ঠিক এই সময় হঠাৎ অতসীর গলা কানে এল। অতসী বলছে, আমাদের আগে নামিয়ে দেবে।
ঠিক অনুরোধ নয়, যেন একটা ঠিক করে রাখা ব্যবস্থা, শুধু মনে করিয়ে দেওয়া।
আমাদের মানে কি?
কাদের?
মার কথাটা অনুধাবন করতে পারে না সীতু। কিন্তু কথাটা যেন ভয়ঙ্কর একটা আশাপ্রদ। একথা যেন বলছে সীতুকে–আর সেই বামুনদি কানাই নেপবাহাদুরের বাড়িতে ঢুকতে হবে না।
মৃগাঙ্ক কি বলেন শোনবার জন্যে কান খাড়া করে বসে থাকে সীতু। শুনতে পায়– শান্ত মার্জিত মৃদুগলায় মৃগাঙ্ক বলছেন, তোমাদের আগে নামিয়ে দেব! কোথায় নামিয়ে দেব?
যেখানে তোক। বলছে অতসী, দুঃখের মধ্যে, দৈন্যের মধ্যে, রিক্ততার মধ্যে।
একি! মৃগাঙ্ক হেসে উঠলেন যে!
কি বলছেন?
অত ভাল ভাল জিনিসগুলো এখন চট করে কোথায় পাই বল তো?
কানকে আরও তীক্ষ্ণ করতে হচ্ছে সীতুকে, কারণ এ রাস্তাটা শহর ছাড়ানো ফাঁকা রাস্তা নয়। শব্দ হচ্ছে আশেপাশে। আর অতসীর কণ্ঠ মৃদু।
উড়িয়ে দিলে চলবে না। মৃদু তবু দৃঢ় কণ্ঠে বললে অতসী, সীতুকে নিয়ে আর আমি ও বাড়িতে ঢুকব না।
মৃগাঙ্ক বলেন, ছেলেমানুষী করে লাভ কি অতসী?
না না, ছেলেমানুষী নয়, অতসীর মৃদুকণ্ঠ তীক্ষ্ণ হয়ে ওঠে, এ আমার স্থির সংকল্প। তুমি এখন আমাদের এখানে এই শ্যামলীর বাড়িতে নামিয়ে দাও, তারপর যত শীগগির সম্ভব ছোট একখানা ঘর, যেমন করে আমার থাকা উচিত ছিল, সীতুর থাকা উচিত ছিল, তেমনি একখানা দৈন্যের ঘর জোগাড় করে নেব আমি।
তবুও মৃগাঙ্কর কণ্ঠে কি বিদ্রূপ?
সেই বিদ্রুপের কণ্ঠই উচ্চারণ করছে, তারপর?
তুমি ব্যঙ্গ কর, উড়িয়ে দিতে চেষ্টা কর, কিন্তু পারবে না। আমার ভবিষ্যৎ আমি স্থির করে নিয়েছি। তারপর বাঙলা দেশের অসংখ্য নিঃসম্বল মেয়ে যেমন করে নাবালক ছেলে নিয়ে ভাগ্যের সঙ্গে যুদ্ধ করে এগিয়ে চলে, তেমনিই করতে চেষ্টা করব।
মৃগাঙ্কর গাড়ির গতি মন্দীভূত হয়েছে, তবু মৃগাঙ্ক পিঠ ফিরিয়েই কথা বলছেন- ভাগ্যের সঙ্গে যুদ্ধ করে এগিয়ে চলে না অতসী, যুদ্ধ করে হারে, যুদ্ধ করে মরে।
সেইটাই আমার অদৃষ্টলিপি মনে করব। মৃত্যুর মত নিষ্ঠুর, মৃত্যুর মত অমোঘ ভঙ্গিতে বলে অতসী, মনে করব তাদেরই একজন আমি। আমার জীবনে কোনদিন দেবতার দর্শন হয় নি, কোনদিন স্বর্গ থেকে আলোর আশীর্বাদ ঝরে পড়ে নি। আমি কুষ্ঠব্যাধিতে গলে পচে মরে যাওয়া সুরেশ রায়ের নাবালক পুত্রের রক্ষয়িত্ৰী মাত্র।…এই যে এসে পড়েছে শ্যামলীর বাড়ি, নামতে দাও আমাদের।
মৃগাঙ্ক স্থিরভাবে বলেন, কি বলবে ওদের?
যা সত্যি তাই বলব। আর বানিয়ে বানিয়ে মিথ্যার ছলনা দিয়ে খেলার স্বর্গ গড়ব না। গাড়ি থামাও।
মৃগাঙ্ক গাড়ি থামালেন।
বললেন, তোমার হিসেবের খাতা থেকে একটা ছোট্ট হিসেব বোধহয় খসে পড়েছে অতসী! এ পৃথিবীতে খুকু বলে একটা জীব আছে সেটা বোধহয় ভুলে গেছ!
না ভুলি নি। অতসী গাড়ির জানালার ধারে মাথা রাখে, কত শিশুই তো শৈশবে মাতৃহীন হয়, খুকুর জীবনেও তাই ঘটেছে এইটাই ধরে নিতে হবে।
মৃগাঙ্ক বলেন, অর্থাৎ তাকেও ফেলে দিতে হবে দুঃখের মধ্যে, দৈন্যের মধ্যে, রিক্ততার মধ্যে! কিন্তু একা আমার অপরাধে এত জনে মিলে কষ্ট পেয়ে লাভ কি? এ মঞ্চ থেকে যদি মৃগাঙ্ক ডাক্তারের অন্তর্ধান ঘটে, তাহলেই তো সব সোজা হয়ে যায়। সুরেশ রায়ের বিধবা স্ত্রীর পরিচয় বহন না করে, না হয় সেই হতভাগ্যের স্ত্রীর পরিচয়েই তার নাবালক সন্তানদের রক্ষয়িত্রী হয়ে থাকলে। অন্তত দুটো শিশুহত্যার পাপ থেকে রক্ষা পাবে।
অতসী ততক্ষণে নেমে পড়েছে। আঁচলটা মাথায় টেনে নিয়ে বলে, সে পাপ থেকে রক্ষা পাবার ভাগ্য নিয়ে সবাই পৃথিবীতে আসে না। খুকুর কোন অভাব হবে না। খুকুর তুমি আছ।
মৃগাঙ্কও গাড়ি থেকে নেমেছিলেন, তাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে অতসীর চোখে চোখ রেখে বলেন, তুমি পারবে?
মানুষ কি না পারে? মেয়েমানুষ আরও বেশিই পারে।
আমার থেকে, খুকুর থেকে, একেবারে বিচ্ছিন্ন হয়েই থাকতে চাও তাহলে?
অতসী হতাশ গলায় বলে, এখন আমি হয়তো সবকিছু গুছিয়ে বলতে পারব না, তবু এইটুকুই বলছি, সীতুকে সীতুর যথার্থ অবস্থার মধ্যে রাখতে চাই। অহরহ আর বৃথা চেষ্টা, আর ব্যর্থ আশার বোঝা বইতে পারছি না আমি।…সীতু নেমে এসো।
কোথায় যাব? ক্ষীণস্বরে বলে সীতু।
সে প্রশ্ন করবার দরকার তোমার নেই সীতু, অধিকারও নেই। ও বাড়িতে ফিরে যাওয়া তোমার আর হবে না, এইটুকুই শুধু জেনে রাখ। বলে মৃগাঙ্কর দিকে পূর্ণ গভীর একটি দৃষ্টি ফেলে কয়েক মুহূর্ত চুপ করে থেকে শ্যামলীর বাড়ির দিকে এগোয়। সীতুর হাতটা চেপে ধরে।
মৃগাঙ্ক ধীর স্বরে বলেন, সীতুর জিনিসপত্রগুলো গাড়িতে থেকে যাচ্ছে।
ও জিনিস সীতুর জন্যে নয়।
মৃগাঙ্ক এবার ক্ষুব্ধস্বরে বলেন, আজ তোমার মনের অবস্থা চঞ্চল, তাই এমন সব অদ্ভুত কথা বলতে পারছ। বেশ, আজ রাতটা থাকতে ইচ্ছে হয় থাকো এখানে, খুকুকে পাঠিয়ে দিচ্ছি। রাতে তোমার কাছছাড়া হয়ে সে কখনো থাকতে পারে?
অতসী বোঝে, মৃগাঙ্ক আবার সমস্তটাই সহজ করে নিতে চাইছেন, লঘু করে নিতে চাইছেন। তাই দৃঢ় স্বরে বলে, খুকুর মা এইমাত্র মোটর অ্যাকসিডেন্টে মারা গেছে।
তবু মৃগাঙ্ক বলেন, অতসী তোমার সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে, একমাত্র অপরাধী হয়তো আমিই। তাই যদি হয়, আমি হাতজোড় করে ক্ষমা চাইছি।
