মৃত্যুকে চুম্বন করে
রত্নখচিত দরজায় কড়া নাড়ুক,
ভেতরে অপেক্ষা করছে অগাধ জৌলুস, অপেক্ষা করছে মদ মেয়েমানুষ।
আমাকে থাকতে দিক পৃথিবীতে, থাকতে দিক অরণ্যে, পর্বতে, উতল সমুদ্রে, আমাকে ঘুমোতে দিক ঘাসে, ঘাসফুলে, আমাকে জাগতে দিক পাখিদের গানে কোলাহলে, সর্বাঙ্গে মাখতে দিক সূর্যের কিরণ, হাসতে দিক, ভরা জ্যোৎস্নায় ভালোবাসতে দিক, মানুষের ভিড়ে রোদে বৃষ্টিতে ভিজে হাঁটতে দিক, বাঁচতে দিক।
যাদের ওপার নিয়ে সুখ, তারা সুখে থাক,
পৃথিবীতে আমাকে যদি দুঃখ পোহাতে হয় তোক,
পৃথিবীই আমার এপার, পৃথিবীই ওপার।
.
৫
জীবন জীবন করে পাগল যে হই,
দরজায় দাঁড়িয়ে আছে বলেই তো সে,
তিনবেলা চোখাচোখি হয়, প্রেমিকের মতো মুচকি হাসেও,
জানি খুব ভালোবাসে সে আমাকে, জানি খুব কাছে পেতে চায়।
ওভাবে সে চুমু খেতে না চাইলে অত করে ভালোবাসতে চাইতাম বুঝি!
ওভাবে দাঁড়িয়ে না থাকলে আঁকড়ে ধরতাম বুঝি
অত শক্ত করে পায়ের আঙুলে মাটি?
ঠেকিয়ে রাখতাম পিঠ দেয়ালে? খামচে ধরতাম হাতের কাছে যা পাই?
ওভাবে আমাকে নাগাল পেতে বাড়িয়ে না দিলে হাত,
পাড়াপড়শি গ্রাম শহর নগর বন্দর জাগিয়ে উত্তরে দক্ষিণে
ঊর্ধ্বশ্বাসে দৌড়োতাম না জীবনের খোঁজে।
ওভাবে যদি না দাঁড়িয়ে থাকতো মৃত্যু দরজায়,
একবারও চাইতাম না তাকে ঠেলে সরাতে,
পালাতে চাইতাম না কোথাও, বরং চরাচর খুঁজে তাকেই বাড়ি নিয়ে এসে বসতে দিতাম।
০৬. নির্বাসিত বাহিরে অন্তরে
কী এক ঘোরের মধ্যে আমি নিজের সঙ্গে কথা বলতে থাকি। বলতে থাকি—
আমার জন্ম ভারতবর্ষে নয়। অথচ দেখতে শুনতে রুচিতে সংস্কৃতিতে আমি সামান্যও অভারতীয় নই। কিছু বছর এগিয়ে জন্মালেই আমি ভারতীয় হতে পারতাম। আমার বাবা জন্মেছিলো ভারতভাগের আগে। এই ভারতের ইতিহাস আমার বাবাকে তিনটে দেশের নাগরিক করেছে। আমাকে করেছে দুটো দেশের।
পূর্ববাংলার গ্রামে হারাধন সরকার নামে এক হিন্দু কৃষক ছিল। হারাধন সরকারের একটি ছেলে জানি না কী কারণে মুসলমান হয়ে গিয়েছিল, হয়তো সে ছেলের নাম ছিল যতীন্দ্র, হয়েছে জমির, অথবা কমল থেকে কামাল। সেই সরকার বংশের মেয়ে আমি। হারাধন সরকার আমার ছ’ পুরুষ আগের পূর্ব পুরুষ, তার অন্য সন্তানদের বংশধরেরা নিশ্চয়ই ভারতে চলে এসেছে দেশভাগের পর। তারা এখন ভারতের নাগরিক। আমার ঠাকুরদা জমির সরকার অথবা কামাল সরকার দেশ ত্যাগ করেননি কারণ তার নামটা ছিল মুসলমান নাম।
যখন ছোট, শুনেছিলাম, মুসলমানের একতা একটা অসম্ভব ঘটনা, মুসলমানে মুসলমানে যুদ্ধ হয়েছে, পূর্ব পাকিস্তানের মুসলমান পশ্চিম পাকিস্তানের মুসলমানের সঙ্গে যুদ্ধ করেছে বাঙালি জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতার জন্য। যদিও আমি ভারতভাগের পরে জন্মেছি, অবিভক্ত ভারতের জন্য শৈশব থেকেই আমার একটা আকর্ষণ ছিল। অল্প বয়সে অনেক গদ্য পদ্য লিখেছি অবিভক্ত বাংলা নিয়ে, অবিভক্ত ভারত নিয়ে। এসব লিখেছি আমার প্রথম ভারত ভ্রমণের অনেক আগেই। একই ভাষার এবং একই সংস্কৃতির মানুষের মাঝখানে, বন্ধু এবং আত্মীয়দের মাঝখানে কোনও কাঁটাতার আমি মানি না, আমি বিশ্বাস করি না। ছোটবেলা থেকেই বাংলা সাহিত্যের পাঠক আমি, দুই বাংলার গল্প, উপন্যাস, কবিতা প্রবন্ধ গোগ্রাসে পড়তে পড়তে বড় হয়েছি। খুব অবচেতনেই আমি বাঙালি লেখকদের সঙ্গে আত্মীয়তা অনুভব করেছি। লেখকতালিকার বেশির ভাগ লেখকেরই বাস পশ্চিমবঙ্গে।
