শফিক ভাই কোন কথা বললেন না।
রাশেদ গড়িয়ে গড়িয়ে শফিক ভাইয়ের কাছে যেতে থাকে। আমিও পিছু পিছু গেলাম। কাছে গিয়ে ডাকলাম, শফিক ভাই—
শফিক ভাই যন্ত্রণার মত শব্দ করে হপাতে হাঁপাতে বললেন, যাও কাভার দাও।
কাভার?
হ্যাঁ, তাড়াতাড়ি।
আমরা বুঝতে পারলাম শফিক ভাই আমাদের গুলী করতে বলছেন। আমি বললাম, কিন্তু আপনি –
তাড়াতাড়ি।
আমি আর রাশেদ গুড়ি মেরে এস.এম.জি.টার দিকে এগিয়ে যাই। সেটাকে শক্ত করে চেপে রেখে ট্রিগার টেনে ধরলাম, সাথে সাথে ভয়ংকর ককশ শব্দ করে পুরো এস.এম.জি.টা জীবন্ত কোন প্রাণীর মত ঝাকুনি দিয়ে কেঁপে কেঁপে উঠল। ভিতর থেকে গুলী বের হয়ে এল আগুনের হালকার মত।
আরেকটু নিচে, ডান দিকে। শফিক ভাইয়ের কথা বলতে কষ্ট হচ্ছিল। নিঃশ্বাস নিয়ে বললেন, সিঁড়ির দিকে এইম কর।
আমরা সিঁড়ির দিকে নিশানা করে আবার ট্রিগার টেনে ধরলাম। সাথে সাথে ভয়ংকর শব্দ করে আবার গুলী বের হতে থাকে, থারথার করে কাঁপতে থাকে মেশিন গান। সিঁড়ি বেয়ে একজন উপরে ওঠার চেষ্টা করছিল। হঠাৎ সে লাফিয়ে সরে গেল।
থাম। এখন থাম।
আমরা থামলাম।
শফিক ভাই আবার একটা কাতর শব্দ করে বললেন, আবার। এখন আবার শুরু কর।
আমি আবার ট্রিগার টেনে ধরলাম। ভয়ংকর শব্দ করে আবার মেশিন গানটা থর থর করে কাঁপতে থাকে। গুলীর বৃষ্টি হতে থাকে তার ভেতর থেকে। প্রচণ্ড দম বন্ধ করা আতংকটা আর নেই। শুধু আতংক নয় দুঃখ কষ্ট ব্যথা কোন কিছু নেই। মাথার মাঝে কেমন জানি ভোতা একটা ভাব। যেন কিছু হলেই আর কিছু আসে যায় না। যেন এর কোন শুরু ছিল না যেন এর কোন শেষ নেই। যেন এখানে এইভাবে ট্রিগরি টেনে ধরে রাখাটাই হচ্ছে আমাদের জীবন। এর বাইরে কিছু ছিল না। কিছু থাকবে না।
থাম। এখন থাম।
আমরা থামলাম। আর ঠিক তখন প্রচণ্ড বিস্ফোরণে চারিদিক আলো হয়ে গেল। আমরা গরম বাতাসের একটা ঝাপটা অনুভব করলাম। মনে হল পুরো বিশ্ব ব্ৰহ্মাণ্ড বুঝি ফেটে চোঁচির হয়ে গেল। একটা বিস্ফোরণ শেষ হতেই আরেকটা, তারপর আরেকটা, তারপর আরেকটা।
শফিক ভাই ক্লান্ত স্বরে বললেন, জব ওয়েলডান।
আপনার কি হয়েছে?
গুলী লেগেছে।
কোথায়?
পায়ে। এস.এম.জি.-তে লেগে ছিটকে এসেছে। ব্রিডিং হচ্ছে। হাড় ভেঙেছে কি না। বুঝতে পারছি না।
শফিক ভাই যন্ত্ৰণার মত শব্দ করে পাটা নড়ানোর চেষ্টা করলেন। পারলেন না। ওঠার চেষ্টা করে ধ্রুপ করে পড়ে গেলেন। কাতর শব্দ করে পকেট থেকে একটা রুমাল বের করে পায়ের উপর শক্ত করে বাধলেন। তারপর দেয়ালে হেলান দিয়ে ক্লান্ত স্বরে বললেন, কি একটা ঝামেলা!
শফিক ভাই বাইরে তাকালেন। এখনো ছাড়াছাড়া ভাবে বিস্ফোরণ হচ্ছে। চারদিকে আগুন লেগে গেছে, তার মাঝে মানুষজন ছুটাছুটি করছে। চারদিকে চিৎকার হৈ-চৈ। শফিক বাইরে তাকিয়ে থাকতে হঠাৎ কি যেন দেখে চমকে উঠলেন। আমাদের দিকে ঘুরে বললেন, তোমরা যাও। এক্ষুনি যাও।
যাব?
হ্যাঁ, এক্ষুনি। তাড়াতাড়ি যাও।
কিন্তু আপনি।
শফিক ভাই ক্ষিপ্ত স্বরে বললেন, আমার কথা তোমাদের ভাবতে হবে না। তোমরা যাও এক্ষুনি। মিলিটারী আসছে পালাও —
কিন্তু আপনাকে ছেড়ে —
শফিক ভাই বললেন, আমার দায়িত্ব আমি নেব। তোমরা যাও এই মুহূর্তে। রাইট নাও!
কিন্তু –
শফিক ভাই এবারে চিৎকার করে বললেন, তোমরা যাও। দিস ইজ এন অর্ডার।
আমরা উঠে দাঁড়ালাম। কিছু আর ভাবতে পারছি না। কেমন একটা ঘোরের মাঝে বের হয়ে এলাম। চারিদিকে আগুন জ্বলছে। আগুনের শিখায় সবকিছু কেমন যেন অবাস্তব মনে হচ্ছে। মানুষজন চিৎকার করে ছুটাছুটি করছে। একজন মানুষ তার বাচ্চাকে বুকে চেপে ছুটে যাচ্ছে, পিছনে পিছনে তার স্ত্রী! কি ভয়ংকর আতংক তার মুখে।
হঠাৎ আমরা থমকে দাঁড়ালাম। মিলিটারীর একটা দল ছুটে আসছে, সাথে কিছু রাজাকার। আমাদের পাশ কাটিয়ে ছুটে গেল সবগুলি। ওরা নূর মুহম্মদের বেকারীর দিকে ছুটে যাচ্ছে। কিছু একটা কি টের পেয়েছে ওরা?
১৫. আমি যখন বাসায় ফিরে এলাম
আমি যখন বাসায় ফিরে এলাম তখন আকাশটা একটু একটু ফর্সা হয়ে উঠেছে। আমাদের বাসার বারান্দায় অনেক মানুষ, সবাই পূর্বদিকে তাকিয়ে আগুন দেখছে। আমি ভেবেছিলাম আমাকে দেখে সবাই ছুটে এসে জিজ্ঞেস করবে। আমি কোথায় ছিলাম। কিন্তু আমাকে কেউ কিছু জিজ্ঞেস করল না। দেখলাম আরো কিছু ছোট বাচ্চা উঠে এসে দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে। বড়রা উত্তেজিত হয়ে কথাবার্তা বলছে, সবার মাঝে কেমন জানি এক রকমের আনন্দের ভাব। আমাকে দেখে আম্মা বললেন, যাও ইবু এখন গিয়ে শুয়ে পড়। যুদ্ধ শেষ।
আমি তখন বুঝতে পারলাম আব্বা আম্মা টের পাননি। আমি বাসায় ছিলাম না এবং এই মাত্র ফিরে এসেছি। ভেবেছেন আমি বাসাতেই ছিলাম যখন গোলাগুলীর শব্দে সবাই বের হয়ে এসেছে তখন আমিও বের হয়েছি। যদি সবকিছু ভালীয় ভালয় শেষ হত তাহলে এর থেকে ভাল আর কিছু হতে পারত না। কিন্তু সব কিছু ভালয় ভালয় শেষ হয়নি। শফিক ভাই গুলী খেয়ে নূর মুহম্মদের বেকারীর ছাদে পড়ে আছেন, জানি না। তিনি সরে পড়তে পেরেছেন কি না, কিংবা লুকিয়ে পড়তে পেরেছেন। কিনা। এত বড় একটা খবর আমি নিজের ভিতর কেমন করে চেপে রাখি? আমার ইচ্ছে হচ্ছিল। কেউ আমাকে জিজ্ঞেস করুক আর আমি তাকে বলি! কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করল না। আমি শুনলাম আব্বা অরু আপার আব্বাকে বলছেন, তার মানে মুক্তিযুদ্ধ এখন আর র্যানডম ঘটনা না। মনে হচ্ছে ভালভাবে অর্গানাইজড হয়েছে।
